বিশ্ববাজারে টানা দরপতনের পর শুক্রবার (১৩ নভেম্বর) সোনার দাম কিছুটা বেড়েছে। আগের দিন এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় কম দামে সোনা কেনার সুযোগ নিয়েছেন বিনিয়োগকারীরা। তবে দিনের শুরুতে দাম বাড়লেও পুরো সপ্তাহের হিসাবে মূল্যবান ধাতুটির দাম বড় ধরনের পতনের মুখে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন মূল্যস্ফীতির তথ্য এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বিরাজ করছে।
আউন্সপ্রতি সোনার দাম ৩ হাজার ৮৯৮ ডলার
শুক্রবার আন্তর্জাতিক সময় সকাল ৭টা ৪০ মিনিটে বিশ্ববাজারে তাৎক্ষণিক লেনদেনের জন্য সোনার দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৯৮ দশমিক ২৭ ডলারে পৌঁছায়। অন্যদিকে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনার ভবিষ্যৎ চুক্তির দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৯০২ দশমিক ৭০ ডলারে।
তবে এই সাময়িক উত্থান সত্ত্বেও চলতি সপ্তাহে সোনার দাম এখন পর্যন্ত ৪ দশমিক ১ শতাংশ কমেছে। ফলে সপ্তাহ শেষে বড় ধরনের দরপতনের আশঙ্কা কাটেনি।
হঠাৎ দাম বাড়ার পেছনে কী কারণ
বাজার বিশ্লেষকদের মতে, বৃহস্পতিবারের বড় পতনের পর সোনার দাম অতিরিক্ত নিচে নেমে যাওয়ায় শুক্রবার বিনিয়োগকারীদের একটি অংশ নতুন করে কেনাকাটা শুরু করেছেন।
আন্তর্জাতিক আর্থিক বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, আগের দিনের নাটকীয় দরপতনের পর স্বল্পমেয়াদি বেশ কয়েকটি বাজারসূচক অতিরিক্ত বিক্রির পর্যায়ে পৌঁছেছিল। ফলে শুক্রবারের মূল্যবৃদ্ধি মূলত বিনিয়োগকারীদের অবস্থান সমন্বয়ের প্রতিফলন।
তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সরকারি ঋণপত্রের সুদহার হঠাৎ কমে গেলে ডলারের শক্তি কিছুটা দুর্বল হতে পারে। সে ক্ষেত্রে স্বল্পমেয়াদে সোনার দাম আরও বাড়ার সুযোগ তৈরি হবে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বদলে যাচ্ছে বাজারের হিসাব
বৃহস্পতিবার বিশ্ববাজারে সোনার দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা দুর্বল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকে।
তেলের মূল্যবৃদ্ধি নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে সুদহার দীর্ঘ সময় উঁচুতে থাকার পাশাপাশি আরও বাড়ানোর সম্ভাবনাও জোরালো হয়েছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সুদহার বেড়ে গেলে বিনিয়োগকারীরা সুদ প্রদানকারী সম্পদের দিকে বেশি ঝুঁকে পড়েন। কারণ সোনা ধরে রাখলে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না।
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদহার বাড়ার প্রবল সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরে আবারও সুদহার বাড়াতে পারে বলে বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে।
সিএমইর ফেডওয়াচের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদহার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৮৯ শতাংশ। অন্যদিকে শূন্য দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়ার সম্ভাবনা ১১ শতাংশ হিসেবে বিবেচনা করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৃহস্পতিবার নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি সামগ্রিকভাবে শক্তিশালী থাকলেও মূল্যস্ফীতি এখনো বেশি। মূল্যস্ফীতিকে নির্ধারিত লক্ষ্যমাত্রায় নামিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরও সুদহার বাড়াতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় বিনিয়োগকারীরা
শুক্রবার যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচকের নতুন তথ্য প্রকাশের কথা রয়েছে। আন্তর্জাতিক সময় দুপুর ১টা ৩০ মিনিটে প্রকাশিত হওয়ার কথা থাকা এই প্রতিবেদন বাজারের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর আগে প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে নতুন করে বেকারত্ব ভাতার আবেদন প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। তবে আবেদনকারীর সংখ্যা এখনো এমন পর্যায়ে রয়েছে, যা দেশটির শ্রমবাজারের সামগ্রিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।
বিশ্লেষকদের মতে, উৎপাদক পর্যায়ের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হলে সুদহার বৃদ্ধির আশঙ্কা আরও জোরালো হতে পারে। এতে সোনার বাজার নতুন করে চাপের মুখে পড়তে পারে।
রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের বাজারেও অস্থিরতা
শুক্রবার সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে।
আন্তর্জাতিক বাজারে রুপার দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭ দশমিক ০৬ ডলারে।
প্যালাডিয়ামের দাম তুলনামূলক বেশি বেড়েছে। ধাতুটির মূল্য ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯ দশমিক ৬২ ডলারে পৌঁছেছে।
তবে সোনার মতো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামও চলতি সপ্তাহে সামগ্রিকভাবে দরপতনের পথে রয়েছে।
বিশ্ববাজারে সোনার পরবর্তী গতিপথ এখন অনেকাংশে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির পরিস্থিতি, ফেডারেল রিজার্ভের সুদহারসংক্রান্ত সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার ওপর।












