দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মৃত্যু বেড়ে ১ হাজার ২৮৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯।
এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৪৪
গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৭ জন। এ ছাড়া ৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৪৪।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনের। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জনের।
হাসপাতালে ভর্তি ২ লাখের বেশি
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।












