ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা ক্রমেই বিস্তৃত হচ্ছে। হামলা, জমি দখল, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং কৃষকদের ফসল সংগ্রহে বাধা দেওয়ার ঘটনা এখন নতুন উদ্বেগ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন কিছু উগ্রপন্থীর কর্মকাণ্ড হিসেবে এসব সহিংসতাকে ব্যাখ্যা করে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। তবে ফিলিস্তিনি বাসিন্দা, সাবেক ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং মানবাধিকারকর্মীদের অভিযোগ, এর পেছনে রয়েছে সংগঠিত তৎপরতা, সরকারি পৃষ্ঠপোষকতা এবং নিরাপত্তা বাহিনীর নিষ্ক্রিয়তা।
এ পরিস্থিতিতে ইসরায়েলের রাজনীতিতে সম্ভাব্য পরিবর্তন নতুন প্রশ্ন সামনে এনেছে। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট নতুন সরকার গঠন করতে পারলে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইজেনকট প্রকাশ্যেই এসব হামলাকে সরকারের ছত্রচ্ছায়ায় সংঘটিত ‘ইহুদি সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে পশ্চিম তীরের এ ও বি এলাকায় সব অবৈধ বসতি ফাঁড়ি উচ্ছেদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কিন্তু সমস্যাটি কেবল কয়েকটি উগ্রপন্থী গোষ্ঠীকে নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয়। গত কয়েক বছরে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, সরকারি অর্থায়ন, অস্ত্র সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে যে কাঠামো তৈরি হয়েছে, তা ভাঙা নতুন সরকারের জন্য বড় রাজনৈতিক ও প্রশাসনিক পরীক্ষা হয়ে উঠতে পারে।
নিজের বাগানেও নিরাপদ নন ফিলিস্তিনি কৃষক
পশ্চিম তীরের তুরমুস আয়িয়া গ্রামের ৭১ বছর বয়সী ফিলিস্তিনি কৃষক ফায়েজ হিজাজের অভিজ্ঞতা পরিস্থিতির গভীরতা তুলে ধরে। তাঁর পরিবার কয়েক প্রজন্ম ধরে এই গ্রামে বসবাস করছে। গ্রামের যে অংশে তিনি থাকেন, সেখানে একসময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও যেতে চাইতেন না। অথচ সম্প্রতি নিজের বাগানে জলপাই সংগ্রহ করার সময় এক ইসরায়েলি বসতি স্থাপনকারী তাঁকে অনুসরণ করে সেখানে হাজির হয়।
ওই ব্যক্তি তাঁকে আরবি ভাষায় বারবার চলে যেতে বলে। হিজাজের ভাষায়, লোকটি তাঁকে তাড়িয়ে দেওয়ার পর তাঁর সংগ্রহ করা জলপাই ছড়িয়ে দেয়। তাঁর প্রশ্ন, নিজের বাগানেও যদি নিরাপদে কাজ করা না যায়, তাহলে ফিলিস্তিনিরা কোথায় যাবে?
আইনগতভাবেও হিজাজের গ্রামের অবস্থান গুরুত্বপূর্ণ। তিন দশক আগে স্বাক্ষরিত অসলো চুক্তি অনুযায়ী, তুরমুস আয়িয়া পশ্চিম তীরের বি এলাকাভুক্ত। এই এলাকায় বেসামরিক প্রশাসনের দায়িত্ব ফিলিস্তিনিদের হাতে থাকার কথা। ফিলিস্তিনিদের স্বশাসনের ভিত্তি তৈরির উদ্দেশ্যেই এমন ব্যবস্থা করা হয়েছিল।
কিন্তু এখন সেই এলাকাতেও বসতি স্থাপনকারীদের নতুন নতুন ফাঁড়ি গড়ে উঠছে। তাদের উপস্থিতির সঙ্গে বাড়ছে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা। ফলে অসলো চুক্তির অধীনে প্রতিষ্ঠিত প্রশাসনিক ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
হামলা, অগ্নিসংযোগ ও কৃষিজমি থেকে উচ্ছেদ
তুরমুস আয়িয়ায় হিজাজের ওপর হামলার মাত্র দুই দিন আগে মুখোশধারী প্রায় ১৫ জন ব্যক্তি তাঁর প্রতিবেশীর বাড়িতে অগ্নিসংযোগ করে। দুটি গাড়ি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি বাড়ির সামনে আরেক ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে এসব ঘটনার চিত্র ধরা পড়েছে।
এরও দুই দিন আগে একই ধরনের একটি দল ওই এলাকায় ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা চালায়। এর এক দিন আগে পাশের আবু ফালাহ গ্রামে ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী হেইডি লেভিনকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দীর্ঘদিন ধরে ইসরায়েলের বসতি সম্প্রসারণবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মী জোনাথন পোলাকের মতে, এসব ঘটনাকে শুধু বসতি স্থাপনকারীদের সহিংসতা হিসেবে দেখলে প্রকৃত চিত্র বোঝা যাবে না। তাঁর দাবি, এখানে যা ঘটছে, তা মূলত রাষ্ট্রের সহিংসতারই প্রকাশ।
তুরমুস আয়িয়ার বাসিন্দারা অভিযোগ করেন, বসতি স্থাপনকারীরা হামলা চালানোর পর প্রায়ই ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে আসে। কিন্তু হামলাকারীদের আটক করার পরিবর্তে ফিলিস্তিনি কৃষকদের জমি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কখনো পুরো এলাকাকে সামরিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এতে কৃষকদের জলপাই সংগ্রহ বন্ধ হয়ে যায়।
এই জলপাই বাগান অনেক পরিবারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। ফলে জমিতে প্রবেশের সুযোগ হারানো শুধু নিরাপত্তার সংকট নয়, তাদের জীবিকা ও অর্থনৈতিক অস্তিত্বের ওপরও সরাসরি আঘাত।
সরকারের পৃষ্ঠপোষকতার অভিযোগ
তুরমুস আয়িয়ায় বসতি স্থাপনকারীদের তৎপরতার কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে আমিশাভ মেলেটের নাম উঠে এসেছে। স্থানীয় বাসিন্দা, আন্দোলনকর্মী এবং ইসরায়েলি গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে তাঁকে ওই এলাকার হয়রানির অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, মেলেট প্রায় প্রতিদিনই সর্বভূমিতে চলাচল করতে সক্ষম এমন যান নিয়ে গ্রামের রাস্তাঘাট ও জলপাই বাগান ঘুরে বেড়ান। তিনি কৃষকদের ছবি তোলেন, ফসল সংগ্রহের জন্য বিছানো ত্রিপল ছিঁড়ে ফেলেন এবং তাঁদের জমি ছেড়ে চলে যেতে বলেন।
এক বছর আগে জলপাই সংগ্রহের মৌসুমে কৃষকেরা একসঙ্গে মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় মেলেটকে রাস্তার ওপর বন্দুক ও মুঠোফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর কিছুক্ষণ পর মুখোশধারী একটি দল কৃষকদের ওপর হামলা চালায়। তারা গাড়িতে আগুন দেয় এবং ৫৫ বছর বয়সী আফাফ আবু আলিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে অচেতন করে ফেলে।
গত সেপ্টেম্বরে তুরমুস আয়িয়া সফরের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবিও মেলেটকে জলপাই বাগানের মধ্য দিয়ে যান চালাতে দেখেন বলে জানান। পরে তিনি এ ঘটনার ভিডিও প্রকাশ করে একদল অনুপ্রবেশকারীর অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানান।
তবে মেলেট তাঁর বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। নিজেকে শান্তিকামী কর্মী ও রাখাল হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই কাজ করেন। তাঁর বক্তব্য, তুরমুস আয়িয়া একটি সন্ত্রাসী গ্রাম এবং সেখানকার বাসিন্দারা তাঁদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের বিরুদ্ধে লড়াই করছেন।
অন্যদিকে রাষ্ট্রদূত হাকাবি হামলার ঘটনাকে নিন্দনীয় বললেও এর পেছনে ইসরায়েলি সরকার বা পশ্চিম তীরের অধিকাংশ বসতি স্থাপনকারীর সমর্থন রয়েছে—এমন ধারণা প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, হামলাকারীরা খুবই ছোট একটি গোষ্ঠী।
সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন
ফিলিস্তিনিদের অভিযোগ, বসতি স্থাপনকারীরা বিপদে পড়লে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ফিলিস্তিনিরা সাহায্য চাইলে একই ধরনের সাড়া পাওয়া যায় না।
তুরমুস আয়িয়া পৌরসভার মুখপাত্র ইয়াসির আলকাম বলেন, তিনি প্রায়ই দেখেন সেনারা ঘটনাস্থলে এসে মেলেটের সঙ্গে কথা বলছে। এরপর জলপাই সংগ্রহ পর্যবেক্ষণ করতে আসা ফিলিস্তিনি কৃষক এবং ইসরায়েলি ও আন্তর্জাতিক আন্দোলনকর্মীদের সরে যেতে বলা হচ্ছে। বসতি স্থাপনকারীরা সামরিকভাবে বন্ধ ঘোষিত এলাকায়ও অবাধে থাকতে পারলেও ফিলিস্তিনিরা সেখানে প্রবেশ করতে পারেন না।
সাবেক ইসরায়েলি সেনাদের বক্তব্যেও এমন অভিযোগের প্রতিফলন রয়েছে। ইসরায়েলি সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের কাছে সাক্ষ্য দেওয়া এক সাবেক সেনাসদস্য জানান, তাঁর ইউনিটকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল, কোন পক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, তাঁর দেখা কোনো ঘটনাতেই সহিংসতা শুরু করা বসতি স্থাপনকারীদের গ্রেপ্তার হতে দেখেননি। বরং তাঁদের কর্মকাণ্ড সংগঠিতভাবে পরিচালিত হতো এবং সেনাদের কী করতে হবে, তা আগে থেকেই নির্ধারিত থাকত।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের অপরাধের তদন্ত ও আইন প্রয়োগের দায়িত্ব পুলিশের। সেনারা অনেক সময় প্রথমে ঘটনাস্থলে পৌঁছালেও তাদের কাজ হচ্ছে সহিংসতা বন্ধ করা এবং পরিস্থিতি স্বাভাবিক করা।
নেতানিয়াহুর আমলে বেড়েছে বসতি সম্প্রসারণ
২০২২ সালের শেষ দিকে নেতানিয়াহু কট্টর ডানপন্থী দুটি বসতি-সমর্থক দলের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় ফেরার পর পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কার্যক্রম আরও জোরদার হয়। জোটের দুই গুরুত্বপূর্ণ নেতা ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরসংক্রান্ত নীতিনির্ধারণে ব্যাপক ক্ষমতা পান।
স্মোট্রিচ বসতি পরিকল্পনা, অনুমোদন এবং ফিলিস্তিনিদের স্থাপনা ভেঙে দেওয়ার কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ২০২৩ ও ২০২৪ সালে তাঁর অর্থ মন্ত্রণালয় কৃষিভিত্তিক বসতি ফাঁড়িগুলোর জন্য প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার বরাদ্দ দেয়। ইসরায়েলি দুটি নাগরিক সংগঠনের গবেষণা অনুযায়ী, এ অর্থে চার চাকার যান, চালকবিহীন আকাশযান এবং নজরদারি ক্যামেরা কেনা হয়।
এর বাইরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন বেসরকারি সংগঠনের মাধ্যমেও বসতি স্থাপনকারীদের কাছে অর্থ পৌঁছায়। এমন একটি সংগঠন আহাভাত গিলাদকে বসতি ফাঁড়িগুলোর অর্থায়নের অন্যতম মাধ্যম হিসেবে চিহ্নিত করে গত জুনে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য।
ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধান তামির পার্দোর মতে, বসতি সম্প্রসারণের যে ধারণা একসময় স্মোট্রিচের মতো কট্টর নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান ছিল, তা সরকারে প্রবেশের পর রাষ্ট্রের নীতিতে পরিণত হয়েছে। তাঁর বক্তব্য, বসতি স্থাপনকারীদের যানবাহন, অর্থ এবং নির্বিঘ্নে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ কারা দিচ্ছে, তা দেখলেই সরকারের ভূমিকা বোঝা যায়।
হামাসের হামলার পর অস্ত্রধারী বসতি স্থাপনকারীর সংখ্যা বৃদ্ধি
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায়ও বড় পরিবর্তন আসে। গাজা ও লেবাননে ইসরায়েলি সেনা মোতায়েনের কারণে পশ্চিম তীরে বসতি এলাকার আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটের সংখ্যা ও কার্যক্রম বাড়ানো হয়।
জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির ঘোষণা দিয়েছিলেন, বেসামরিক নিরাপত্তা দলগুলোর জন্য ১০ হাজার রাইফেল কেনা হচ্ছে। এসব দলের মধ্যে পশ্চিম তীরের বসতি এলাকার সদস্যরাও রয়েছেন।
ইয়েশ দিন নামের একটি ইসরায়েলি মানবাধিকার সংগঠনের হিসাব অনুযায়ী, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটের সংখ্যা ছয় গুণ পর্যন্ত বাড়ানো হয়। এসব ইউনিটে প্রায় সাত হাজার সশস্ত্র বসতি স্থাপনকারী যুক্ত হন।
হিব্রু ভাষায় এসব ইউনিটকে হাগমার বলা হয়। তাদের কার্যক্রম নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। দক্ষিণ হেবরন পাহাড়ে দায়িত্ব পালন করা এক সাবেক সেনাসদস্য জানান, এসব ইউনিটের সদস্যরা নিজেদের ইচ্ছামতো তল্লাশিচৌকি বসাতেন, ফিলিস্তিনিদের গাড়ি তল্লাশি করতেন এবং কখনো বেসামরিক মানুষকে চোখ বেঁধে ও হাত বেঁধে দীর্ঘ সময় রোদে ফেলে রাখতেন।
একটি ঘটনায় হাগমার ইউনিটের পোশাক পরা এক বসতি স্থাপনকারীর গুলিতে ২৭ বছর বয়সী আমির শনারান নিহত হন এবং তাঁর ভাই গুরুতর আহত হন। ঘটনাটি ঘটে গত মার্চে হেবরনের দক্ষিণে একটি খামারের কাছে। ফিলিস্তিনিরা বসতি স্থাপনকারীদের গবাদিপশু নিজেদের খামার থেকে সরানোর চেষ্টা করছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই সময় একটি যান নিয়ে সেখানে পৌঁছে গুলি চালান ইউনিটের এক সদস্য।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ওই ব্যক্তির রিজার্ভ সদস্যের মর্যাদা বাতিল করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।
তবে এসব ইউনিটের সদস্যদের বিরুদ্ধে অভিযোগের বিচার কতটা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। ইয়েশ দিনের হিসাব অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইউনিফর্ম পরা বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে করা ১৬টি অভিযোগের মধ্যে ১০টি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আটটি ক্ষেত্রে অপরাধী শনাক্ত করা যায়নি বলে জানানো হয়। সংগঠনটি এসব ঘটনায় কোনো অভিযোগপত্র দাখিলের তথ্য পায়নি।
গ্রেপ্তার হলেও থামে না বসতি সম্প্রসারণ
বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার বা কোনো ফাঁড়ি উচ্ছেদের মতো পদক্ষেপ নেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না বলে অভিযোগ করেছেন মানবাধিকারকর্মীরা।
ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী হেইডি লেভিনের ওপর হামলার পর পুলিশ ১০ জন বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করে। সেনাবাহিনী আবু ফালাহ গ্রামের ওপরের একটি বসতি ফাঁড়িও ভেঙে দেয়। কিন্তু আদালতের নথি অনুযায়ী, দুই দিনের মধ্যে একজন ছাড়া বাকি সবাই মুক্তি পান।
এর কয়েক দিন পর সেখানে নতুন একটি স্থাপনা তৈরি হতে দেখা যায়। অর্থাৎ একটি ফাঁড়ি উচ্ছেদের পর একই জায়গায় আবার বসতি স্থাপনের কার্যক্রম শুরু হয়।
ইয়েশ দিনের নির্বাহী পরিচালক জিভ স্টালের মতে, এসব পদক্ষেপের ফলে পরিস্থিতিতে স্থায়ী পরিবর্তন আসছে না। তাঁর অভিযোগ, বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের ফলে ফিলিস্তিনিদের বসবাসের পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে বসতি স্থাপনকারীদের সহিংসতার কারণে পশ্চিম তীরের ৪৬টি ফিলিস্তিনি জনপদ সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়েছে। গত বছর বসতি স্থাপনকারীরা নতুন করে ৮৬টি ফাঁড়ি স্থাপন করেন। একই সময়ে ইসরায়েল সরকার রেকর্ডসংখ্যক ৫৪টি বসতির অনুমোদন দেয় অথবা সেগুলোকে বৈধতা দেয়।
নতুন সরকার কি বদলাতে পারবে পরিস্থিতি?
ইসরায়েলের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন সরকার গঠিত হলে পশ্চিম তীরের নীতিতে আদৌ পরিবর্তন আসবে কি না। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।
আইজেনকট বসতি স্থাপনকারীদের হামলাকে সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ইহুদি সন্ত্রাস হিসেবে বর্ণনা করেছেন। এ ও বি এলাকায় সব অবৈধ বসতি ফাঁড়ি ভেঙে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
তবে তাঁর সামনে রাজনৈতিক বাধাও রয়েছে। নেতানিয়াহুর জোটের দুই গুরুত্বপূর্ণ নেতা বেন-গভির ও স্মোট্রিচ এবং তাঁদের দলগুলো পার্লামেন্টে নিজেদের অবস্থান ধরে রেখেছে। নতুন সরকার গঠনের আলোচনায় তাঁদের ভূমিকা এবং ক্ষমতার ভাগাভাগি পশ্চিম তীরসংক্রান্ত নীতিতে পরিবর্তনের সুযোগ সীমিত করতে পারে।
স্মোট্রিচ ২০২৫ সালে পশ্চিম তীরের প্রায় ৮২ শতাংশ ভূখণ্ড ইসরায়েলের সঙ্গে যুক্ত করার একটি পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তখন তিনি এর মূলনীতি হিসেবে বলেছিলেন, ভূখণ্ডের সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনসংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনা।
এ অবস্থায় কেবল নতুন প্রধানমন্ত্রী বা নতুন জোট গঠনের মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বসতি সম্প্রসারণের সঙ্গে যুক্ত হয়েছে সরকারি অর্থায়ন, সশস্ত্র নিরাপত্তা ইউনিট, প্রশাসনিক অনুমোদন এবং দীর্ঘদিনের রাজনৈতিক সমর্থন।
ফলে আইজেনকট সরকার গঠন করতে পারলেও তাঁর প্রতিশ্রুতির বাস্তবায়ন নির্ভর করবে বসতি সম্প্রসারণ বন্ধ করা, অবৈধ ফাঁড়ি উচ্ছেদ, হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করার মতো কঠিন পদক্ষেপের ওপর। পশ্চিম তীরে সহিংসতা বন্ধের প্রশ্নটি শেষ পর্যন্ত শুধু সরকার পরিবর্তনের নয়; বরং ইসরায়েলের রাষ্ট্রীয় নীতি ও নিরাপত্তা কাঠামোতে কতটা পরিবর্তন আনা সম্ভব, তারও পরীক্ষা।











