তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় সোমবার শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১। প্রায় ২০০ দেশের প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। আন্তালিয়া এক্সপো সেন্টারে সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
এবারের আলোচনায় নেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র। দেশটি সম্মেলনে অংশ নেয়নি। জ্বালানি সংকট ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই এই সম্মেলন শুরু হলো। জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা আগেই বলেছেন, বিভিন্ন দেশের সরকার এখন জলবায়ুর চেয়ে নিরাপত্তা ও অর্থনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
সম্মেলন চালাচ্ছেন কারা
সম্মেলনের আয়োজক তুরস্ক। সভাপতির দায়িত্বে আছেন দেশটির পরিবেশমন্ত্রী মুরাত কুরুম। আলোচনার সভাপতিত্ব করছে অস্ট্রেলিয়া। আয়োজনের দায়িত্ব নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ দিন বিরোধ ছিল। শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে এই ভাগাভাগি হয়।
সম্মেলনের মাঝামাঝি ১১ ও ১২ নভেম্বর আন্তালিয়ায় বসবে বিশ্ব নেতাদের শীর্ষ বৈঠক। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেবেন।
অর্থায়ন নিয়েই মূল লড়াই
তুরস্ক এবারের সম্মেলনকে বাস্তবায়নের কপ বলছে। মুরাত কুরুম বলেছেন, নতুন প্রতিশ্রুতির চেয়ে আগের সিদ্ধান্ত কাজে পরিণত করাই এখন বড় কাজ। এ জন্য অর্থায়নকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন।
জুনে অনুষ্ঠিত প্রাক-কপ আলোচনায় অর্থায়ন নিয়ে কোনো সমঝোতা হয়নি। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অবস্থান আবারও আলাদা থেকেছে। অভিযোজন-সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্যের আওতায় জলবায়ু অর্থায়ন তিন গুণ করার কথা স্পষ্টভাবে লেখার দাবি উঠেছিল। উন্নত দেশগুলো এতে আপত্তি করে। তাদের বক্তব্য ছিল, আরও ব্যাপক পদ্ধতি দরকার।
কুরুম জ্বালানি খাতেও একটি লক্ষ্য তুলে ধরেছেন। চূড়ান্ত জ্বালানি চাহিদায় বিদ্যুতের অংশ এখন ২০ শতাংশের সামান্য বেশি। তিনি ২০৩৫ সালের মধ্যে তা ৩৫ শতাংশে তুলতে চান।
গত বছরের কপ-৩০ হয়েছিল ব্রাজিলের বেলেমে। আগামী বছরের সম্মেলন হবে ইথিওপিয়ার আদ্দিস আবাবায়।












