নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ জন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়।

নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নাটোরের জেলা প্রশাসক শুমনি আক্তার হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর উদ্ধার করা আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বানপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, বরিশাল থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ ও হতাহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।












