শীতের আগমনে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ মন্দিরের দরজা। বুধবার বৈদিক মন্ত্রপাঠ ও ঐতিহ্যবাহী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয় মাসের জন্য মন্দিরের প্রবেশদ্বার বন্ধ করা হয়। চলতি তীর্থযাত্রার মৌসুমে মন্দিরটিতে ১৯ লাখের বেশি ভক্তের সমাগম হয়েছে।
উত্তরাখণ্ড সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৭০০ ফুটের বেশি উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দিরে গত এপ্রিল থেকে শুরু হওয়া তীর্থযাত্রার মৌসুমে বিপুলসংখ্যক পুণ্যার্থী সমবেত হন।
মন্দির বন্ধের আনুষ্ঠানিকতা শুরু হয় বুধবার ভোরে। এ সময় পুরোহিতরা বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আচার পালন করেন। পরে দেবতার প্রতীক বহনকারী আনুষ্ঠানিক পালকি নিয়ে যাত্রা শুরু হয় উখিমঠের ওমকারেশ্বর মন্দিরের উদ্দেশে। শীতকালে আগামী ছয় মাস এই মন্দিরেই ভক্তরা শিবের পূজা ও প্রার্থনা করতে পারবেন।
চারধাম যাত্রায় রেকর্ডসংখ্যক পুণ্যার্থী
কেদারনাথের পাশাপাশি গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজাও শীতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুই মন্দিরে এবার সম্মিলিতভাবে ১৮ লাখের বেশি পুণ্যার্থী গেছেন।
বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, চলতি বছর চারধাম যাত্রায় মোট ৬০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। চারধামের অন্তর্ভুক্ত বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী—চারটি তীর্থস্থানেই এবার উল্লেখযোগ্যসংখ্যক ভক্তের সমাগম হয়েছে।
তিনি বলেন, চারধাম যাত্রায় এবার রেকর্ডসংখ্যক পুণ্যার্থীর উপস্থিতি দেখা গেছে। আগামী ১৬ নভেম্বর বদ্রীনাথ মন্দিরের দরজা বন্ধের মধ্য দিয়ে এ বছরের যাত্রা শেষ হবে।
উত্তরাখণ্ডের অর্থনীতিতে বড় অবদান
ধর্মীয় গুরুত্বের পাশাপাশি চারধাম যাত্রা উত্তরাখণ্ডের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই তীর্থযাত্রাকে কেন্দ্র করে হোটেল, রেস্তোরাঁ, পর্যটন পরিচালনা, ট্যাক্সি, পর্যটক গাইড, পুরোহিতের সেবা, খচ্চর পরিবহন, মালপত্র বহন এবং হস্তশিল্পসহ বিভিন্ন খাতে কর্মসংস্থান তৈরি হয়।
রাজ্য সরকারের হিসাবে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ লাখের বেশি মানুষের জীবিকা এই তীর্থযাত্রার ওপর নির্ভরশীল। ছয় মাসের এই মৌসুমে প্রায় ৭ হাজার ৫০০ কোটি রুপি আয় হয়।
তবে এবারের মৌসুমে কিছু চ্যালেঞ্জও ছিল। অতিরিক্ত উচ্চতায় অবস্থিত তীর্থস্থানগুলোতে স্বাস্থ্যজনিত কারণে ২৮৭ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে কয়েক দফায় তীর্থযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং পুণ্যার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটে।











