শৈশবে অপহৃত হয়ে দাসত্বের শৃঙ্খলে বন্দি হয়েছিলেন তিনি। সেখান থেকে উঠে এসে হয়েছিলেন মিসরের প্রথম মামলুক সুলতান। ক্রুসেডারদের পরাজিত করার পাশাপাশি ফ্রান্সের রাজাকে মুক্তিপণের বিনিময়ে মুক্ত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শাজার আল-দুর।
১২৫০ সালের ২ মে। কায়রোর আল-আজহার মসজিদে জুমার নামাজের খুতবায় উচ্চারিত হলো এক নতুন নাম। এটি কোনো সম্মান প্রদর্শন বা সৌজন্যের বিষয় ছিল না। আইয়ুবি শাসনামলের কায়রোভিত্তিক সুন্নি মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ মসজিদের খুতবায় কারও নাম উচ্চারণ ছিল সার্বভৌম ক্ষমতার সর্বোচ্চ স্বীকৃতি। এর অর্থ, তিনি সুলতান হিসেবে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। সেনাবাহিনী তাঁর নামে যুদ্ধ করবে এবং মিসরে তাঁর ওপরে আর কোনো কর্তৃত্ব থাকবে না।
সেদিন খতিবের কণ্ঠে উচ্চারিত এবং খুতবার সঙ্গে সঙ্গে তৈরি হওয়া ভারী স্বর্ণমুদ্রায় খোদাই করা নামটি ছিল এক নারীর। মাত্র এক দশক আগেও তিনি ছিলেন দাসী। এখন তিনি মিসরের প্রথম মামলুক সুলতান। তাঁর নাম শাজার আল-দুর, যার আক্ষরিক অর্থ ‘মুক্তার বৃক্ষ’।

এই নাম তাঁর বাবা-মায়ের দেওয়া নয়; দিয়েছিলেন তাঁর মনিবেরা। ছোটবেলায় অপহৃত হওয়ার পর তাঁকে লেভান্ত অঞ্চলে নিয়ে গিয়ে বিক্রি করা হয়েছিল। তার আগে তাঁর নাম কী ছিল, তা জানা যায় না। কোথায় তাঁর জন্ম, সেটিও অজানা। ধারণা করা হয়, তুর্কি তৃণভূমি অথবা আর্মেনীয় পার্বত্য অঞ্চলের কোথাও তাঁর জন্ম হয়েছিল। ইতিহাসের পাতায় শাজার আল-দুরের পরিচয় পাওয়া যায় সেই সময় থেকে, যখন তিনি ক্ষমতাবান পুরুষদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।
আমরা যা জানি, তা হলো—১২৩০-এর দশকের শেষ দিকে তাঁকে মিসরের সুলতানের উত্তরাধিকারী আল-সালিহ নাজম আল-দিন আইয়ুবের উপপত্নী হিসেবে দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁদের সম্পর্ক বদলে যায়। তিনি সালিহের কাছে আর দশজন দাসীর মতো ছিলেন না; হয়ে ওঠেন তাঁর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।
বাবার মৃত্যুর পর উত্তরাধিকার দাবি করতে গিয়ে সালিহ যখন জর্ডানের মরুভূমির কারাক দুর্গে বন্দি হন, শাজার আল-দুর তখনও তাঁর পাশে ছিলেন। মুক্তি পাওয়ার পর সালিহ কায়রোয় ফিরে সুলতানের ক্ষমতা পুনরুদ্ধার করলে তাঁর বিজয়ের অংশীদার হন শাজার আল-দুরও।
১২৪০ সালে তাঁদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। শিশুটির নাম ছিল খলিল। তবে জন্মের কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। সন্তান ধারণের ঘটনাই এরই মধ্যে রাজদরবারে শাজার আল-দুরের অবস্থান শক্তিশালী করেছিল। অনেকের আপত্তি সত্ত্বেও সালিহ তাঁকে বিয়ে করেন। তিনি তাঁর সন্তান জন্ম দিয়েছিলেন এবং সালিহ তাঁকে সম্পূর্ণ বিশ্বাস করতেন। প্রায় এক দশকের দাম্পত্য জীবনে এই বিশ্বাস যে অমূলক ছিল না, তা শিগগিরই প্রমাণিত হয়।
ক্রুসেডের মুখে মিসরের সংকট
১২৪৮ সালে ফ্রান্সের রাজা নবম লুই—যিনি পরে সেন্ট লুই নামে পরিচিত হন—সপ্তম ক্রুসেড শুরু করেন। মিসর ছিল তাঁর প্রথম লক্ষ্য। সে সময় অঞ্চলটির সবচেয়ে ধনী ও শক্তিশালী মুসলিম রাষ্ট্র ছিল মিসর, যা আইয়ুবি ক্ষমতার কেন্দ্র। মিসর দখল করতে পারলে জেরুজালেম পুনরুদ্ধারের পথও খুলে যেতে পারে—এমনটাই ছিল ক্রুসেডারদের হিসাব।
১২৪৯ সালের জুনে লুই দামিয়েত্তা বন্দরে অবতরণ করেন। সালিহ ও শাজার আল-দুরের আতঙ্কের কারণ হয়ে শহরটি মাত্র এক দিনেই দখল করে নেয় ক্রুসেডাররা। সুলতানকে পাঠানো এক চিঠিতে লুই তাঁর বাহিনীর বিশালত্বের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, তাঁর সৈন্যসংখ্যা পাহাড় ও সমতলভূমি পূর্ণ করে ফেলেছে; সমুদ্রতীরের নুড়িপাথরের মতো তাদের সংখ্যা, আর তারা নিয়তির তরবারি নিয়ে সুলতানের ওপর ঝাঁপিয়ে পড়বে।
মিসরের সংকট তখন অত্যন্ত গভীর। ক্রুসেডাররা ছিল সংখ্যায় বিপুল ও যুদ্ধে দক্ষ। অন্যদিকে সালিহ যক্ষ্মা ও ঘায়ে গুরুতর অসুস্থ। তাঁকে শয্যাসহ যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হতো এবং সেখান থেকেই তিনি সেনাদের নির্দেশ দিতেন। এদিকে ক্রুসেডাররা ক্রমাগত এগিয়ে আসছিল।
১২৪৯ সালের ২২ নভেম্বর শাজার আল-দুরকে পাশে নিয়ে সালিহ মৃত্যুবরণ করেন। তাঁর ছেলে ও উত্তরাধিকারী তুরানশাহ তখন আনাতোলিয়ায়, মিসরে পৌঁছাতে তাঁর আরও কয়েক সপ্তাহ লাগবে। সেনাবাহিনীর যখন সবচেয়ে বেশি নেতৃত্বের প্রয়োজন, তখন আইয়ুবি সালতানাত কার্যত সুলতানহীন হয়ে পড়ে এবং পতনের মুখে দাঁড়ায়।
শাজার আল-দুর দ্রুত পদক্ষেপ নেন। সেনাবাহিনীর নেতৃত্বে থাকা আমির ফখর আল-দিন এবং প্রধান খোজার সঙ্গে আলোচনা করে তাঁরা সালিহের মৃত্যুর খবর সম্পূর্ণ গোপন রাখার সিদ্ধান্ত নেন। সুলতানের তাঁবুতে নিয়মিত খাবার পাঠানো হতে থাকে, চিকিৎসকও আগের মতো আসা-যাওয়া করেন। শাজার আল-দুর, ফখর আল-দিন ও প্রধান খোজা একসঙ্গে সুলতানের খাবার খেতেন এবং তাঁর স্বাক্ষর জাল করে লিখিত নির্দেশ পাঠাতেন। সেনাবাহিনী ও রাজদরবারে সুলতানের নামে আদেশ জারি হতে থাকে।
সমসাময়িক ইতিহাসবিদ ইবনে ওয়াসিল ও সিবত ইবন আল-জাওজির বিবরণে আশ্চর্যজনকভাবে একই কথা উঠে এসেছে—মিসরের প্রতিরক্ষা ধরে রেখেছিলেন শাজার আল-দুর। মধ্যযুগের আরব ইতিহাসে কোনো সামরিক ও রাজনৈতিক সংকটে একজন নারীর এমন নির্ণায়ক ভূমিকার বিষয়ে ইতিহাসবিদদের এতটা ঐকমত্য বিরল ঘটনা।
তাঁদের এই কৌশল প্রয়োজনীয় সময় এনে দেয়। যুদ্ধে ফখর আল-দিন নিহত হলেও ১২৫০ সালের ফেব্রুয়ারিতে তুরানশাহ মিসরে পৌঁছে ক্ষমতা গ্রহণ করেন। তিনি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে নীল নদের বদ্বীপে ফরাসি বাহিনীকে ঘিরে ফেলেন। সরবরাহ বন্ধ হয়ে যায়, রোগব্যাধি ও আমাশয়ে সৈন্যরা মারা যেতে থাকে। শেষ পর্যন্ত এপ্রিল মাসে ফ্রান্সের রাজা বন্দি হন।
সুলতান হলেন শাজার আল-দুর
তুরানশাহের শাসন অবশ্য মাত্র তিন মাস স্থায়ী হয়েছিল। ফরাসি রাজা বন্দি হওয়ার একই মাসে মামলুক সামরিক কমান্ডাররা তাঁকে হত্যা করেন। এই সেনারা তাঁর বাবার অত্যন্ত আস্থাভাজন ছিলেন। কিন্তু তুরানশাহ তাঁদের গুরুত্ব কমিয়ে দিয়েছিলেন এবং হুমকি দিয়েছিলেন। ক্রুসেডারদের পরাজিত করে সালতানাত রক্ষার পরও তাঁদের যথাযথ মর্যাদা না দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ ছিলেন।

তুরানশাহের মৃত্যুর পর নতুন সুলতান নির্বাচনের প্রশ্ন দেখা দেয়। ফখর আল-দিনও তত দিনে মারা গেছেন। ফলে ক্ষমতা গ্রহণের মতো কোনো উপযুক্ত পুরুষ উত্তরাধিকারী সামনে ছিলেন না। সংকটও তখনো কাটেনি। ফরাসি রাজা বন্দি হলেও ক্রুসেডারদের হাতে দামিয়েত্তা রয়ে গিয়েছিল।
এমন পরিস্থিতিতে মামলুক সেনাপতিরা শাজার আল-দুরের দিকে ঝুঁকেন। তিনি ছিলেন সালিহের বিধবা স্ত্রী এবং রাজদরবারে বারবার নিজের রাজনৈতিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। এর পাশাপাশি তিনি ছিলেন মামলুকদেরই একজন—একজন সাবেক দাসী, যিনি নিজের যোগ্যতা ও ক্ষমতার কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ওপরে উঠেছিলেন। ১২৫০ সালের ২ মে তাঁকে সুলতান ঘোষণা করা হয়।
অজান্তেই তিনি একটি নতুন রাজবংশের প্রথম সুলতানে পরিণত হন। আইয়ুবি রাজবংশের সঙ্গে সম্পর্কের কারণে তাঁকে বেছে নেওয়া হলেও শাজার আল-দুরের শাসনের মধ্য দিয়েই মিসরে আইয়ুবি শাসনের অবসান ঘটে। তাঁর পর থেকে মামলুকরাই মিসরের ক্ষমতায় অধিষ্ঠিত হন।
ফ্রান্সের রাজাকে মুক্ত করা ও স্বামীর সমাধি নির্মাণ
শাজার আল-দুরের শাসনামলে দুটি বড় অর্জন ছিল। প্রথমটি হলো ফ্রান্সের রাজা নবম লুইকে মুক্ত করা এবং সপ্তম ক্রুসেডের অবসান ঘটানো।
লুইয়ের স্ত্রী মার্গারেট অব প্রোভঁসের সঙ্গে মুক্তিপণ নিয়ে আলোচনা করেন শাজার আল-দুর। সমঝোতা অনুযায়ী, ফরাসি রাজমুকুট ৪ লাখ লিভর মুক্তিপণ দেবে এবং দামিয়েত্তা ফিরিয়ে দেবে। এ ঘটনায় মার্গারেটও অসাধারণ ভূমিকা রাখেন। স্বামীর সঙ্গে ক্রুসেডে যোগ দেওয়া, তাঁর মুক্তির জন্য আলোচনা চালানো—সবকিছুর পাশাপাশি দামিয়েত্তায় তিনি একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় জ্যঁ ত্রিস্তাঁ। ৬ মে লুই মুক্তি পান এবং অল্প সময়ের মধ্যেই মিসর ত্যাগ করেন। মিসর তখন নিরাপদ। এই প্রতিরোধের সবচেয়ে সংকটময় সময়গুলোতে নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন শাজার আল-দুর।
তাঁর দ্বিতীয় বড় কাজ ছিল প্রয়াত স্বামী সালিহের সমাধিসৌধ নির্মাণ এবং তাঁর দাফনের ব্যবস্থা করা। সালিহের নিজের ছেলে যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি উপেক্ষা করেছিলেন, শাজার আল-দুর তা সম্পন্ন করেন।
এটি ছিল তাঁর প্রথম বড় স্থাপত্য প্রকল্প। কায়রোর রাজনৈতিক ও বাণিজ্যিক জীবনের কেন্দ্রস্থলে তিনি সমাধিসৌধটি নির্মাণ করেন। স্থান নির্বাচন যেমন পরিকল্পিত ছিল, তেমনি এর নকশাও ছিল দৃষ্টিনন্দন। স্থাপত্যের পৃষ্ঠপোষকতা নিয়ে ডি. এফ. রাগলসের গুরুত্বপূর্ণ গবেষণায় উল্লেখ করা হয়েছে, ভবনটি এমনভাবে নির্মিত হয়েছিল যে রাস্তা থেকে সহজেই চোখে পড়ত। এটি ছিল এক অনিবার্য উপস্থিতি—প্রতিদিন মানুষকে মনে করিয়ে দিত, তিনি একজন সুলতানের বিধবা, তাঁর স্মৃতির রক্ষক এবং উত্তরাধিকারের বৈধ অভিভাবক।
সিংহাসন ছাড়লেন, ক্ষমতা নয়
সুলতান হিসেবে দক্ষতা দেখালেও শাজার আল-দুরের শাসন দীর্ঘস্থায়ী হয়নি। নারী শাসক হিসেবে তাঁর অবস্থান ছিল জটিল। তিনি নিজে সেনাবাহিনীর নেতৃত্ব দিতে পারতেন না। আবার অঞ্চলের অন্য শাসকেরাও তাঁর নারী পরিচয় এবং সাবেক দাসী হওয়ার কারণে তাঁকে মেনে নিতে বা সম্মান জানাতে রাজি ছিলেন না।
বাগদাদের আব্বাসীয় খলিফা বার বার কায়রোয় একটি চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন—মিসরে শাসন করার মতো পুরুষ না থাকলে তিনি একজন পুরুষ শাসক পাঠিয়ে দেবেন। একজন নারী সুলতানকে আদর্শগতভাবেই গ্রহণযোগ্য মনে করা হচ্ছিল না। বৃহত্তর মুসলিম বিশ্বও তাঁর শাসনকে স্বীকৃতি দিতে রাজি ছিল না।
৮০ দিন পর শাজার আল-দুর সুলতানের পদ ছেড়ে দেন। তবে ক্ষমতা ছাড়েননি।
তাঁর স্থলাভিষিক্ত করার জন্য নির্বাচিত নতুন শাসক ছিলেন মামলুক সামরিক কমান্ডার ইজ্জ আল-দিন আইবাক। তাঁকে বিয়ে করে শাজার আল-দুর এমন এক পুরুষ শাসকের আড়ালে ক্ষমতা ধরে রাখেন, যাকে বাইরের বিশ্ব গ্রহণ করতে প্রস্তুত ছিল। বিয়ের শর্ত হিসেবে তিনি আইবাককে আগের স্ত্রী—যিনি তাঁর সন্তানদের মা—তালাক দিতে বাধ্য করেন। একই সঙ্গে শাজার আল-দুর জীবিত থাকা অবস্থায় আর কোনো বিয়ে করতে পারবেন না বলেও শর্ত দেন।
পরবর্তী ছয় বছর আইবাক সুলতানের উপাধি ধারণ করলেও প্রকৃত ক্ষমতা ছিল শাজার আল-দুরের হাতে। দৃশ্যমান ক্ষমতার প্রতীক—মুদ্রা, খুতবা ও আনুষ্ঠানিক উপাধি—থেকে তিনি নিজের ক্ষমতাকে সরিয়ে নিয়ে যান পর্দার আড়ালে।
ছয় বছর পর আইবাক তাঁদের চুক্তি ভঙ্গ করেন। তিনি মসুলের শাসকের মেয়েকে দ্বিতীয় বিয়ে করার আলোচনা শুরু করেন। এই রাজনৈতিক জোট তাঁকে শাজার আল-দুরের ওপর নির্ভরতা ছাড়াই নিজস্ব ক্ষমতার ভিত্তি ও বৈধতা এনে দিতে পারত।

আইবাকের এই উদ্যোগের কথা জানতে পেরে শাজার আল-দুর প্রচণ্ড ক্ষুব্ধ হন। ইবনে ওয়াসিলের বিবরণ অনুযায়ী, তিনি ঈর্ষায় অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। তাঁর ব্যক্তিত্ব ছিল দৃঢ় এবং সাহস ছিল প্রবল। তিনি আইবাককে হত্যা করে অন্য কাউকে শাসক করার সিদ্ধান্ত নেন। ১২৫৭ সালে আইবাককে হত্যা করা হয়। কিন্তু এবার শাজার আল-দুর নিজের হিসাবের ভুল করেছিলেন।
করুণ পরিণতি, সমাধিতে অমর স্মৃতি
আইবাকের মৃত্যুর পর তাঁর ছেলে ক্ষমতায় আসেন। প্রতিশোধ নেওয়ার সুযোগ পান আইবাকের প্রথম স্ত্রী—যাঁকে বিয়ের শর্ত হিসেবে তালাক দিতে বাধ্য করেছিলেন শাজার আল-দুর। আইবাকের ছেলে শাজার আল-দুরকে বন্দি করেন। তাঁর দাসেরা তাঁকে কোনো ক্ষতি না করার প্রতিশ্রুতি দিলেও আইবাকের প্রথম স্ত্রী এমন কোনো প্রতিশ্রুতি দেননি।
একদিন হাম্মামে গোসল করার সময় শাজার আল-দুরের ওপর হামলা চালানো হয়। কাঠের খড়ম দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করা হয়। পরে দুর্গ থেকে তাঁর মরদেহ নিচে ফেলে দেওয়া হয়। কয়েক দিন ধরে মরদেহটি ভাঙাচোরা অবস্থায় অরক্ষিত পড়ে ছিল। পরে তা উদ্ধার করে শহরের দেয়ালের বাইরে নিজের নির্মিত সমাধিসৌধে দাফন করা হয়।
এই সমাধিসৌধটি সালিহের জন্য নির্মিত সমাধির তুলনায় অনেক সরল ছিল। সাদা রঙের ভবনটির ভিত্তি ছিল বর্গাকার, আর ওপরে ছিল সূচালো গম্বুজ। ভেতরে একটি মিহরাব বা নামাজের কিবলামুখী কুলুঙ্গি রয়েছে, যার নকশা ছিল অসাধারণ। মিহরাবের খিলানজুড়ে দামেস্কি রীতির সবুজ, সোনালি ও সাদা রঙের মোজাইক দিয়ে তৈরি করা হয়েছে মুক্তার একটি বৃক্ষ।
ইসলামী ধর্মীয় স্থাপত্যে সাধারণত প্রাণী বা মানুষের অবয়বভিত্তিক চিত্র নিষিদ্ধ। অথচ নিজের সমাধির সবচেয়ে পবিত্র অংশে, যেখানে মানুষ নামাজের জন্য মুখ ফেরায়, সেখানে শাজার আল-দুর নিজের নামের সঙ্গে সম্পর্কিত একটি স্পষ্ট প্রতীক রেখে গেছেন। মুক্তার বৃক্ষটি যেন জীবন্ত, বেড়ে ওঠা ও ফলধরা এক সত্তা—সমৃদ্ধ, প্রাচুর্যময় এবং চিরস্থায়ী।
শাজার আল-দুর ছিলেন মিসরের প্রথম মামলুক সুলতান। তিনি এমন এক প্রতিরোধব্যবস্থাকে ধরে রেখেছিলেন, যা তাঁর দেশকে রক্ষা করেছিল। বছরের পর বছর সিংহাসনের আড়াল থেকে শাসন পরিচালনা করেছেন। কিন্তু ইতিহাসের বিবরণে তাঁর যথাযথ মূল্যায়ন হয়নি। অনেক বর্ণনায় তাঁকে দুটি রাজবংশের মধ্যবর্তী একটি চরিত্র হিসেবে দেখানো হয়েছে। আবার ক্ষমতা হারানোর করুণ পরিণতির কারণে নারী উচ্চাকাঙ্ক্ষার সতর্কতামূলক উদাহরণ হিসেবেও তুলে ধরা হয়েছে।
তবু তাঁর সমাধির মিহরাবে মুক্তার বৃক্ষটি আজও রয়ে গেছে। এটি এমন এক নারীর সাক্ষ্য বহন করছে, যিনি নামহীন দাসী হিসেবে জীবন শুরু করেছিলেন, অথচ একসময় ইসলামী ভূমধ্যসাগরীয় অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর নারীতে পরিণত হন। তিনি নতুন এক দাস-সুলতানি শাসনব্যবস্থার সূচনা করেন এবং ফ্রান্সের রাজাকে বন্দি করে মুক্তিপণের আলোচনায় নেতৃত্ব দেন। তাঁর উত্তরাধিকার ইতিহাসে আরও বেশি মনোযোগ পাওয়ার যোগ্য।













