খাদ্যাভ্যাসে পরিবর্তন, ওজন কমানো এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি রোগটি সাময়িকভাবে উপশমের পর্যায়েও নেওয়া সম্ভব। নতুন এক গবেষণায় টাইপ-২ ডায়াবেটিস উপশমের হার দেখা গেছে অল্প বয়সীদের মধ্যে। নিবিড় খাদ্যাভ্যাস ও ব্যায়াম কর্মসূচি অনুসরণ করে অল্প বয়সে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অর্ধেকেরও বেশি ছয় মাসের মধ্যে রোগটির উপশম অর্জন করেছেন।
গত ১ অক্টোবর চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট রিজিওনাল হেলথ–আমেরিকাসে গবেষণাটি প্রকাশিত হয়। কানাডা ও যুক্তরাজ্যের তিনটি বিশেষায়িত কেন্দ্রে পরিচালিত এই গবেষণায় ১৮ থেকে ৪৫ বছর বয়সী ৯৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের সবার স্থূলতা ছিল এবং আগের ছয় বছরের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হয়েছিল। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল প্রায় ৩৮ বছর। তাঁদের গড়ে দুই বছরের কিছু বেশি সময় ধরে ডায়াবেটিস ছিল।
ছয় মাসে অর্ধেকের বেশি রোগীর টাইপ-২ ডায়াবেটিস উপশম
অংশগ্রহণকারীদের দৈবচয়নের ভিত্তিতে দুটি দলে ভাগ করা হয়। একটি দলকে কঠোর খাদ্যনিয়ন্ত্রণ ও পরিকল্পিত ব্যায়ামের কর্মসূচিতে রাখা হয়। অন্য দল স্বাভাবিক চিকিৎসা চালিয়ে যায়। ছয় মাস পর দেখা যায়, নিবিড় কর্মসূচিতে থাকা ব্যক্তিদের ৫৪ শতাংশের ডায়াবেটিস উপশমের পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে স্বাভাবিক চিকিৎসা নেওয়া দলের ক্ষেত্রে এই হার ছিল মাত্র ৪ শতাংশ।
গবেষণায় ডায়াবেটিস উপশম বলতে বোঝানো হয়েছে, রক্তে দীর্ঘমেয়াদি শর্করার মাত্রা নির্দেশক এইচবিএ১সি ৬ দশমিক ৫ শতাংশের নিচে নেমে আসা এবং অন্তত তিন মাস কোনো শর্করা কমানোর ওষুধ ছাড়াই সেই মাত্রা বজায় থাকা। তবে উপশম মানেই ডায়াবেটিস পুরোপুরি সেরে যাওয়া নয়। এ অবস্থায় পৌঁছানোর পরও নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি।
কীভাবে কমেছে ওজন
নিবিড় কর্মসূচিতে থাকা ব্যক্তিরা স্বাভাবিক চিকিৎসা নেওয়া দলের তুলনায় গড়ে প্রায় ৭ দশমিক ৫ কেজি বেশি ওজন কমিয়েছেন। তাঁদের শরীরের চর্বির পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রথম ১২ সপ্তাহ তাঁদের দৈনিক খাবারের পরিমাণ ৮০০ থেকে ৯০০ ক্যালরির মধ্যে সীমিত রাখা হয়। প্রথম দুই সপ্তাহ তাঁরা মূলত নির্ধারিত বিকল্প খাবার গ্রহণ করেন। এরপর প্রতিদিন একটি স্বাভাবিক খাবার যুক্ত করা হলেও মোট ক্যালরির সীমা বজায় রাখা হয়।
তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয় নিয়মিত ব্যায়াম। সপ্তাহে দুই দিন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শরীরচর্চা করানো হয়। এতে হাঁটা বা দৌড়ানোর মতো শারীরিক পরিশ্রমের পাশাপাশি ভারোত্তোলন ও ব্যায়ামের যন্ত্র ব্যবহার করে পেশি শক্তিশালী করার অনুশীলন ছিল। এ ছাড়া সপ্তাহে আরও এক দিন নিজেরা ব্যায়াম করেন অংশগ্রহণকারীরা। পরবর্তী ১২ সপ্তাহে ধীরে ধীরে স্বাভাবিক খাবারে ফিরিয়ে আনা হয় তাঁদের। তবে কমানো ওজন ধরে রাখার জন্য খাদ্যাভ্যাস ও ব্যায়াম চালিয়ে যেতে বলা হয়। পুরো সময় চিকিৎসক, পুষ্টিবিদ ও ব্যায়াম বিশেষজ্ঞদের সহায়তা দেওয়া হয়। পাশাপাশি রক্তে শর্করা ও রক্তচাপ পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ওষুধের মাত্রা সমন্বয় করা হয়।
পেশি শক্তিশালী রাখাও কেন জরুরি
গবেষণায় শুধু ওজন কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়নি। বরং ওজন কমানোর সময় পেশির শক্তি ও পরিমাণ ধরে রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পেশি রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাবার গ্রহণের পর ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজ পেশিকোষে পৌঁছে দিতে সাহায্য করে। টাইপ-২ ডায়াবেটিসে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ায় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। নিয়মিত ব্যায়াম পেশিকে রক্ত থেকে গ্লুকোজ গ্রহণে সহায়তা করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে পারে।
অন্যদিকে দ্রুত ওজন কমানোর সময় শরীরের চর্বির পাশাপাশি পেশিও কমে যেতে পারে। এতে শারীরিক শক্তি ও বিপাকীয় কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। গবেষণায় দেখা গেছে, নিবিড় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের শরীরের চর্বি উল্লেখযোগ্যভাবে কমলেও পেশির পরিমাণ স্বাভাবিক চিকিৎসা নেওয়া দলের তুলনায় অতিরিক্ত কমেনি। তাঁদের হাতের মুঠোর শক্তিও প্রায় ৮ শতাংশ বেড়েছে।
নিজের ইচ্ছায় কঠোর খাদ্যনিয়ন্ত্রণ বিপজ্জনক
গবেষণার ফল আশাব্যঞ্জক হলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই কর্মসূচি সবার জন্য উপযোগী নয়। প্রতিদিন মাত্র ৮০০ থেকে ৯০০ ক্যালরি গ্রহণ অত্যন্ত কঠোর খাদ্যনিয়ন্ত্রণ। চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধান ছাড়া এমন খাদ্যাভ্যাস অনুসরণ করা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যারা ইনসুলিন কিংবা সালফোনাইলইউরিয়া শ্রেণির ওষুধ গ্রহণ করেন, তাঁদের খাবার হঠাৎ কমিয়ে দিলে রক্তে শর্করা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। তাই খাদ্যাভ্যাসে বড় পরিবর্তনের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা এবং প্রয়োজন অনুযায়ী ওষুধের মাত্রা সমন্বয় করা জরুরি।
তুলনামূলক সহজ উপায়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেও উপকার পাওয়া সম্ভব। মিষ্টি পানীয় ও পরিশোধিত শর্করাজাতীয় খাবার কমিয়ে শাকসবজি, আঁশযুক্ত খাবার এবং প্রোটিনসমৃদ্ধ খাবার বাড়ানো যেতে পারে। শারীরিক কার্যক্রমের ক্ষেত্রে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম এবং সপ্তাহে দুই দিন পেশি শক্তিশালী করার অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে।
গবেষণার সীমাবদ্ধতাও রয়েছে
গবেষণাটি আশাব্যঞ্জক হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল তুলনামূলক কম। তাঁদের সবাই ছিলেন স্থূলতায় আক্রান্ত এবং অপেক্ষাকৃত অল্প সময় আগে ডায়াবেটিস শনাক্ত হয়েছে। যাঁরা ইনসুলিন গ্রহণ করছিলেন কিংবা হৃদ্রোগ ও গুরুতর কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন, তাঁদের গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, বয়স্ক মানুষ কিংবা জটিলতায় ভোগা রোগীদের ক্ষেত্রে একই ফল পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।
এ ছাড়া গবেষণায় শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন এবং শুধু ব্যায়ামের পৃথক প্রভাব যাচাই করা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গবেষণায় অংশগ্রহণকারীদের মাত্র ছয় মাস পর্যবেক্ষণ করা হয়েছে। দীর্ঘমেয়াদে তাঁরা এই উপশম ধরে রাখতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি। আবার ওজন বেড়ে গেলে কিংবা অগ্ন্যাশয়ের ইনসুলিন তৈরির ক্ষমতা আরও কমে গেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে ডায়াবেটিস ফিরে আসতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অল্প বয়সে টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হলে দ্রুত চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে রোগের অগ্রগতি ধীর করা ও জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। তবে টাইপ-২ ডায়াবেটিস উপশমের পর ডায়াবেটিসের ওষুধ বন্ধ করা কিংবা কঠোর খাদ্যনিয়ন্ত্রণ শুরু করার সিদ্ধান্ত অবশ্যই চিকিৎসকের পরামর্শে নিতে হবে।












