পাকিস্তানে গম ও আটার বাজারে দীর্ঘদিনের অস্থিরতা দূর করতে বাজারনির্ভর নীতি গ্রহণ এবং সবার জন্য সমান ভর্তুকির পরিবর্তে নিম্ন আয়ের মানুষের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির আটা মিল মালিকরা।
পাকিস্তান ফ্লাওয়ার মিলস অ্যাসোসিয়েশনের (পিএফএমএ) প্রগ্রেসিভ গ্রুপ সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছে। তাদের মতে, ঘন ঘন নীতির পরিবর্তন, গমের বরাদ্দব্যবস্থা এবং মূল্য নিয়ন্ত্রণের কারণে বাজারে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হচ্ছে। এতে কৃষক ও আটা মিল মালিক—উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মঙ্গলবার লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রগ্রেসিভ গ্রুপের নেতা খালিক আরশাদ বলেন, সরকারের কখনো রেশনিং, কখনো কোটা পদ্ধতি, আবার কখনো ভিন্ন ভিন্ন সংগ্রহনীতি গ্রহণের কারণে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাজারের স্বাভাবিক প্রতিযোগিতায় কমতে পারে দাম
খালিক আরশাদ বলেন, অতীতে সরবরাহ বৃদ্ধি ও সুস্থ প্রতিযোগিতার কারণে আটার বস্তার দাম ২ হাজার ৮০০ রুপি থেকে কমে ১ হাজার ৩০০ রুপিতে নেমেছিল। এ ক্ষেত্রে সরকারের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হয়নি।
অন্যদিকে, বাজারের স্বাভাবিক পরিস্থিতিতে দাম বেড়ে গেলে সরকার কৃত্রিমভাবে মূল্যসীমা নির্ধারণ করেছে এবং দাম বাড়ানোর জন্য মিল মালিকদের দায়ী করেছে। অথচ বেশি দাম কৃষকদের পরবর্তী মৌসুমে গমের আবাদ বাড়াতে উৎসাহিত করতে পারে।
তিনি বলেন, কৃষকদের স্বার্থে প্রতি মণ গমের সহায়ক মূল্য ৪ হাজার ৫০০ রুপি নির্ধারণ ইতিবাচক পদক্ষেপ। তবে আটা মিলগুলোতে গম সরবরাহের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন ব্যয় বিবেচনায় নিতে হবে।
তার ভাষায়, প্রতি মণ ৪ হাজার ৫০০ রুপিতে গম কিনে পরে মিলগুলোর কাছে উল্লেখযোগ্য কম দামে বিক্রি করলে বাজারে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়। এতে মিলগুলোর পরিচালন কার্যক্রমও সংকটে পড়ে।
সবার জন্য ভর্তুকি নয়, দরিদ্রদের সরাসরি সহায়তা
আটা কেনার ক্ষেত্রে সর্বজনীন ভর্তুকির পরিবর্তে নিম্ন আয়ের পরিবারগুলোকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
তার মতে, সবার জন্য ভর্তুকি চালু থাকলে ধনী ও দরিদ্র—উভয় শ্রেণির মানুষ সমান সুবিধা পান। অথচ সরকারি সহায়তার মূল লক্ষ্য হওয়া উচিত দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোকে সুরক্ষা দেওয়া।
এ জন্য পাকিস্তানের বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি—বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম, কিষান কার্ড এবং পাঞ্জাব সরকারের বিভিন্ন উদ্যোগকে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন তিনি।
এ ছাড়া জরুরি খাদ্যসংকট মোকাবিলার জন্য কৌশলগত গমের মজুত রাখার পক্ষে মত দিয়েছেন খালিক আরশাদ। তবে কেবল বাজারদর কৃত্রিমভাবে কমিয়ে রাখার উদ্দেশ্যে এসব মজুত ব্যবহার করা উচিত নয়। জরুরি প্রয়োজনে গম বাজারে ছাড়লেও প্রচলিত বাজারদর অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
নিষ্ক্রিয় মিলের জন্য গমের কোটা বরাদ্দে আপত্তি
গম বরাদ্দের বিদ্যমান ব্যবস্থার কাঠামোগত দুর্বলতারও সমালোচনা করেছেন পিএফএমএর এই নেতা। তাঁর অভিযোগ, বর্তমানে অনেক নিষ্ক্রিয় আটা মিলকেও গমের কোটা দেওয়া হচ্ছে। বাণিজ্যিকভাবে অকার্যকর প্রতিষ্ঠান টিকিয়ে রাখার দায়িত্ব সরকারের নয় বলে মন্তব্য করেন তিনি।
তাঁর প্রস্তাব, উৎপাদন ও কার্যক্রমের সক্ষমতার ভিত্তিতে সক্রিয় মিলগুলোকে স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে গমের কোটা বরাদ্দ দিতে হবে।
সরকারের নীতির দ্বৈত অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একদিকে বাজারব্যবস্থা কিছুটা উন্মুক্ত করা হচ্ছে, অন্যদিকে দাম ও সরবরাহের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হচ্ছে। এ অবস্থায় সরকারকে একটি সুস্পষ্ট নীতিগত অবস্থান নিতে হবে।
ভর্তুকির গম নিয়ে মিলগুলোর লোকসান
বর্তমান ব্যবস্থায় আটা মিলগুলোর পরিচালন লোকসান বাড়ছে বলেও দাবি করেছেন খালিক আরশাদ।
তিনি জানান, বাজারে প্রতি মণ গমের দাম যেখানে প্রায় ৫ হাজার ৪০০ রুপি, সেখানে সরকার ভর্তুকি দিয়ে মিলগুলোকে প্রায় ৩ হাজার ৭০০ রুপিতে গম সরবরাহ করছে। কিন্তু একই সঙ্গে মিলগুলোকে নিজেদের বাজারদরে কেনা ব্যয়বহুল গম দিয়ে উৎপাদিত আটার ২০ থেকে ২৫ শতাংশও ভর্তুকির নির্ধারিত কম দামে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে।
এ ব্যবস্থাকে অন্যায্য উল্লেখ করে তিনি অবিলম্বে তা বন্ধের দাবি জানান। তাঁর মতে, মিলগুলোকে যতটুকু ভর্তুকির গম দেওয়া হবে, কেবল সেই পরিমাণ গম থেকে উৎপাদিত আটাই কম দামে সরবরাহ করতে বাধ্য করা উচিত।












