যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সেখানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে। সামরিক সক্ষমতা ধরে রাখা এবং সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের প্রস্তুতির বার্তা দিতেই তেহরান এই স্থাপনা সামনে এনেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি স্থাপনাটির ছবি প্রকাশ করে। আইআরজিসির মহাকাশ ও বিমানবাহিনী শাখার সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির মহাকাশ ও বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি উপস্থিত ছিলেন।
ক্ষেপণাস্ত্রের ধরন ও অবস্থান প্রকাশ করেনি ইরান
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূগর্ভস্থ স্থাপনাটিতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তবে স্থাপনাটি ইরানের ঠিক কোথায় অবস্থিত, সেখানে কতগুলো ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে কিংবা কী ধরনের অস্ত্র রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এ ছাড়া স্থাপনাটির প্রকৃত আয়তন, সামরিক সক্ষমতা এবং বর্তমানে এটি কতটা কার্যকর রয়েছে, সে সম্পর্কেও স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, সপ্তাহব্যাপী কর্মসূচিতে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রকেন্দ্রসহ সামরিক খাতের বিভিন্ন অর্জন প্রকাশ করা হবে।
ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত কতটা অবশিষ্ট?
ইরানের সামরিক কৌশলের অন্যতম প্রধান ভিত্তি দেশটির ক্ষেপণাস্ত্রভান্ডার। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর দেশটির হাতে কার্যকর ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২০২২ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক মূল্যায়নে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা তিন হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে বিভিন্ন মূল্যায়নে এই সংখ্যা কমে আসার ইঙ্গিত পাওয়া যায়।
চলতি বছরের শুরুতে ইসরায়েলি সামরিক বাহিনীর এক হিসাব অনুযায়ী, ইরানের হাতে প্রায় দুই হাজার ৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। দেশটি প্রতি মাসে নতুন করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র তৈরি করছিল বলেও ওই মূল্যায়নে উল্লেখ করা হয়।
অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে যুদ্ধ শুরুর আগের প্রায় দুই হাজার ৫০০ ক্ষেপণাস্ত্রের মজুত থেকে বর্তমানে এক হাজার থেকে দেড় হাজার কার্যকর ক্ষেপণাস্ত্র অবশিষ্ট থাকার অনুমান দেওয়া হয়েছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণব্যবস্থার প্রায় ৬০ শতাংশ এখনো অক্ষত রয়েছে অথবা ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে। দেশটির সুরক্ষিত ক্ষেপণাস্ত্রকেন্দ্র ও ভূগর্ভস্থ সুড়ঙ্গের বড় একটি অংশও আংশিক বা পুরোপুরি কার্যকর থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এসব পরিসংখ্যানের কোনোটিই নিশ্চিত নয়।
ভূগর্ভেই ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা
আইআরজিসির মুখপাত্র মোহেব্বি জানিয়েছেন, ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির উৎপাদনব্যবস্থা ভূপৃষ্ঠের কারখানা থেকে সরিয়ে ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করেছে। তাঁর ভাষায়, এসব স্থাপনা শুধু অস্ত্র সংরক্ষণের গুদাম নয়, বরং ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী’ হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
তিনি দাবি করেন, ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিস্তৃত ভূখণ্ড এবং নমনীয় অবকাঠামোর কারণে ব্যাপক বিমান হামলার মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা সম্ভব।
তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
যুক্তরাষ্ট্রকে পাল্টা বার্তা তেহরানের
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের চাপের মধ্যে নতুন ক্ষেপণাস্ত্রকেন্দ্র উন্মোচনকে ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরোধক্ষমতা প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে আইআরজিসির মহাকাশ ও বিমানবাহিনীর কমান্ডার মাজিদ মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে ইরান আঞ্চলিক সীমানার ভেতরে ও বাইরে শত্রুপক্ষের সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম।
এমন ঘোষণায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিমান হামলা থেকে ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণব্যবস্থা সুরক্ষিত রাখতে ভূগর্ভস্থ অবকাঠামোর ওপর ইরানের নির্ভরতা দেশটির সামরিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে।












