সফল বসন্ত উৎসবের ধারাবাহিকতায় ২০২৭ সালেও পাকিস্তানের লাহোরে বসছে তিন দিনের ‘বসন্ত লাহোর’। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ মঙ্গলবার ঘোষণা করেছেন, আগামী বছরের ১২ থেকে ১৪ মার্চ পর্যন্ত লাহোরজুড়ে চলবে এই উৎসব।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মরিয়ম নওয়াজ বলেন, বসন্ত উৎসব ঘিরে লাহোর আবারও রং, সংস্কৃতি, উৎসব, সংগীত, প্রাণচাঞ্চল্য ও ঐতিহ্যবাহী আতিথেয়তায় মুখর হয়ে উঠবে। পাঞ্জাব ও পাকিস্তানের তরুণদের উদ্দেশে তিনি উৎসবে অংশ নিয়ে একসঙ্গে আনন্দ ভাগাভাগি এবং স্মরণীয় মুহূর্ত তৈরির আহ্বান জানান।
প্রবাসীদেরও লাহোরে আমন্ত্রণ
প্রবাসী পাকিস্তানি ও আন্তর্জাতিক অতিথিদেরও আগামী বছরের উৎসবের তারিখ ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখার আহ্বান জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, লাহোরের রং ও উৎসবের উষ্ণতা উপভোগ করতে প্রবাসী পাকিস্তানিদের দেশে ফিরে আসা উচিত।

মরিয়ম নওয়াজ আশা প্রকাশ করেন, সম্মিলিত অংশগ্রহণে বসন্ত ২০২৭ আরও বড় সাফল্যে পরিণত হবে এবং এটি স্মরণীয় একটি উৎসব হিসেবে জায়গা করে নেবে। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, বিশেষ এই আয়োজনের জন্য লাহোর তাদের স্বাগত জানাতে প্রস্তুত থাকবে।
দুই দশকের বেশি সময় পর ফিরেছিল বসন্ত
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দশকেরও বেশি সময় পর লাহোরে আনুষ্ঠানিকভাবে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। পাঞ্জাব সরকার ঘুড়ি ওড়ানোর ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর কঠোর নিয়মের মধ্যে তিন দিনের ওই আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল।
বসন্তকে কেন্দ্র করে প্রাদেশিক রাজধানীজুড়ে তৈরি হয়েছিল উৎসবের আবহ। সড়ক ও বিভিন্ন এলাকা আলোকসজ্জা ও সাজসজ্জায় সেজে উঠেছিল। ছাদে ছাদে জমেছিল মানুষের সমাগম, আর রাত গভীর পর্যন্ত চলেছিল নানা আয়োজন ও উদযাপন।

জনসমাগম সামলাতে পরিবহনেও বিশেষ উদ্যোগ
২০২৬ সালের বসন্ত উৎসব উপলক্ষে পাঞ্জাব সরকার সাধারণ মানুষের চলাচল সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল বিনামূল্যে পরিবহনসেবা।
পাঞ্জাবের জ্যেষ্ঠ প্রাদেশিক মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ওই আয়োজনকে লাহোর ও পাকিস্তানের জন্য একটি সাফল্য হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আগামী বছর আরও প্রাণবন্ত বসন্ত উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিন দিনের উৎসবে প্রায় ২০ লাখ মানুষ সরকারি পরিবহনসেবা ব্যবহার করেন। একই সময়ে প্রায় ১০ লাখ যানবাহন পাঞ্জাবে প্রবেশ করে। সেই সাফল্যের পরই ২০২৭ সালের জন্য নতুন আয়োজনের ঘোষণা এলো।
সারাক্ষণ রিপোর্ট 



















