কাশ্মীরের বিয়ের অনুষ্ঠানে রাতভর ভোজের প্রচলিত রীতিতে পরিবর্তন আসছে। দীর্ঘ সময় কাজ করা এবং পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে বিয়ের মধ্যাহ্নভোজ ও রাতের খাবার পরিবেশনের সময়সীমা নির্ধারণ করেছেন স্থানীয় ঐতিহ্যবাহী রাঁধুনিরা। তাঁদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুপুরের খাবার পরিবেশন শেষ করতে হবে বিকেল ৩টার মধ্যে। আর রাতের খাবার পরিবেশন করতে হবে রাত ১০টার মধ্যে।
কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবার ‘ওয়াজওয়ান’ তৈরিতে দক্ষ এই রাঁধুনিরা স্থানীয়ভাবে ‘ওয়াজা’ নামে পরিচিত। বিয়ের মৌসুমে তাঁদের চাহিদা থাকে সবচেয়ে বেশি। বহু পদের ঐতিহ্যবাহী ওয়াজওয়ান তৈরি করতে দীর্ঘ সময় ও কঠোর পরিশ্রম করতে হয় তাঁদের।
বুধবার কাশ্মীরি ওয়াজা অ্যাসোসিয়েশন জানায়, পর্যাপ্ত ঘুমের অভাব এবং অমানবিক কর্মপরিবেশের কারণে তাঁরা খাবার পরিবেশনের সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছেন।
সংগঠনটির প্রধান গোলাম নবী ওয়াজা বলেন, বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে বরযাত্রীর আপ্যায়নে রাতের খাবার পরিবেশনে প্রায়ই দেরি হয়। অনেক সময় রাত ১২টা কিংবা ১টার আগে খাবার পরিবেশন শুরুই হয় না। খাবার পরিবেশন শেষ করে রাঁধুনিদের বিশ্রামের জন্য খুব সামান্য সময় থাকে।
তিনি বলেন, আয়োজকদের পক্ষ থেকে অনেক সময় তাঁদের ঘুমানোর জন্য উপযুক্ত পরিবেশ ও বিছানার ব্যবস্থাও করা হয় না। গভীর রাতে খাবার পরিবেশনের এই চাপ রাঁধুনি সম্প্রদায়ের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।
রাতের বিয়ের আয়োজন বাড়ায় চাপ
কাশ্মীরে সশস্ত্র তৎপরতা কমে আসার পর বিশেষ করে শহরাঞ্চলে গভীর রাতে বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রবণতা বেড়েছে। এর ফলে ওয়াজাদের কাজের চাপও বেড়েছে। দীর্ঘ সময় ধরে মধ্যাহ্নভোজ ও রাতের খাবার পরিবেশনের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন তাঁরা।
গোলাম নবী ওয়াজা জানান, বিয়ের খাবার তৈরির প্রস্তুতি শুরু হয় ভোর থেকেই। ঐতিহ্যবাহী ওয়াজওয়ানের বিভিন্ন পদ কাঠের আগুনে ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে রান্না করতে হয়। রান্না শেষ হওয়ার পর অতিথিদের জন্য অপেক্ষা করতে হয়। অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চললে সেই অপেক্ষা ও কর্মঘণ্টা রাঁধুনিদের জন্য অসহনীয় হয়ে ওঠে।
নতুন সময়সূচি মেনে চলতে স্থানীয় বাসিন্দা ও বিয়ের আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। রাঁধুনিদের মতে, বিয়ের আনন্দ আয়োজনের পাশাপাশি তাঁদের বিশ্রাম, ঘুম ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাও জরুরি।











