২০২৬ সালের ফর্মুলা ওয়ান মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে ফরাসি চালক পিয়ের গ্যাসলি যে হেলমেট পরে ট্র্যাকে নামবেন, সেটির নকশা করছেন কাতারের শিল্পী হেসা আল খুজাই। কাতার, কানাডা ও মেক্সিকোর ২০২৬ সালের ‘ইয়ার অব কালচার’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেসের আগে হেলমেটটির চূড়ান্ত নকশা প্রকাশ করা হবে।
গ্যাসলি বিএডব্লিউটি আলপাইন ফর্মুলা ওয়ান দলের চালক। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত মেক্সিকো সিটির অটোড্রোমো হারমানোস রদ্রিগেজে অনুষ্ঠিত রেস উইকএন্ডে তিনি বিশেষভাবে নকশা করা হেলমেটটি ব্যবহার করবেন। ‘ইয়ার অব কালচার’ কর্মসূচির আয়োজকেরা এই প্রকল্পের মাধ্যমে মোটরস্পোর্টসের সঙ্গে সমকালীন শিল্প ও সাংস্কৃতিক বিনিময়কে যুক্ত করতে চাইছেন।
নকশায় মেক্সিকোর নাচ ও কাতারের মরুভূমি

হেসা আল খুজাইয়ের নকশার মূল ভাবনা একটি বৃত্তাকার প্রবাহ বা লুপ। রেসিং সার্কিটের বাঁক ও গতিশীল আকৃতি থেকে তিনি এই ধারণা পেয়েছেন। তাঁর মতে, এই আকারের মধ্যে গতি, ছন্দ ও সংযোগের ভাব প্রকাশ পায়।
নকশাটি তৈরি করতে গিয়ে তিনি মেক্সিকোর ঐতিহ্যবাহী নাচের রঙিন ওড়না বা স্কার্টের ঢেউখেলানো গতির সঙ্গে কাতারের মরুভূমির বালিয়াড়ির বাঁককে মিলিয়েছেন। পাশাপাশি কাতারের আল সাদু বয়নশিল্প এবং মেক্সিকোর ঐতিহ্যবাহী বস্ত্রের জ্যামিতিক নকশা থেকেও অনুপ্রেরণা নিয়েছেন।
হেসা আল খুজাই বলেন, মেক্সিকোর ঐতিহ্যবাহী নাচের সময় নৃত্যশিল্পীদের রঙিন স্কার্ট যেভাবে ঘুরে ঘুরে নানা আকৃতি তৈরি করে, তা তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। সেই গতির সঙ্গে কাতারের বালিয়াড়ির প্রবাহমান আকৃতি মিলিয়ে রং ও তুলির আঁচড়ের মাধ্যমে হেলমেটের চারপাশে নকশা সাজানোর পরিকল্পনা করেছেন তিনি।
আন্তর্জাতিক পরিসরে কাতারি শিল্পীর কাজ
দোহাভিত্তিক শিল্পী হেসা আল খুজাই চিত্রকলা, অভ্যন্তরীণ নকশা, আলোকচিত্র ও গবেষণার সঙ্গে যুক্ত। তাঁর কাজের মূল বিষয় প্রকৃতি, পরিচয়, নিজস্বতা এবং মানুষের সঙ্গে বিভিন্ন স্থানের সম্পর্ক।

কাতার ছাড়াও আজারবাইজান, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। ২০২৫ সালে কাতার মিউজিয়ামসের উদ্যোগে নিউইয়র্কের ইন্টারন্যাশনাল স্টুডিও অ্যান্ড কিউরেটোরিয়াল প্রোগ্রামে শিল্পী আবাসন কর্মসূচিও সম্পন্ন করেন তিনি।
লাতিন আমেরিকাবিষয়ক ‘ইয়ার অব কালচার’-এর উপদেষ্টা মোহাম্মদ জাসিম আল কুয়ারি বলেন, সংস্কৃতি মানুষের জীবনযাপনের অংশ এবং মানুষের জীবনে অর্থবহ অভিজ্ঞতা তৈরি করে। সাংস্কৃতিক বিনিময় দীর্ঘস্থায়ী করতে হলে তা মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন।
তাঁর মতে, খেলাধুলা ও সৃজনশীলতার মধ্য দিয়ে যে ইতিবাচক অনুভূতি তৈরি হয়, এ ধরনের উদ্যোগ তার ভিত্তিতে মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারে। গ্যাসলির হেলমেট নকশার মতো সহযোগিতার মাধ্যমে সেই সংযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে।
গ্যাসলির হেলমেটে কাতারি শিল্পীদের ধারাবাহিকতা

মেক্সিকো গ্রাঁ প্রির এই উদ্যোগ পিয়ের গ্যাসলির সঙ্গে ‘ইয়ার অব কালচার’-এর চলমান সহযোগিতার অংশ। মোটরস্পোর্টসের বহুল দৃশ্যমান একটি উপকরণ—চালকের হেলমেট—ব্যবহার করে বিভিন্ন দেশের শিল্পীদের সাংস্কৃতিক গল্প তুলে ধরাই এ প্রকল্পের লক্ষ্য।
এর আগে চলতি মৌসুমে কানাডিয়ান গ্রাঁ প্রির জন্য গ্যাসলির হেলমেটের নকশা করেছিলেন কাতারি শিল্পী গাদা আল সুওয়াইদি। কানাডা ও মেক্সিকোর এই দুই প্রকল্পের মাধ্যমে কাতারের সমকালীন শিল্পী এবং তাঁদের কাজ আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে।
মেক্সিকো গ্রাঁ প্রিতে গ্যাসলির হেলমেটে কাতার ও মেক্সিকোর শিল্প-ঐতিহ্যের এই মেলবন্ধন নতুন করে সাংস্কৃতিক বিনিময়ের একটি দৃশ্যমান উদাহরণ হয়ে উঠবে।
মেক্সিকো গ্রাঁ প্রিতে পিয়ের গ্যাসলির হেলমেট নকশা করছেন কাতারি শিল্পী হেসা আল খুজাই। এতে কাতার ও মেক্সিকোর শিল্প-ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে।












