চীনের শেনজেনে আগামী সপ্তাহে এক বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠেয় এই বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি তুলবেন ট্রাম্প। তবে এ নিয়ে তাৎক্ষণিক কোনো চুক্তি হওয়ার প্রত্যাশা করছে না ওয়াশিংটন।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস শুক্রবার সাংবাদিকদের জানান, বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক মনে করেন ট্রাম্প। এ কারণে তিন নেতার বৈঠকে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করতে চান তিনি। আগামী বৃহস্পতিবার চীনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক থেকে কোনো ধরনের চুক্তি বা সমঝোতা আসবে বলে তারা আশা করছেন না। বরং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে ভবিষ্যতে আলোচনার পথ তৈরি করাই হবে এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য।
পারমাণবিক আলোচনায় চীনের অনীহা
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় দীর্ঘদিন ধরেই অনাগ্রহ দেখিয়ে আসছে বেইজিং। চীনের যুক্তি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত অনেক বেশি। তাই অস্ত্র হ্রাসের আলোচনা মূলত এই দুই দেশের মধ্যেই হওয়া উচিত।
তবে ট্রাম্পের পক্ষ থেকে তিন দেশের আলোচনার ওপর জোর দেওয়ায় চীনের আয়োজনে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকেন্দ্রিক কর্মসূচির বাইরে নতুন একটি কূটনৈতিক বিষয় সামনে এসেছে।
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রাশিয়ার কাছে রয়েছে। এরপর যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান। ফলে এই তিন দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ কাঠামো নিউ স্টার্ট চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হয়েছে। দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো সমঝোতা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনায় চীনকে যুক্ত করার চেষ্টা করছেন ট্রাম্প।
তবে রাশিয়া ও চীন—কোনো দেশই ট্রাম্পের প্রস্তাবিত আলোচনায় কতটা আগ্রহ দেখাবে, তা এখনো স্পষ্ট নয়।
ইরান যুদ্ধ নিয়ে আলোচনা, ইউক্রেন প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার ইঙ্গিত
তিন নেতার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ নিয়েও আলোচনা করতে পারেন ট্রাম্প। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টি সেখানে তোলার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা।
পুতিনের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকেরও পরিকল্পনা নেই ট্রাম্পের। ইউক্রেনের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের সেবা ব্যবহারের বিষয়টিও আলোচনায় আসবে না বলে জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা, রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের আলাদা কূটনৈতিক যোগাযোগ রয়েছে। চীন সেই আলোচনার সরাসরি অংশ নয়। তাই তিন নেতার বৈঠকে বিষয়টি তোলাকে উপযুক্ত মনে করছে না ওয়াশিংটন।
এশিয়া সফরে ট্রাম্প, থাকছেন ইলন মাস্কও
সোমবার চার দিনের এশিয়া সফরে রওনা হওয়ার কথা ট্রাম্পের। এই সফরে চীনের পাশাপাশি ফিলিপাইনেও যাবেন তিনি। সফরসঙ্গী হিসেবে থাকবেন ইলন মাস্ক। তবে শি জিনপিং ও পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকে মাস্ক উপস্থিত থাকবেন না।
এদিকে সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
তিন পরাশক্তির নেতাদের এই বৈঠক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে নতুন কূটনৈতিক আলোচনার সূচনা করতে পারে। তবে রাশিয়া ও চীনের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে তাদের প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করবে আলোচনার ভবিষ্যৎ।












