শিশুদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের মধ্যে জনপ্রিয় যোগাযোগমাধ্যম ডিসকর্ডের সরাসরি সম্প্রচার সুবিধা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে ব্রাজিলের জাতীয় তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মটিতে সম্প্রচারের সময় ১৩ বছর বয়সী এক কিশোরীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রাজিলের জাতীয় তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ গত ৭ আগস্ট ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে। অভিযোগ অনুযায়ী, ডিসকর্ডের একটি ব্যক্তিগত গোষ্ঠীতে থাকা কয়েকজন ব্যবহারকারী ওই কিশোরীকে নিজের জীবন শেষ করতে চাপ দিয়েছিলেন। পরে তার মৃত্যু হয়।
তিন দিনের মধ্যে মানতে হবে নির্দেশ
ডিসকর্ডে বিভিন্ন আগ্রহভিত্তিক গোষ্ঠী তৈরি ও তাতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি ব্যবহারকারীরা সরাসরি কণ্ঠ ও ভিডিও যোগাযোগ এবং ‘গো লাইভ’ সুবিধার মাধ্যমে সম্প্রচার করতে পারেন। বিশেষ করে খেলাধুলাভিত্তিক ভিডিও গেম ব্যবহারকারীদের মধ্যে প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা ব্যাপক।
ব্রাজিলের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ডিসকর্ডকে তিন দিনের মধ্যে সরাসরি সম্প্রচার সুবিধা স্থগিত করতে হবে। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য প্রতিষ্ঠানটি ১০ কর্মদিবস সময় পাবে। নির্দেশ অমান্য করলে প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫ কোটি ব্রাজিলীয় রিয়াল, যা প্রায় ৯৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ, জরিমানা হতে পারে।

সরাসরি সম্প্রচার পর্যবেক্ষণে সীমাবদ্ধতা
তদন্তে কর্তৃপক্ষ দেখতে পেয়েছে, ডিসকর্ড সরাসরি সম্প্রচার করা বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে দেখতে বা পর্যবেক্ষণ করতে পারে না। ফলে সম্ভাব্য ক্ষতিকর বা বেআইনি কর্মকাণ্ড স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার সক্ষমতাও সীমিত।
কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু ও কিশোরদের জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা চালু করার প্রমাণ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করাও সম্ভাব্য সুরক্ষা ব্যবস্থার মধ্যে থাকতে পারে।
ডিসকর্ডের বক্তব্য
ডিসকর্ড জানিয়েছে, তারা ব্রাজিলের কর্তৃপক্ষের সিদ্ধান্তটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং ব্যবহারকারীদের নিরাপত্তার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, সহিংসতাকে উৎসাহিত বা প্রচার করে এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ডিসকর্ডে জায়গা নেই। ঘটনাটির সঙ্গে যুক্ত ব্যক্তিগত, আমন্ত্রণনির্ভর গোষ্ঠীটি শনাক্ত করার পর দ্রুত তদন্ত চালিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও জানায় প্রতিষ্ঠানটি।

ডিসকর্ড আরও জানিয়েছে, কিশোরীর মৃত্যুর সঙ্গে যুক্ত অপরাধমূলক কর্মকাণ্ডের কিছু অংশ ওই গোষ্ঠী তৈরির আগেই অন্য প্ল্যাটফর্মে সমন্বয় করা হয়েছিল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিসকর্ড থেকে নিষিদ্ধ করার পরও অন্য প্ল্যাটফর্মে তা চলতে থাকে। মামলার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি।
ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্বজুড়ে মাসে ২০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে ডিসকর্ডের। শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ব্রাজিলের এই সিদ্ধান্ত প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর ওপর আরও কঠোর নজরদারির বিষয়টি সামনে এনেছে।
ডিসকর্ডের সরাসরি সম্প্রচার বন্ধের নির্দেশের পাশাপাশি শিশুদের নিরাপত্তায় কার্যকর বয়স যাচাই ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই এখন ব্রাজিলের কর্তৃপক্ষের প্রধান দাবি।
সারাক্ষণ রিপোর্ট 


















