আকারে ছোট, সহজেই একটি হাতব্যাগে বহন করা যায়—কুকুরের জনপ্রিয় জাত চিহুয়াহুয়া। কিন্তু এই ক্ষুদ্রাকৃতির পোষা প্রাণীটির জিনের গভীরে লুকিয়ে থাকতে পারে বুনো কোয়োটের (উত্তর আমেরিকার একধরনের বন্য কুকুরজাতীয় প্রাণী) প্রাচীন উত্তরাধিকার। সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা চিহুয়াহুয়ার বংশগতিতে কোয়োটের ডিএনএর অস্তিত্ব খুঁজে পেয়েছেন। গবেষকদের ধারণা, ইউরোপীয়দের আমেরিকায় পৌঁছানোর বহু আগেই এই দুই প্রজাতির পূর্বপুরুষের মধ্যে সংকরায়ণ ঘটেছিল।
চিহুয়াহুয়ার শরীরের বৈশিষ্ট্যপূর্ণ কাঁপুনিকে এত দিন সাধারণত স্নায়বিক অস্থিরতা কিংবা ঠান্ডা সহ্য করতে না পারার প্রবণতা হিসেবে ব্যাখ্যা করা হতো। কিন্তু নতুন গবেষণা প্রাণীটির বিবর্তনীয় ইতিহাস নিয়ে ভিন্ন এক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। গবেষকদের মতে, মাত্র ১ দশমিক ৮ কেজি ওজনের এই কুকুরের জিনগত পরিচয়ের ক্ষুদ্র একটি অংশে রয়ে গেছে বন্য কোয়োটের উত্তরাধিকার।
জিন বিশ্লেষণে অপ্রত্যাশিত আবিষ্কার
গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিভিন্ন প্রজাতির জিনগত বংশপরিচয় আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণের জন্য একটি নতুন সফটওয়্যার অ্যালগরিদম পরীক্ষা করছিলেন। সেই কাজ করতে গিয়েই তাঁরা চিহুয়াহুয়ার জিনে কোয়োটের ডিএনএর স্বতন্ত্র কিছু চিহ্ন খুঁজে পান।
গবেষকদের মতে, কুকুরের অধিকাংশ পরিচিত জাতের মধ্যে এ ধরনের জিনগত বৈশিষ্ট্য দেখা যায় না। ফলে চিহুয়াহুয়ার ক্ষেত্রে আবিষ্কারটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ববিদ আলেকজান্ডার ইয়োনিদিস গবেষণাটিতে যুক্ত ছিলেন। তাঁর মতে, চিহুয়াহুয়ার বংশধারা প্রাচীন টেকিচি নামের একটি বিলুপ্ত কুকুরজাতীয় প্রাণীর সঙ্গে সম্পর্কিত। ধারণা করা হয়, প্রথম সহস্রাব্দের শুরুর দিকে মেক্সিকোর টলটেক সভ্যতায় এই ছোট আকারের, প্রায় ঘেউ ঘেউ না করা প্রাণীকে গৃহপালিত করা হয়েছিল।
বর্তমান চিহুয়াহুয়ার বংশগতির প্রায় ৪ শতাংশ এসেছে ইউরোপীয়দের আমেরিকায় পৌঁছানোর আগের সময়ের ওই কুকুরগুলোর কাছ থেকে। আর সেই প্রাচীন জিনগত অংশের মধ্যেই পাওয়া গেছে কোয়োটের সঙ্গে সংকরায়ণের আরও ক্ষুদ্র কিছু চিহ্ন।
ইয়োনিদিসের ব্যাখ্যা অনুযায়ী, প্রতিটি নতুন প্রজন্মের জন্মের সময় পূর্বপুরুষদের জিনগত উপাদান নতুনভাবে বিন্যস্ত হয়। ফলে বহু প্রাচীন সংকরায়ণের চিহ্ন পরবর্তী প্রজন্মে অত্যন্ত ক্ষুদ্র অংশ হিসেবে টিকে থাকে। চিহুয়াহুয়ার জিনে পাওয়া ডিএনএর খণ্ডগুলো এত ছোট হওয়াই প্রমাণ করে, এই সংকরায়ণ সাম্প্রতিক নয়, বরং বহু আগের ঘটনা।
চিহুয়াহুয়ার আত্মীয় আরেক কুকুরের জাত
গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। চীনা ক্রেস্টেড নামের আরেকটি কুকুরের জাতের মধ্যেও একই ধরনের জিনগত খণ্ড পাওয়া গেছে। এটি চিহুয়াহুয়া ও চীনা ক্রেস্টেডের মধ্যে ঘনিষ্ঠ বিবর্তনীয় সম্পর্কের ইঙ্গিত দেয়।
ইয়োনিদিসের ধারণা, মেক্সিকোর প্রাচীন কুকুর ও কোয়োটের মধ্যে সংকরায়ণের ফলে এই জিনগত বৈশিষ্ট্য তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে সেই বৈশিষ্ট্য বহনকারী আদি কুকুরগুলোর বংশধর থেকেই চিহুয়াহুয়া ও চীনা ক্রেস্টেডের মতো আধুনিক জাতের উদ্ভব ঘটে থাকতে পারে।
তবে এ ধারণা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন। বিশেষ করে চিহুয়াহুয়ার আরও বেশি সংখ্যক জিনগত নমুনা বিশ্লেষণ এবং উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলের কোয়োটের জিনগত বৈশিষ্ট্যের পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করতে হবে।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রাণী জিনতত্ত্ববিদ এবং কুকুরের ডিএনএ পরীক্ষাকারী প্রতিষ্ঠান এমবার্কের প্রতিষ্ঠাতা অ্যাডাম বোয়কো বলেন, ইউরোপীয় উপনিবেশ স্থাপনের আগেই আমেরিকার স্থানীয় কুকুর ও কোয়োটের মধ্যে সংকরায়ণের প্রমাণ এর আগে পাওয়া গেছে। তবে আধুনিক নিউ ওয়ার্ল্ডের কুকুরগুলোর মধ্যে সেই সংকরায়ণের নির্দিষ্ট জিনগত অংশ শনাক্ত করার ক্ষেত্রে এটি প্রথম উল্লেখযোগ্য অগ্রগতি।
বন্য পূর্বপুরুষের জিন কি আচরণেও প্রভাব ফেলেছে?
চিহুয়াহুয়ার মালিকেরা জানেন, আকারে ছোট হলেও এই কুকুরের সাহস ও আগ্রাসী আচরণ অনেক সময় বড় আকারের প্রাণীকেও ছাড়িয়ে যায়। ফলে এর বন্য কোয়োটের বংশধারাকে আচরণের সঙ্গে যুক্ত করার প্রবণতা তৈরি হতে পারে।
তবে গবেষকেরা এ বিষয়ে সতর্ক করেছেন। ইয়োনিদিসের মতে, চিহুয়াহুয়ার পুরো জিনগত গঠনের মাত্র ০.১ শতাংশেরও কম অংশে কোয়োটের ডিএনএ রয়েছে। তাই প্রাণীটির আচরণে এই জিনের প্রভাব থাকলেও তা অত্যন্ত সামান্য হওয়ার কথা।
একইভাবে চিহুয়াহুয়ার ক্ষুদ্রাকৃতির জন্যও কোয়োটের জিনকে দায়ী করার সুযোগ নেই। গবেষকদের মতে, কুকুরটির ছোট আকারের পেছনে রয়েছে নির্দিষ্ট একটি জিনগত পরিবর্তন, যা কোষের বৃদ্ধি সীমিত করে। বহু প্রজন্ম ধরে মানুষ অপেক্ষাকৃত ছোট কুকুর বেছে বেছে প্রজনন করানোর মাধ্যমে এই বৈশিষ্ট্যকে স্থায়ী করেছে।
গবেষণায় মাত্র তিনটি চিহুয়াহুয়ার জিনগত নমুনা বিশ্লেষণ করা হয়েছে। তাই কোয়োটের ডিএনএ তাদের শারীরিক বৈশিষ্ট্য কিংবা আচরণে আদৌ কোনো ভূমিকা রাখে কি না, তা নিশ্চিত করে বলার মতো তথ্য এখনো নেই। ইয়োনিদিসের মতে, আরও বড় পরিসরে নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ ছাড়া এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
উপনিবেশের ইতিহাসে হারিয়ে যাওয়া স্থানীয় কুকুর
গবেষণাটি শুধু চিহুয়াহুয়ার বিবর্তনীয় ইতিহাস নয়, আমেরিকার আদিবাসী কুকুরের হারিয়ে যাওয়ার ইতিহাস নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।
জিনতত্ত্ববিদদের মতে, ইউরোপীয় উপনিবেশ স্থাপনের আগে আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আদিবাসীদের গৃহপালিত কুকুরের ব্যাপক উপস্থিতি ছিল। এসব প্রাণী দৈনন্দিন জীবনের অংশ হিসেবে ব্যবহৃত হতো। এমনকি মালামাল বহনের কাজেও তাদের ব্যবহার করা হতো। প্রাগৈতিহাসিক স্লেজ টানার কুকুরের মতো তারা মহাদেশজুড়ে পণ্য পরিবহনে সহায়তা করত।
কিন্তু ইউরোপীয়দের আগমনের পর সেই বিস্তৃত কুকুরের জনসংখ্যা প্রায় সম্পূর্ণ বিলীন হয়ে যায়। কীভাবে এবং কেন এই পরিবর্তন ঘটেছিল, তা এখনো ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
গবেষকদের ধারণা, আধুনিক চিহুয়াহুয়ার মতো ছোট কুকুরের জিনে টিকে থাকা প্রাচীন ডিএনএর ক্ষুদ্র অংশগুলো সেই হারিয়ে যাওয়া প্রাণীগুলোর অস্তিত্বের স্মারক।
অর্থাৎ, হাতব্যাগে বহনযোগ্য ছোট্ট চিহুয়াহুয়ার শরীরে শুধু একটি পোষা প্রাণীর বংশপরিচয় নয়, লুকিয়ে রয়েছে আমেরিকার প্রাচীন বন্য পরিবেশ, আদিবাসী সভ্যতা এবং মানুষের সঙ্গে কুকুরের দীর্ঘ সম্পর্কের এক বিবর্তনীয় ইতিহাস।












