রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পান তাঁরা। পরে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক আব্দুল হামিদ জানান, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ প্রান্তে সোহাগ পরিবহনের বাসটি পার্ক করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়।
আগুন লাগার কারণ এবং এ ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।












