ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান থেকে বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে পাঠানো এক চিঠিতে তাঁর পক্ষে এই আবেদন করা হয়। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
হাসিনার এই আবেদনকে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে ফেরার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাঁর সহযোগীরা।
নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে চিঠি
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দূতাবাসকে অনুরোধ করা হয়েছে।
আবেদনটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে আইনজীবীরা বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তির অধীনে তাঁর অধিকার বিবেচনার কথাও উল্লেখ করেছেন।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
দেশে ফিরলে নতুন রাজনৈতিক ও আইনি পরিস্থিতি
২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে দীর্ঘদিনের ক্ষমতা হারিয়ে ভারত চলে যান শেখ হাসিনা। এরপর তাঁর বিরুদ্ধে বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। শিক্ষার্থী-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এই রায় দেওয়া হয়। তবে নির্বাসনে থাকা অবস্থায় হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন।
তাঁর দল আওয়ামী লীগ একসময় দেশের বৃহত্তম রাজনৈতিক দল ছিল। ক্ষমতাচ্যুতির পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলের অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী হিসেবে একাধিক মেয়াদে প্রায় ২০ বছর দেশ পরিচালনা করেছেন হাসিনা। এখনো বাংলাদেশের জনসংখ্যার একটি অংশের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। ফলে তাঁর দেশে ফেরা রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে। বিশেষ করে দুই বছরের বেশি সময়ের রাজনৈতিক অস্থিরতার পর স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার।
অন্যদিকে, হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। তাঁকে আশ্রয় দেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।












