ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ ভারতে ফিরতে শুরু করেছেন। তাঁদের অনেকে কলকাতায় অবস্থান নিয়ে দলীয় বৈঠক ও সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন। শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁরা। অন্যদিকে, বিভিন্ন দেশে থাকা আরও কয়েক হাজার নেতা-কর্মী তাঁর ফেরার দিন বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
কলকাতায় দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে দলীয় পর্যায়ে প্রস্তুতি চলছে। এদিকে, বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডও কার্যকর হতে পারে। তবে এমন পরিণতির আশঙ্কা থাকলেও তিনি দেশে ফিরতে প্রস্তুত। নিরাপত্তার জন্য ভারত বা যুক্তরাষ্ট্রের সহায়তা চাইবেন কি না, এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, কোনো বিদেশি শক্তির কাছে সহায়তা চাননি।
লন্ডন থেকে দেশে ফেরার পরিকল্পনা ঘোষণা?
আওয়ামী লীগের নেতাদের ভাষ্য অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি অথবা মাসের শেষ দিকে পশ্চিমা সংবাদমাধ্যমের সাংবাদিকদের নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করতে পারেন শেখ হাসিনা। লন্ডনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে তিনি দেশে ফেরার সম্ভাব্য তারিখ ও পরিকল্পনা তুলে ধরতে পারেন।
লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, সংবাদ সম্মেলনের প্রস্তুতি শেষ হলে আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এখন সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
কলকাতায় জড়ো হচ্ছেন যেসব জ্যেষ্ঠ নেতা
সম্প্রতি ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতায় পৌঁছেছেন। সেখানে আগে থেকে অবস্থান করা জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তাঁদের নিয়মিত বৈঠক হচ্ছে। পাশাপাশি সাংগঠনিক কর্মসূচি নিয়েও আলোচনা চলছে।
কলকাতার বৈঠকগুলোতে সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, এ কে এম মোজাম্মেল হক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অংশ নিচ্ছেন। রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মির্জা আজম, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, সুজিত রায় নন্দী ও শেখ হেলাল উদ্দিন।
এ ছাড়া সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও নিজাম উদ্দিন হাজারীও এসব বৈঠকে রয়েছেন।
সম্প্রতি কলকাতায় গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাবেক মন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার।
আবদুর রহমান জানিয়েছেন, নেতারা কলকাতায় অবস্থান করছেন এবং শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
খালিদ মাহমুদ চৌধুরীর দাবি, বিদেশে থাকা কয়েক হাজার নেতা-কর্মী একসঙ্গে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে শামীম ওসমান বলেছেন, হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তাঁরা আশা করছেন।
যুবলীগ ও ছাত্রলীগের নেতারাও কলকাতায়
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাদের মধ্যেও তৎপরতা দেখা যাচ্ছে।
কলকাতার বৈঠকগুলোতে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অংশ নিচ্ছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও সেখানে রয়েছেন।
দলীয় কর্মসূচি, সাংগঠনিক যোগাযোগ এবং দেশে ফেরার প্রস্তুতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
বিভিন্ন দেশে অবস্থান করছেন আরও যেসব নেতা
আওয়ামী লীগের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা এখনো বিভিন্ন দেশে অবস্থান করছেন। সাবেক মন্ত্রী এস এম রেজাউল করিম লন্ডন ও কলকাতার মধ্যে যাতায়াত করছেন। সাবেক মন্ত্রী এনামুল হক শামীম, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুক্তরাষ্ট্রে রয়েছেন।
সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন লন্ডনে, হাসান মাহমুদ চৌধুরী বেলজিয়ামে এবং নসরুল হামিদ বিপু থাইল্যান্ডে অবস্থান করছেন। দলীয় সূত্রের দাবি, তাঁরাও যেকোনো সময় কলকাতায় যেতে পারেন।
এর আগে নেপালে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা বিভিন্ন সমস্যার কারণে সেখান থেকে ভারতসহ অন্য দেশে চলে গেছেন। তাঁরাও কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
পাসপোর্ট ও ট্রাভেল পাস নিয়ে অনিশ্চয়তা
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাঁর ভ্রমণ নথি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। ফলে প্রয়োজনীয় ভ্রমণ নথি ছাড়া তিনি কীভাবে বাংলাদেশে ফিরবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, দেশে ফেরার বিকল্প ব্যবস্থা তাঁদের রয়েছে। যদিও সেই ব্যবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তাঁরা।
লন্ডনে অবস্থানরত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সরকার পাসপোর্ট বা ট্রাভেল পাস না দিলেও শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। তাঁর ফেরার পথে বাধা দেওয়া হলে সরকার অস্তিত্ব সংকটে পড়বে বলেও তিনি মন্তব্য করেছেন।
দেশে থাকা নেতা-কর্মীদের রাজপথে নামার প্রস্তুতি
বিদেশে অবস্থানরত নেতাদের পাশাপাশি দেশের ভেতরেও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী ইতিমধ্যে দেশে ফিরেছেন বলে দলীয় সূত্রের দাবি। তাঁরা প্রকাশ্যে না এসে নিজ নিজ এলাকায় সাংগঠনিক যোগাযোগ বজায় রাখছেন এবং অনলাইনে কর্মীদের সঙ্গে আলোচনা করছেন।
দলটির কেন্দ্রীয় নেতৃত্ব শেখ হাসিনার দেশে ফেরার দিন নেতা-কর্মীদের একযোগে রাজপথে নামার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। তবে কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি। কয়েকজন জেলা পর্যায়ের নেতার ভাষ্য, এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা শেখ হাসিনাই দেবেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনের সদস্যদের অনলাইনে তৎপরতা অব্যাহত রয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার মতো কর্মকাণ্ডে তাঁদের জড়িত থাকার অভিযোগও রয়েছে।












