বিশ্বজুড়ে মাইক্রোসফটের ই-মেইল সেবা আউটলুক অচল হয়ে পড়ায় বিপাকে পড়েছে ব্যাংক, শেয়ারবাজার, বিমা ও পরিবহন খাতের প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে মাইক্রোসফট টিমস ও কোপাইলট সেবাও ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অনেক প্রতিষ্ঠানকে ফিরতে হয়েছে পুরোনো প্রযুক্তি ফ্যাক্স, টেলিফোন ও ব্লুটুথের ব্যবহারে। আধুনিক ডিজিটাল ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকিও নতুন করে সামনে এসেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দীর্ঘ সময় ধরে চলা এই বিপর্যয়ে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ব্যবহারকারী ই-মেইল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। বড় প্রতিষ্ঠানগুলোর মূল কার্যক্রম পুরোপুরি বন্ধ না হলেও লেনদেন, প্রশাসনিক কাজ ও ব্যবসায়িক যোগাযোগে ধীরগতি দেখা দেয়।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের সার্ভারসংক্রান্ত সমস্যার কারণে এই বিপর্যয় ঘটেছে। এখন পর্যন্ত কোনো ধরনের সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির দাবি, বিভিন্ন পর্যায়ে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার পর সেবাগুলো ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে।
আধুনিক প্রযুক্তি অচল, ভরসা পুরোনো যোগাযোগব্যবস্থা
ডিজিটাল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের শেয়ারবাজার পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউরোনেক্সট তালিকাভুক্ত কোম্পানিগুলোকে জরুরি প্রয়োজনে টেলিফোন ব্যবহারের পরামর্শ দিয়েছে।
প্যারিস, ব্রাসেলস, লিসবন, আমস্টারডাম, অসলো, এথেন্স ও মিলানের শেয়ারবাজার পরিচালনা করে ইউরোনেক্সট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফোনে যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে, যাতে গোপনীয়তা ও তথ্যের নিরাপত্তা বজায় থাকে।
ব্রিটিশ বিমা প্রতিষ্ঠান অ্যাভিভা বিকল্প যোগাযোগব্যবস্থা চালু করে। তাদের আয়ের প্রতিবেদনসংক্রান্ত ফোনালাপের জন্য বিকল্প নম্বর দেওয়া হয়। পাশাপাশি ই-মেইল ব্যবহার করা সম্ভব না হওয়ায় ব্লুটুথের মাধ্যমে রেকর্ডিং আদান-প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আমান্ডা ব্ল্যাঙ্ক জানান, প্রায় দুই সপ্তাহ আগেই তারা নিজেদের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবস্থায় একই ধরনের বড় বিপর্যয়ের মহড়া দিয়েছিলেন। ফলে জরুরি পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা চালু করতে পেরেছেন।
ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনে ধীরগতি
তাইওয়ানে এই বিপর্যয়ের প্রভাব পড়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে। সিকিউরিটিজ কোম্পানি, জীবনবিমা প্রতিষ্ঠান এবং বিনিয়োগ ব্যবস্থাপনা সংস্থাগুলোর তহবিল পরিচালনার কাজে বিঘ্ন ঘটে।
একটি আর্থিক প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদি বিল কেনাবেচার মতো লেনদেন, যেগুলো সাধারণত ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়, সেগুলো নিশ্চিত করতে ফ্যাক্স ব্যবহার করতে হয়েছে।
বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তুলনামূলক বেশি সমস্যায় পড়ে। কারণ, এসব প্রতিষ্ঠানের অনেক তথ্য মাইক্রোসফটের ব্যবস্থার মাধ্যমে ই-মেইলে বিদেশের প্রধান কার্যালয়ে পাঠানো হয়।
যুক্তরাজ্যে এইচএসবিসি ও বার্কলেস ব্যাংক পরিস্থিতি মূল্যায়নে অভ্যন্তরীণ জরুরি দল সক্রিয় করে। তবে ই-মেইল ব্যবস্থা বন্ধ থাকলেও তাদের অধিকাংশ গ্রাহকসেবা সচল ছিল।
এইচএসবিসি কর্মীদের ব্যক্তিগত ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মতো অননুমোদিত মাধ্যমে অফিসের কাজ চালানোর চেষ্টা না করতে সতর্ক করে।
এদিকে কয়েকজন বাজারসংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছেন, শুক্রবার কিছু বাজারে লেনদেনের পরিমাণ কম ছিল। যোগাযোগ ও লেনদেন সম্পন্ন করার ক্ষেত্রে সমস্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাঁদের ধারণা।
শিপিং ও আন্তর্জাতিক ব্যবসায়ও প্রভাব
বিশ্বের অন্যতম বড় শিপিং প্রতিষ্ঠান মারস্ক জরুরি প্রয়োজনে গ্রাহকদের ফোনে যোগাযোগ করতে বলেছে। পাশাপাশি এই বিপর্যয়কে কেন্দ্র করে কোনো অপ্রত্যাশিত বার্তা পেলে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তার সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাধারণত বিকল্প ব্যবস্থা থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রযুক্তিসেবা হঠাৎ বন্ধ হয়ে গেলে সেই পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়।
কন্ট্রোল রিস্কসের ক্যাটলিন ইগেন বলেন, গুরুত্বপূর্ণ সেবা আকস্মিকভাবে বন্ধ হয়ে গেলে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপন করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেক প্রতিষ্ঠানের জন্য এমন পরিস্থিতি ছিল বড় ধরনের সতর্কবার্তা।
এক প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতার ঝুঁকি
মাইক্রোসফটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তাদের ৩৬৫ সেবা ব্যবহার করেন ৪৩ কোটির বেশি মানুষ। ফলে প্রতিষ্ঠানটির সেবায় বড় ধরনের বিপর্যয় হলে তার প্রভাব শুধু ব্যক্তিগত যোগাযোগে সীমাবদ্ধ থাকে না; আন্তর্জাতিক বাণিজ্য, আর্থিক লেনদেন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমেও ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ যোগাযোগ, তথ্য সংরক্ষণ ও ব্যবসায়িক কার্যক্রমের জন্য একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ। তাই বিকল্প সেবাদাতা রাখা, জরুরি যোগাযোগব্যবস্থা তৈরি এবং নিয়মিত বিপর্যয় মোকাবিলার মহড়া চালানো প্রয়োজন।
এই ঘটনা দেখিয়েছে, প্রযুক্তিনির্ভর বিশ্ব অর্থনীতিতে ফ্যাক্স ও টেলিফোনের মতো পুরোনো ব্যবস্থাও এখনো গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই তার পাশাপাশি কার্যকর বিকল্প ব্যবস্থা রাখার প্রয়োজনীয়তা বাড়ছে।












