নারায়ণগঞ্জে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকরা। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন তাঁরা। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিকেল পৌনে ৩টার দিকে শিবু মার্কেট এলাকায় শ্রমিকরা জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা পুলিশের দেওয়া ব্যারিকেড ঠেলে সামনে এগিয়ে যান। শ্রমিকদের মূল সড়কে যেতে বাধা দিতে পুলিশ সদস্যরা মানবপ্রাচীর তৈরি করলেও তা অতিক্রম করে তাঁরা লিংক রোডে অবস্থান নেন।
লিংক রোড অবরোধ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অন্তত চার প্লাটুন সদস্য রয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা থাকলেও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
লিংক রোড অবরোধের আগে সকালে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ের সামনেও পুলিশ অবস্থান নেয়। এদিকে শহরের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে।












