হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে নতুন এক ওষুধ নিয়ে বড় আশা তৈরি হয়েছিল চিকিৎসাবিজ্ঞানে। কিন্তু দীর্ঘ সাত বছর ধরে পরীক্ষা চালানোর পর দেখা গেল, ওষুধটি রক্তে একটি বিশেষ ধরনের চর্বির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমাতে পারলেও হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা হৃদ্রোগে মৃত্যুর ঝুঁকি কমাতে পারেনি। এতে বিস্মিত হয়েছেন গবেষক ও হৃদ্রোগ বিশেষজ্ঞরা।
নোভার্টিসের তৈরি পরীক্ষামূলক ওষুধটির নাম পেলাকারসেন। রক্তে লিপোপ্রোটিন (এ) বা এলপি(এ) নামের এক ধরনের চর্বি কমানোর মাধ্যমে হৃদ্রোগের ঝুঁকি নিয়ন্ত্রণের কথা ছিল এর। কিন্তু বড় পরিসরের পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়ায় ওষুধটির উন্নয়ন কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি মানুষের শরীরে এলপি(এ)-এর মাত্রা বেশি। এটি মূলত বংশগত বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত।
সাত বছরের গবেষণায় আশাভঙ্গ
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের হৃদ্রোগ বিশেষজ্ঞ স্টিভেন নিসেন ও তাঁর সহকর্মীরা প্রায় সাত বছর ধরে এই গবেষণা চালিয়েছেন। পেলাকারসেন ওষুধের পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩৫০ জন মানুষ। তাঁদের সবার আগেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো হৃদ্রোগজনিত ঘটনা ঘটেছিল এবং রক্তে এলপি(এ)-এর মাত্রাও ছিল বেশি।
অংশগ্রহণকারীদের দুই ভাগে ভাগ করা হয়। একদলকে পেলাকারসেন এবং অন্য দলকে কোনো কার্যকর উপাদানবিহীন ওষুধ দেওয়া হয়। রোগী কিংবা গবেষক, কেউই জানতেন না কে কোন ওষুধ পাচ্ছেন। অধিকাংশ অংশগ্রহণকারীকে প্রায় পাঁচ বছর পর্যবেক্ষণে রাখা হয়। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দুই দলের প্রায় ১২ শতাংশ মানুষের গুরুতর হৃদ্রোগজনিত ঘটনা ঘটেছে। অর্থাৎ ঝুঁকি কমানোর ক্ষেত্রে কার্যত কোনো পার্থক্য পাওয়া যায়নি।
রক্তের চর্বি কমলেও কমেনি হৃদ্রোগের ঝুঁকি
পেলাকারসেন ওষুধের পরীক্ষার সবচেয়ে বিস্ময়কর দিক হলো, ওষুধটি রক্তে এলপি(এ)-এর মাত্রা গড়ে প্রায় ৭৭ শতাংশ কমাতে পেরেছে। অর্থাৎ ওষুধটি যে জৈবিক লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছিল, সেটি পূরণে সফল হয়েছে। কিন্তু হৃদ্রোগে মৃত্যু, হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা রক্তনালিতে স্টেন্ট বসানো বা বাইপাস অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা, কোনো ক্ষেত্রেই প্রত্যাশিত সুফল দেখা যায়নি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধমূলক হৃদ্রোগ বিভাগের প্রধান ফাতিমা রদ্রিগেজ ফলাফল দেখে বিস্ময় প্রকাশ করেছেন।
কেন গুরুত্বপূর্ণ এলপি(এ)?
এলপি(এ) রক্তে থাকা এক ধরনের চর্বি ও প্রোটিনের সমন্বয়ে তৈরি কণা। এর মাত্রা বেশি হলে ধমনিতে রক্ত জমাট বাঁধার প্রবণতা এবং প্রদাহ বাড়তে পারে। ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, এলপি(এ)-এর মাত্রা মূলত জিনগতভাবে নির্ধারিত হয়। যাঁদের রক্তে এর পরিমাণ সবচেয়ে বেশি, তাঁদের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে কম মাত্রার মানুষের তুলনায় দুই থেকে চার গুণ বেশি হতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসক নিসেন জানিয়েছেন, তিনি ৩০-এর কোঠার এমন তরুণ রোগীও দেখেছেন, যাঁদের স্ট্রোকের পেছনে উচ্চ এলপি(এ) ছাড়া অন্য কোনো পরিচিত ঝুঁকি ছিল না।
সবার একবার পরীক্ষা করার পরামর্শ
২০২৬ সালে যুক্তরাষ্ট্রের হৃদ্রোগবিষয়ক দুটি প্রধান চিকিৎসক সংগঠন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষকে জীবনে অন্তত একবার এলপি(এ) পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। কারণ, একজন মানুষের জীবনে এলপি(এ)-এর মাত্রা সাধারণত খুব বেশি পরিবর্তিত হয় না। তবে এই পরীক্ষা নিয়ে চিকিৎসকদের মধ্যে মতভেদ রয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হৃদ্রোগ বিশেষজ্ঞ ক্যারল ওয়াটসনের মতে, কোনো ঝুঁকি শনাক্ত করার পর সেটি কমানোর কার্যকর চিকিৎসা না থাকলে সবার পরীক্ষা করানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থাকে। অন্যদিকে পরীক্ষার পক্ষের চিকিৎসকদের যুক্তি, মাত্রা জানা থাকলে সামগ্রিক ঝুঁকি নির্ধারণ সহজ হয় এবং অন্য ঝুঁকিগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া যায়।
ব্যর্থতা থেকে নতুন গবেষণার পথ
গবেষণার প্রধান নিসেন কয়েকটি সম্ভাব্য কারণের কথা বলেছেন। তাঁর মতে, পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের অনেকেই বয়সে প্রবীণ ছিলেন এবং তাঁদের হৃদ্রোগ আগেই গুরুতর পর্যায়ে পৌঁছেছিল। তাঁদের রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএলের মাত্রাও আগে থেকে নিয়ন্ত্রণে ছিল। আরেকটি সম্ভাবনা হলো, এলপি(এ)-এর মাত্রা ৭৭ শতাংশ কমানো যথেষ্ট ছিল না। দৃশ্যমান প্রভাব ফেলতে এটি ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত কমানোর প্রয়োজন হতে পারে।
আপাতত ঝুঁকি নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত ব্যায়াম, শরীরের অতিরিক্ত ওজন কমানো এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ট্যাটিনজাতীয় ওষুধও ব্যবহার করা যেতে পারে। এলপি(এ) কমানোর আরও কয়েকটি ওষুধ নিয়ে গবেষণা চলছে। নিসেন মনে করেন, এসব ওষুধের কিছু হয়তো ভবিষ্যতে সফল হতে পারে, বিশেষ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার আগেই চিকিৎসা শুরু করা গেলে। ১৯৭০-এর দশকে আবিষ্কৃত প্রথম স্ট্যাটিনজাতীয় ওষুধ কমপ্যাকটিন নিরাপত্তাজনিত সমস্যার কারণে বাজারে আসতে পারেনি। পরে উন্নত স্ট্যাটিন হৃদ্রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। পেলাকারসেন ওষুধের পরীক্ষার ব্যর্থতা তাই এলপি(এ) নিয়ে গবেষণার সমাপ্তি নয়, বরং বিজ্ঞানীদের সামনে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।












