সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে হুতিদের চালানো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার আল খুরাইস এলাকায় সৌদি আরামকোর একটি স্থাপনায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহত বাংলাদেশির নাম মো. সজীব হোসেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা। তবে তার বয়স, সৌদি আরবে তিনি কী কাজ করতেন এবং হামলার সময় ঠিক কোথায় ছিলেন—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সজীব হোসেনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস ইতোমধ্যে সজীবের পরিবারের সদস্য ও তার নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
সজীবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস। মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়াতেও দূতাবাস সহযোগিতা করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।












