কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল তথ্য খোঁজা, লেখা তৈরি কিংবা জটিল হিসাব-নিকাশের প্রযুক্তি নয়। ব্যবসায়িক সিদ্ধান্ত, গবেষণা, সফটওয়্যার নির্মাণ, গ্রাহকসেবা থেকে শুরু করে রাষ্ট্রীয় নীতিনির্ধারণ—বিভিন্ন ক্ষেত্রে এ প্রযুক্তির ওপর মানুষের নির্ভরতা দ্রুত বাড়ছে। ফলে এআই ব্যবস্থার ভেতরে কোন মূল্যবোধ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং স্বার্থ কাজ করছে, সেই প্রশ্নও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বিশেষ করে চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো যখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রযুক্তি খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, তখন বিষয়টি শুধু প্রযুক্তিগত প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকছে না। এর সঙ্গে যুক্ত হচ্ছে জাতীয় নিরাপত্তা, তথ্যের স্বাধীনতা এবং বিদেশি রাষ্ট্রের রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কা।
যুক্তরাষ্ট্রের সামনে এখন একটি জটিল বাস্তবতা। একদিকে চীনা এআই মডেলগুলো তুলনামূলক সস্তা, সহজলভ্য এবং প্রতিযোগিতামূলক সক্ষমতাসম্পন্ন। অন্যদিকে এসব মডেল কীভাবে প্রশিক্ষিত হচ্ছে, কোন তথ্যকে গুরুত্ব দিচ্ছে এবং কোন বিষয় এড়িয়ে যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। কোনো প্রতিষ্ঠান যদি এমন একটি ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দায়িত্ব ছেড়ে দেয়, যার চিন্তাপদ্ধতি একটি বিদেশি সরকারের রাজনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাহলে সেই প্রতিষ্ঠান কি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ধরে রাখতে পারবে?
এই প্রশ্নের সমাধান হিসেবে চীনা এআই নিষিদ্ধ করার পরিবর্তে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর গুরুত্ব দেওয়ার প্রস্তাব সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের ১৯৩৮ সালের বিদেশি এজেন্ট নিবন্ধন আইন ব্যবহার করে চীনা রাষ্ট্রীয় প্রভাবাধীন এআই প্রতিষ্ঠানগুলোকে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধনের আওতায় আনার পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এমন একটি প্রযুক্তিগত জোট গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে, যা চীনা মডেলের বিকল্প দিতে পারবে।
এআই কি শুধু পণ্য, নাকি রাজনৈতিক প্রভাবের মাধ্যম?
বিদেশি রাষ্ট্রের প্রভাব বিস্তারের চেষ্টা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কোনো বিষয় নয়। অতীতে গুপ্তচর, রাজনৈতিক যোগাযোগ, সংবাদমাধ্যম এবং অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন দেশ মার্কিন জনমত ও নীতিনির্ধারণে প্রভাব ফেলতে চেয়েছে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রচেষ্টাকে নতুন মাত্রা দিতে পারে।

সাধারণ সফটওয়্যার নির্দিষ্ট নির্দেশ অনুসারে কাজ করে। কিন্তু আধুনিক এআই মডেল তথ্য বিশ্লেষণ করে, যুক্তি সাজায়, পরামর্শ দেয় এবং অনেক ক্ষেত্রে মানুষের হয়ে সিদ্ধান্তও নিতে পারে। ব্যবহারকারী যে তথ্য জানতে চান, তার উত্তরে মডেল কোন বিষয়গুলো তুলে ধরবে, কোন তথ্য বাদ দেবে এবং কী ধরনের সুপারিশ করবে—এসবের ওপর নির্ভর করে তার সিদ্ধান্তের মান ও দিকনির্দেশনা।
এখানেই রাজনৈতিক প্রভাবের ঝুঁকি তৈরি হয়। কোনো এআই মডেল যদি একটি নির্দিষ্ট রাষ্ট্রের রাজনৈতিক অবস্থানকে সব সময় ইতিবাচকভাবে উপস্থাপন করে, সমালোচনামূলক তথ্য এড়িয়ে যায় কিংবা বিতর্কিত বিষয়ে একপক্ষীয় ব্যাখ্যা দেয়, তাহলে ব্যবহারকারী হয়তো বুঝতেই পারবেন না যে তিনি নিরপেক্ষ তথ্য পাচ্ছেন না।
যুক্তরাষ্ট্রের তৈরি কিছু জনপ্রিয় এআই মডেলকে প্রশ্ন করলে দেশটির রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, ইতিহাসের বিতর্কিত অধ্যায় কিংবা সরকারের সমালোচনা সম্পর্কে উত্তর পাওয়া যায়। কিন্তু চীনা মডেলগুলোর ক্ষেত্রে এ ধরনের স্বাধীনতা সব সময় দেখা যায় না—এমন অভিযোগ রয়েছে।
এর পেছনে চীনের নিয়ন্ত্রক কাঠামো গুরুত্বপূর্ণ। দেশটির ২০২৩ সালের জেনারেটিভ এআই-সংক্রান্ত বিধিমালায় মডেলগুলোকে রাষ্ট্রনির্ধারিত সমাজতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা, জাতীয় ঐক্য বা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে—এমন বিষয়বস্তু এড়িয়ে চলার বাধ্যবাধকতা রয়েছে।
চীনা কর্তৃপক্ষের নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ডে নিষিদ্ধ শব্দের তালিকা এবং নির্দিষ্ট প্রশ্নের উত্তর প্রত্যাখ্যানের মতো শর্তও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এসব মডেলের প্রশিক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক সীমারেখা কেবল পরোক্ষভাবে নয়, সরাসরি প্রভাব ফেলতে পারে।
এ ধরনের নিয়ন্ত্রণের ফলে একটি এআই মডেল শুধু নির্দিষ্ট তথ্য গোপন করে না; বরং কোনো বিষয়কে কীভাবে ব্যাখ্যা করতে হবে, সে সম্পর্কেও একধরনের কাঠামো তৈরি হতে পারে। ব্যবহারকারী যদি সেই কাঠামো সম্পর্কে অবগত না থাকেন, তাহলে প্রযুক্তির মাধ্যমে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
অদৃশ্য পক্ষপাতের ঝুঁকি আরও গভীরে
এআইয়ের রাজনৈতিক পক্ষপাত নিয়ে আলোচনা সাধারণত তার প্রকাশ্য উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু উন্নত মডেলগুলো তথ্য বিশ্লেষণের সময় অভ্যন্তরীণভাবে যে প্রক্রিয়া অনুসরণ করে, সেটিও গুরুত্বপূর্ণ।
একটি মডেল কোনো জটিল প্রশ্নের উত্তর তৈরির আগে বিভিন্ন তথ্য বিবেচনা করে, সম্ভাব্য ব্যাখ্যা যাচাই করে এবং কোন বিষয়কে বেশি গুরুত্ব দেবে তা নির্ধারণ করে। এই অভ্যন্তরীণ যুক্তিপ্রক্রিয়াকে সাধারণভাবে ‘চেইন অব থট’ বলা হয়। ব্যবহারকারী সাধারণত এর সম্পূর্ণ বিবরণ দেখতে পান না।
কোনো মডেল যদি এই পর্যায়েই নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানকে অগ্রাধিকার দেয়, তাহলে তার পক্ষপাত শুধু প্রকাশ্য বক্তব্যে সীমাবদ্ধ থাকবে না। কোন তথ্যকে প্রাসঙ্গিক মনে করা হচ্ছে, কোন প্রমাণকে উপেক্ষা করা হচ্ছে এবং কোন সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে—সব ক্ষেত্রেই তার প্রভাব পড়তে পারে।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল কিউওয়েন নিয়ে এক গবেষণায় এমন কিছু প্রবণতার কথা উঠে এসেছে। গবেষকদের পর্যবেক্ষণে, চীন সম্পর্কে যুক্তি সাজানোর সময় মডেলটির মধ্যে ইতিবাচক বক্তব্যকে অগ্রাধিকার দেওয়া, সমালোচনা এড়িয়ে চলা এবং অর্জনগুলোকে সামনে আনার প্রবণতা দেখা গেছে।
এর অর্থ, কোনো মার্কিন প্রতিষ্ঠান যদি গবেষণা, প্রতিবেদন তৈরি কিংবা ব্যবসায়িক বিশ্লেষণের জন্য এমন মডেল ব্যবহার করে, তাহলে চীনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। প্রতিষ্ঠানটি হয়তো বুঝতেই পারবে না যে তার বিশ্লেষণের ভিত্তি অসম্পূর্ণ বা একপেশে।
এআইয়ের প্রভাব এখানেই শেষ নয়। এ প্রযুক্তি মানুষের মতামত পরিবর্তনেও সক্ষম হতে পারে। নেচার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় যুক্তরাষ্ট্র, কানাডা ও পোল্যান্ডের প্রায় ছয় হাজার ভোটারকে এআই মডেলের সঙ্গে কথোপকথনে যুক্ত করা হয়েছিল। মডেলগুলো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে যুক্তি তুলে ধরেছিল। গবেষণায় দেখা যায়, একটি কথোপকথনের পর কানাডা ও পোল্যান্ডে বিরোধী প্রার্থীর সমর্থকদের পছন্দে প্রায় ১০ শতাংশ পয়েন্ট পর্যন্ত পরিবর্তন ঘটেছিল।

এআইয়ের প্রভাব বিস্তারের একটি বড় কারণ হলো, এটি আত্মবিশ্বাসের সঙ্গে বিপুল পরিমাণ তথ্য, পরিসংখ্যান ও ঐতিহাসিক দাবি উপস্থাপন করতে পারে। ব্যবহারকারীর কাছে এমন উত্তর বিশ্বাসযোগ্য মনে হতে পারে, যদিও তার মধ্যে নির্বাচিত তথ্য, অসম্পূর্ণ ব্যাখ্যা কিংবা রাজনৈতিক পক্ষপাত থাকতে পারে।
এ কারণে এআইয়ের রাজনৈতিক প্রভাবকে শুধু প্রচারণামূলক বক্তব্যের সমস্যা হিসেবে দেখলে চলবে না। তথ্য নির্বাচন, যুক্তি নির্মাণ এবং সিদ্ধান্তের সুপারিশ—প্রতিটি পর্যায়েই এর প্রভাব কাজ করতে পারে।
নিরাপত্তার ঝুঁকি শুধু তথ্যের মধ্যে সীমাবদ্ধ নয়
চীনা এআই মডেল নিয়ে উদ্বেগের আরেকটি দিক হলো সাইবার নিরাপত্তা। কোনো মডেল কী ধরনের তথ্য তৈরি করছে, তার পাশাপাশি এটি ব্যবহারকারীর অনুমতি ছাড়া কী ধরনের কাজ করতে পারে, সেটিও গুরুত্বপূর্ণ।
কানাডার প্রযুক্তি প্রতিষ্ঠান কোহেরের এক নিরাপত্তা পরীক্ষায় আলিবাবার কিউওয়েন মডেলকে নির্দেশ ছাড়াই বেইজিংয়ের একটি ক্লাউড সার্ভারে ফাইল পাঠানোর চেষ্টা করতে দেখা যায়। পরীক্ষায় ঘটনাটি একবারই ঘটেছিল। প্রতিষ্ঠানটি নিশ্চিত করতে পারেনি, এটি ইচ্ছাকৃত আচরণ ছিল, নাকি প্রশিক্ষণজনিত কোনো ত্রুটি।
অন্যদিকে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের এক গবেষণায় দেখা যায়, তিব্বতি, উইঘুর কিংবা ফালুন গংয়ের মতো চীনের কাছে রাজনৈতিকভাবে সংবেদনশীল গোষ্ঠীর উল্লেখ রয়েছে—এমন কোড লেখার অনুরোধ পেলে ডিপসিকের তৈরি কোডে গুরুতর নিরাপত্তা ত্রুটি থাকার সম্ভাবনা বেড়ে যায়। গবেষণায় এই প্রবণতার সম্ভাব্য কারণ হিসেবে চীনের রাষ্ট্রনির্ধারিত মূল্যবোধ অনুসরণের বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়েছে।
এ ধরনের পর্যবেক্ষণ থেকে প্রতিটি চীনা মডেলকে অনিরাপদ বলে ঘোষণা করা যায় না। তবে এগুলো দেখায়, রাজনৈতিক নিয়ন্ত্রণ, প্রশিক্ষণপদ্ধতি এবং প্রযুক্তিগত নিরাপত্তার মধ্যে সম্পর্ক থাকতে পারে। এআই যখন প্রতিষ্ঠানের সফটওয়্যার তৈরি, তথ্য ব্যবস্থাপনা কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোর সঙ্গে যুক্ত হবে, তখন এ ধরনের ঝুঁকি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
কম দামই চীনা এআইয়ের সবচেয়ে বড় শক্তি
এসব উদ্বেগ থাকা সত্ত্বেও চীনা এআই মডেলের ব্যবহার দ্রুত বাড়ছে। এর প্রধান কারণ মূল্য এবং সহজলভ্যতা। চীনের অনেক প্রতিষ্ঠান তাদের মডেলের উন্মুক্ত সংস্করণ প্রকাশ করে, যা বিভিন্ন প্রতিষ্ঠান বিনা মূল্যে সংগ্রহ করে নিজেদের কম্পিউটারে চালাতে পারে। প্রয়োজনে সেগুলো নিজেদের মতো করে পরিবর্তন ও প্রশিক্ষণ দেওয়ার সুযোগও থাকে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনেক উন্নত মডেল ব্যবহার করতে হলে নির্দিষ্ট প্রতিষ্ঠানের সেবা নিতে হয় এবং প্রতিবার ব্যবহারের জন্য অর্থ দিতে হয়। মডেলগুলো নিজেদের মতো পরিবর্তন করার সুযোগও সীমিত। ফলে প্রযুক্তিগত সক্ষমতা কাছাকাছি হলে কম খরচের চীনা মডেল ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে।
এআই গবেষণা প্রতিষ্ঠান এপক এআইয়ের মূল্যায়ন অনুযায়ী, সক্ষমতার দিক থেকে চীনা মডেলগুলো যুক্তরাষ্ট্রের অগ্রবর্তী মডেলের তুলনায় প্রায় সাত মাস পিছিয়ে রয়েছে। অর্থাৎ, ব্যবধান থাকলেও অনেক ব্যবসায়িক কাজে এই পার্থক্য বড় বাধা নয়। বরং কম খরচে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারাই চীনা মডেলগুলোর প্রতিযোগিতামূলক সুবিধা।
এর ফলে বিশ্বজুড়ে চীনা মডেলের ব্যবহার বাড়ছে। আলিবাবার কিউওয়েনকে কেন্দ্র করে বিপুলসংখ্যক নতুন মডেল তৈরি হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর নাগাদ জনপ্রিয় এআই বাজারব্যবস্থা ওপেনরাউটারের মোট ব্যবহারের সর্বোচ্চ ৬৭ শতাংশ পর্যন্ত চীনা মডেলগুলোর দখলে ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানও এসব মডেল ব্যবহার করছে। সফটওয়্যার নির্মাণ, অনলাইন সেবা এবং আইনি প্রযুক্তির মতো খাতেও এর ব্যবহার রয়েছে।
এখানে একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য দেখা যায়। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চীনের প্রযুক্তিগত প্রভাব নিয়ে উদ্বিগ্ন, কিন্তু নিজেদের তৈরি বিকল্পগুলো অনেক ক্ষেত্রে বেশি ব্যয়বহুল। ফলে নিরাপত্তা ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্ন থাকলেও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খরচ কমানোর স্বার্থে চীনা মডেলের দিকে ঝুঁকছে।
প্রযুক্তির বাজারে শুধু নিষেধাজ্ঞা দিয়ে এই প্রবণতা ঠেকানো কঠিন। বিকল্প যদি সাশ্রয়ী ও কার্যকর না হয়, তাহলে প্রতিষ্ঠানগুলো অন্য পথ খুঁজবে। তাই চীনা এআইয়ের প্রভাব মোকাবিলায় রাজনৈতিক সতর্কতার পাশাপাশি অর্থনৈতিক প্রতিযোগিতার সক্ষমতাও জরুরি।

নিষেধাজ্ঞার বদলে স্বচ্ছতার আইন
চীনা এআইয়ের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার প্রস্তাব নিয়ে আলোচনা রয়েছে। কিন্তু সব বিদেশি প্রযুক্তি নিষিদ্ধ করার পরিবর্তে বিদ্যমান আইন প্রয়োগের একটি ভিন্ন পথের কথা বলা হচ্ছে।
১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রে প্রণীত বিদেশি এজেন্ট নিবন্ধন আইন বা এফএআরএ মূলত বিদেশি রাষ্ট্রের পক্ষে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তৈরি হয়েছিল। এ আইনের উদ্দেশ্য বিদেশি প্রচারণা পুরোপুরি বন্ধ করা নয়; বরং কে কার পক্ষে কাজ করছে, তার অর্থায়ন কোথা থেকে আসছে এবং কোন স্বার্থে যোগাযোগ বা প্রচার চালানো হচ্ছে—এসব তথ্য প্রকাশ্যে আনা।
অতীতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এবং চীনের সিনহুয়া ও সিজিটিএনের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ আইন প্রয়োগ করা হয়েছে। বিদেশি সরকারের পক্ষে কাজ করেও নিবন্ধন না করার অভিযোগে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলাও হয়েছে।
এই আইনের আওতায় চীনা এআই প্রতিষ্ঠানগুলোকে আনার পক্ষে যুক্তি হলো, তাদের মডেলগুলো শুধু বাণিজ্যিক পণ্য নয়; চীনের রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর প্রভাবও বহন করে। চীনের আইনে এআই প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় গোয়েন্দা কার্যক্রমে সহযোগিতা করার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে কমিউনিস্ট পার্টির সাংগঠনিক উপস্থিতি এবং রাষ্ট্রীয় সহায়তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
তবে এফএআরএ প্রয়োগ করতে হলে শুধু কোনো প্রতিষ্ঠানের চীনা পরিচয় থাকলেই চলবে না। প্রমাণ করতে হবে, প্রতিষ্ঠানটি বিদেশি রাষ্ট্রের নির্দেশ, অনুরোধ, নিয়ন্ত্রণ বা পরিচালনার অধীনে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রে প্রভাব বিস্তারের মতো কার্যক্রমে যুক্ত রয়েছে।
এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ। কোনো বিদেশি প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় বিনিয়োগ থাকলেই সেটিকে বিদেশি সরকারের এজেন্ট বলা যায় না। যেমন, ফ্রান্সের একটি রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠানের কোনো এআই কোম্পানিতে অংশীদারত্ব থাকলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে ফরাসি সরকারের রাজনৈতিক নির্দেশে কাজ করছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। চীনের ক্ষেত্রে উদ্বেগের ভিত্তি হলো, রাষ্ট্রীয় আইন ও রাজনৈতিক কাঠামো সরাসরি মডেলের আচরণকে প্রভাবিত করতে পারে।
এফএআরএ কার্যকর হলে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে তাদের অর্থায়ন, চুক্তি, মৌখিক সমঝোতা এবং প্রভাব বিস্তারের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। পাশাপাশি তাদের তৈরি ও প্রচারিত বিষয়বস্তুতে বিদেশি পৃষ্ঠপোষকতার পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
চীনা এআইয়ের ক্ষেত্রে প্রতিটি উত্তরের সঙ্গে এমন একটি ঘোষণা যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারী জানতে পারেন যে উত্তরটি চীনা সরকার ও কমিউনিস্ট পার্টির প্রভাবাধীন প্রতিষ্ঠানের তৈরি মডেল থেকে এসেছে। এতে ব্যবহারকারীকে উত্তরটি গ্রহণ বা প্রত্যাখ্যানের স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু তার আগে তিনি জানতে পারবেন তথ্যের সম্ভাব্য রাজনৈতিক উৎস কী।
শুধু মডেল নয়, ব্যবহারকারী প্রতিষ্ঠানও দায় এড়াতে পারবে না
এই বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান চীনা এআই ব্যবহার করলে তার দায় কতটা হতে পারে।
ধরা যাক, একটি মার্কিন প্রতিষ্ঠান চীনা মডেলকে কোনো পরিবর্তন ছাড়াই গ্রাহকসেবা, অনলাইন আলোচনা কিংবা রাজনৈতিক তথ্য সরবরাহের কাজে ব্যবহার করছে। মডেলটি যদি নিয়মিত চীনা সরকারের দৃষ্টিভঙ্গি প্রচার করে, তাহলে প্রতিষ্ঠানটি কার্যত সেই বক্তব্যের পরিবেশক হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধনের বাধ্যবাধকতা তৈরি হতে পারে—এমন যুক্তি তুলে ধরা হয়েছে।
অবশ্য সব ধরনের ব্যবহারকে একইভাবে দেখা যাবে না। কোনো প্রতিষ্ঠান যদি শুধু হোটেলের কক্ষ বুকিং, যাতায়াতের সময় কিংবা সাধারণ গ্রাহকসেবার মতো অরাজনৈতিক কাজে মডেলটি ব্যবহার করে, তাহলে সেটি রাজনৈতিক প্রচারণার সমতুল্য নয়।
আরও গভীর ঝুঁকি তৈরি হয় যখন কোনো প্রতিষ্ঠান এআইয়ের হাতে সিদ্ধান্ত গ্রহণের বড় দায়িত্ব তুলে দেয়। কোনো কোম্পানি যদি কৌশলগত পরিকল্পনা, বিনিয়োগ, পরিচালনা কিংবা ব্যবসায়িক নীতিনির্ধারণে একটি চীনা মডেলের পরামর্শকে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে, তাহলে সেই মডেলের রাজনৈতিক পক্ষপাত প্রতিষ্ঠানের সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে।
এখানে এআইকে কেবল একটি সফটওয়্যার হিসেবে দেখার সুযোগ নেই। এটি যদি প্রতিষ্ঠানের কার্যত কৌশলগত উপদেষ্টা বা নির্বাহী সিদ্ধান্তদাতার ভূমিকা নেয়, তাহলে তার পেছনের নিয়ন্ত্রণব্যবস্থাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
২০২৬ সালের আইবিএমের প্রধান নির্বাহীদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৬৪ শতাংশ নির্বাহী এআইয়ের পরামর্শের ভিত্তিতে বড় কৌশলগত সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। একই জরিপে ২০৩০ সালের মধ্যে নিয়মিত পরিচালনাগত সিদ্ধান্তের ৪৮ শতাংশ এআইয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নেওয়ার প্রত্যাশার কথা উঠে এসেছে। এই প্রবণতা দেখায়, ভবিষ্যতে এআইয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও বাড়তে পারে।
তবে এফএআরএ প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা জরুরি। শুধু কোনো প্রতিষ্ঠান চীনা মডেল ব্যবহার করছে বলেই তাকে বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করা উচিত নয়। প্রমাণ করতে হবে, প্রতিষ্ঠানটি এমনভাবে বিদেশি মডেলের নির্দেশনা বা নিয়ন্ত্রণের অধীনে কাজ করছে, যাতে তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নিয়ন্ত্রণের নামে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা যাবে না
বিদেশি প্রভাব মোকাবিলার যুক্তি যত শক্তিশালীই হোক, তার প্রয়োগে গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষা করা অপরিহার্য। বিদেশি এজেন্ট আইন অনেক দেশে ভিন্নমত দমন, নাগরিক সংগঠন নিয়ন্ত্রণ এবং স্বাধীন সংবাদমাধ্যমকে চাপে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।
রাশিয়ায় বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত ব্যক্তিদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নানা বাধা আরোপ করা হয়েছে। তাই যুক্তরাষ্ট্র যদি একই ধরনের আইন প্রয়োগ করে, তাহলে তার লক্ষ্য ও সীমা স্পষ্ট রাখতে হবে।
এফএআরএর মূল উদ্দেশ্য হওয়া উচিত পরিচয় প্রকাশ ও জবাবদিহি নিশ্চিত করা, বক্তব্য নিষিদ্ধ করা নয়। কোনো প্রতিষ্ঠান বিদেশি সরকারের পক্ষে কাজ করলে সেটি জানাতে হবে। কিন্তু নিবন্ধনের পরও তার বক্তব্য প্রকাশের অধিকার থাকবে। এই সীমারেখা অতিক্রম করে আইন প্রয়োগ করা হলে বিদেশি প্রভাব ঠেকানোর উদ্যোগই গণতন্ত্রের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে।
একই সঙ্গে এআই মডেল থেকে রাজনৈতিক পক্ষপাত দূর করার সম্ভাবনাও খতিয়ে দেখা দরকার। কোনো প্রতিষ্ঠান প্রশিক্ষণের মাধ্যমে চীনা মডেলের নির্দিষ্ট পক্ষপাত কমাতে পারলে তার দায় ও আইনি অবস্থান আলাদাভাবে বিবেচনা করা যেতে পারে। তবে শুধু কিছু প্রশ্নের উত্তর পরিবর্তন করলেই মডেলের গভীর যুক্তিপ্রক্রিয়ার পক্ষপাত দূর হয়েছে—এমন নিশ্চয়তা নেই।
চীনের বিকল্প দিতে হবে বিশ্বকে
যুক্তরাষ্ট্রের জন্য সমস্যাটি শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার নয়। চীনা এআই আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশগুলোকে এ প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে চীন আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন উদ্যোগও নিচ্ছে। ২০২৬ সালের জুলাইয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ২৯টি দেশের অংশগ্রহণে সাংহাইভিত্তিক বিশ্ব এআই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেন। এর লক্ষ্য হিসেবে নিরাপদ, ন্যায্য ও সবার জন্য উপযোগী এআই ব্যবস্থার কথা বলা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে চীন শুধু প্রযুক্তি বিক্রি করছে না; বরং আন্তর্জাতিক এআই ব্যবস্থার মানদণ্ড নির্ধারণেও ভূমিকা বাড়াতে চাইছে। উন্নয়নশীল দেশগুলোর কাছে সাশ্রয়ী প্রযুক্তি পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হলে তাদের প্রযুক্তিগত অবকাঠামো, ব্যবসা এবং সরকারি সেবায় চীনা মডেলের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তাই শুধু চীনা প্রযুক্তির ঝুঁকি তুলে ধরলে চলবে না। তাদের এমন বিকল্প তৈরি করতে হবে, যা দাম, সক্ষমতা ও ব্যবহারিক সুবিধার দিক থেকে প্রতিযোগিতা করতে পারে।
এ জন্য একটি মিত্রদেশভিত্তিক এআই জোট গঠনের প্রস্তাব রয়েছে। এই জোটের সদস্যদের মধ্যে কিছু মৌলিক নীতি থাকা প্রয়োজন: কোনো মডেলকে রাষ্ট্রীয় মতাদর্শ প্রচারে বাধ্য করা যাবে না, প্রশিক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে এবং স্বাধীনভাবে মডেল পরীক্ষা ও নিরীক্ষার সুযোগ থাকতে হবে।
এ ধরনের জোটের মডেলগুলোকে সাশ্রয়ী করাও জরুরি। এআই অবকাঠামোর জন্য প্রয়োজনীয় কম্পিউটিং ক্ষমতা ও বিদ্যুতের ব্যয় কমাতে সরকারগুলো সহায়তা দিতে পারে। নিয়ন্ত্রক জটিলতা কমানো, বড় পরিসরে প্রযুক্তি কেনার প্রতিশ্রুতি এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য রপ্তানি ঋণ ও আর্থিক নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে বাজার সম্প্রসারণ করা সম্ভব।
একই সঙ্গে সরকারি সহায়তা পাওয়া মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও জনস্বার্থে মূল্য কমানোর শর্ত চাওয়া যেতে পারে। সরকারি চুক্তি কিংবা সরকারি জমিতে তথ্যকেন্দ্র নির্মাণের অনুমতির বিনিময়ে প্রতিষ্ঠানগুলোকে সাশ্রয়ী প্রযুক্তি সরবরাহের বাধ্যবাধকতায় আনা যেতে পারে। এতে শুধু চীনের ওপর নির্ভরতা কমবে না, বরং উন্নত এআই প্রযুক্তির সুবিধা আরও বিস্তৃত হবে।

প্রযুক্তির প্রতিযোগিতা আসলে নিয়ন্ত্রণের প্রতিযোগিতা
কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নির্ধারণের লড়াই শুধু কে বেশি শক্তিশালী মডেল তৈরি করতে পারবে, সেই প্রশ্নে সীমাবদ্ধ থাকবে না। কোন দেশের আইন, মূল্যবোধ ও রাজনৈতিক কাঠামো এসব মডেলের আচরণকে প্রভাবিত করবে, সেটিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
চীনা মডেলগুলোর কম দাম ও সহজলভ্যতা বিশ্ববাজারে তাদের অবস্থান শক্তিশালী করছে। কিন্তু কোনো প্রযুক্তি সস্তা হলেই তা নিরপেক্ষ বা ঝুঁকিমুক্ত হয়ে যায় না। বিশেষ করে যখন এআই মানুষের হয়ে তথ্য বাছাই, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছে, তখন তার পেছনের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানা জরুরি।
যুক্তরাষ্ট্রের সামনে তাই দুটি কাজ। প্রথমত, বিদেশি রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা এআইয়ের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা। দ্বিতীয়ত, এমন বিকল্প তৈরি করা, যা ব্যবহারকারীদের শুধু নিরাপত্তার আশ্বাস নয়, বাস্তব অর্থনৈতিক সুবিধাও দেবে।
নিষেধাজ্ঞা দিয়ে হয়তো কোনো প্রযুক্তির প্রবেশ সাময়িকভাবে সীমিত করা সম্ভব। কিন্তু দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নত, সাশ্রয়ী ও বিশ্বাসযোগ্য বিকল্প দিতে হবে। অন্যথায় ব্যবসাপ্রতিষ্ঠান ও উন্নয়নশীল দেশগুলো খরচের হিসাবেই সিদ্ধান্ত নেবে।
গণতন্ত্রের জন্য বিদেশি প্রভাব নতুন কোনো বিষয় নয়। নতুন চ্যালেঞ্জ হলো, সেই প্রভাব এখন এমন প্রযুক্তির ভেতরে প্রবেশ করতে পারে, যাকে মানুষ নিরপেক্ষ সহকারী হিসেবে ব্যবহার করছে। ফলে ঝুঁকিটি সব সময় দৃশ্যমান হবে না। কোনো সংবাদমাধ্যমের প্রচারণা বা রাজনৈতিক বক্তব্যের মতো সহজে তা শনাক্ত করাও সম্ভব হবে না।
এআইয়ের যুগে সবচেয়ে বড় প্রশ্ন তাই প্রযুক্তিটি কোথায় তৈরি হয়েছে, শুধু তা নয়; বরং কে সেটিকে নিয়ন্ত্রণ করছে, কীভাবে তার সিদ্ধান্ত তৈরি হচ্ছে এবং ব্যবহারকারী সেই তথ্য জানার সুযোগ পাচ্ছেন কি না। প্রযুক্তির স্বাধীনতা ও গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ রক্ষার জন্য এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চিত করাই এখন জরুরি।













