চুয়াডাঙ্গা পৌর এলাকায় মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাহান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার হাটকালুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

দুপুরে কর্মস্থল ও ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন শাহজাহান আলী। হাটকালুগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিবাহী ট্রাক্টরটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।












