আগামী ১৫ অক্টোবর থেকে দেশের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ নিশ্চিত করতে জাতীয় ব্যাংক পিএলসিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুযায়ী যেন তারা নিজেদের আমানত থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে জাতীয় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হকের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বৈঠকে গভর্নর আমানতকারীদের প্রয়োজন অনুযায়ী নগদ অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। জাতীয় ব্যাংকের নগদ অর্থের ঘাটতি বা অন্য কোনো সমস্যা দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং গ্রাহকদের অর্থ উত্তোলনের চাহিদার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। এ অবস্থায় আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখা এবং ব্যাংকের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে জাতীয় ব্যাংকের ব্যবস্থাপনাকে নির্দেশ দিয়েছেন গভর্নর।
বৈঠকে জাতীয় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ ও হস্তক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় অগ্রগতি হয়েছে। একই সঙ্গে ব্যাংকের সামগ্রিক কার্যকারিতা ও কর্মদক্ষতা বাড়াতে জ্যেষ্ঠ ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলে তিনি জানান।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরওয়ার হোসেন এবং মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।












