নির্বাচনের আগে জনমত জরিপ বা জনমত সমীক্ষা নিয়ে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের আগ্রহের শেষ নেই। কে এগিয়ে, কার জনপ্রিয়তা কমছে, শেষ পর্যন্ত কোন দল ক্ষমতায় আসতে পারে—এসব প্রশ্নের উত্তর খুঁজতে জরিপের ওপর নির্ভর করেন অনেকেই। তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সাম্প্রতিক নির্বাচনে জরিপের পূর্বাভাসে বড় ধরনের ভুল সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠেছে, জনমত জরিপ কি ক্রমেই কম নির্ভরযোগ্য হয়ে পড়ছে?
তবে দীর্ঘমেয়াদি তথ্য বিশ্লেষণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। গত আট দশকে নির্বাচনী জনমত জরিপের নির্ভুলতা বরং কিছুটা বেড়েছে। ১৯৪৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪৯টি দেশের ৪৬৯টি নির্বাচনের জরিপ বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচনের আগের ১০ দিনের মধ্যে পরিচালিত জরিপগুলোর গড় পূর্বাভাসের ভুল এখন প্রায় ২ শতাংশীয় পয়েন্ট। নানা পদ্ধতিগত সীমাবদ্ধতা সত্ত্বেও এটি উল্লেখযোগ্য নির্ভুলতা।
বড় নমুনা নয়, প্রতিনিধিত্বশীল নমুনাই আসল
জনমত জরিপের মূল ধারণা সহজ। একটি দেশের জনগোষ্ঠী থেকে যথেষ্ট বড় ও যথাযথভাবে নির্বাচিত একটি নমুনার মতামত সংগ্রহ করে সামগ্রিক জনমত সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু নমুনাটি সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল করা সবচেয়ে কঠিন কাজ।
১৯৩৬ সালে যুক্তরাষ্ট্রের লিটারারি ডাইজেস্ট সাময়িকী ২৪ লাখ পাঠকের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে রিপাবলিকান প্রার্থী আলফ ল্যান্ডনের জয়ের পূর্বাভাস দিয়েছিল। বাস্তবে বিপুল ব্যবধানে জয়ী হন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। বিপুলসংখ্যক উত্তরদাতা থাকলেও নমুনা যথাযথভাবে নির্বাচিত না হওয়ায় জরিপটি ব্যর্থ হয়েছিল।
পরবর্তী সময়ে জরিপ প্রতিষ্ঠানগুলো সরাসরি সাক্ষাৎকার, টেলিফোন এবং অনলাইন প্যানেলের মতো বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে। কিন্তু মানুষের জরিপে অংশ নেওয়ার আগ্রহ কমে যাওয়ায় সমস্যা আরও জটিল হয়েছে। একসময় টেলিফোন জরিপে সাড়া দেওয়ার হার ছিল প্রায় ৫০ শতাংশ। বর্তমানে তা নেমে এসেছে মাত্র ১ থেকে ২ শতাংশে।
এ কারণে অনেক প্রতিষ্ঠান এখন অনলাইনে স্বেচ্ছায় অংশ নেওয়া উত্তরদাতাদের ওপর নির্ভর করছে। পরে বয়স, শিক্ষা, রাজনৈতিক অবস্থানসহ বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিসংখ্যানগত ওজন প্রয়োগ করে নমুনাকে সামগ্রিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল করার চেষ্টা করা হয়।
রাজনৈতিক পক্ষপাত ও উত্তর না দেওয়ার সমস্যা
জরিপের নির্ভুলতার ক্ষেত্রে বড় বাধা হলো যারা জরিপে অংশ নিতে চান না, তাদের রাজনৈতিক অবস্থান। একে বলা হয় নন-রেসপন্স বায়াস বা উত্তর না দেওয়াজনিত পক্ষপাত।
পশ্চিমা দেশগুলোতে শিক্ষিত ভোটারদের মধ্যে মধ্য-বামপন্থী দলগুলোর সমর্থন তুলনামূলক বেশি হওয়ায় জরিপে বামপন্থী দলগুলোর সমর্থন বাস্তবের চেয়ে গড়ে ১ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট বেশি দেখানোর প্রবণতা পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে সমস্যাটি আরও স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনকারী অনেক রিপাবলিকান ভোটার বিশ্ববিদ্যালয় ও সংবাদমাধ্যমের মতো প্রতিষ্ঠানের ওপর আস্থাহীনতার কারণে জরিপে অংশ নিতে অনাগ্রহী। ফলে তাদের প্রকৃত রাজনৈতিক অবস্থান জরিপে যথাযথভাবে প্রতিফলিত হয় না।
এর পাশাপাশি রয়েছে ভুয়া বা নিম্নমানের উত্তরদাতা। অনেকে মতামত প্রকাশের চেয়ে জরিপ সম্পন্ন করে অর্থ বা পুরস্কার পাওয়ার প্রতি বেশি আগ্রহী। তাই প্রকৃত উত্তরদাতা শনাক্ত করাও জরিপ প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।
নতুন প্রযুক্তিতে বদলাচ্ছে জরিপের পদ্ধতি
এখন শুধু কতজনের মতামত নেওয়া হলো, সেটিই জরিপের সাফল্য নির্ধারণ করছে না। বরং পরিসংখ্যানগত মডেলিং এবং নমুনার বৈশিষ্ট্য বিশ্লেষণ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ জরিপে নতুন ওজন নির্ধারণ পদ্ধতি ব্যবহার করা হয়। এতে নিবন্ধিত প্রতিটি ভোটারের রাজনৈতিক অবস্থান অনুমানের পাশাপাশি উত্তরদাতাদের বিভিন্ন বৈশিষ্ট্যের সম্মিলিত সমন্বয় বিশ্লেষণ করা হয়।
এর ফলে আগের পদ্ধতিতে ডেমোক্র্যাটদের জয়ের ব্যবধান গড়ে ৩ শতাংশীয় পয়েন্ট বেশি দেখানোর যে প্রবণতা ছিল, নতুন পদ্ধতিতে তা প্রায় দূর হয়ে যায়।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কেন ভুল হলো?
ব্রাজিলের নির্বাচনে ভোটারদের শেষ মুহূর্তের সক্রিয়তা জরিপের পূর্বাভাস বদলে দেয়। প্রথম দফায় লুইজ ইনাসিও লুলার সমর্থকদের একটি অংশ ভোট দিতে আসেননি। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রথম দফার সাফল্যের পর লুলার সমর্থকদের মধ্যে নতুন করে নির্বাচনী উদ্দীপনা তৈরি হয়।
প্রথম দফায় ১১ কোটি ৯০ লাখ ভোটার অংশ নিলেও দ্বিতীয় দফায় ভোটারসংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ৪০ লাখে। শেষ পর্যন্ত লুলা ৫২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন, যা নির্বাচনের আগে জরিপে পাওয়া পূর্বাভাসের চেয়ে ৪ শতাংশীয় পয়েন্ট বেশি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও ভোটার উপস্থিতির হিসাব বড় ভুলের কারণ হয়েছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের অংশগ্রহণ বেড়েছে, অন্যদিকে অনেক রিপাবলিকান ভোটার ভোটকেন্দ্রে যাননি। ফলে ডেমোক্র্যাটদের জয় প্রত্যাশার চেয়েও বড় হয়েছে।
ভবিষ্যৎ নির্বাচনেও জরিপের সীমাবদ্ধতা থাকবে
ফ্রান্স ও স্পেনের আসন্ন নির্বাচন ঘিরেও জরিপের নির্ভুলতা নিয়ে আলোচনা চলছে। ফ্রান্সে মেরিন লে পেনের নেতৃত্বাধীন ডানপন্থী ন্যাশনাল র্যালি প্রথম দফার জরিপে এগিয়ে রয়েছে। অন্যদিকে স্পেনে পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি বিরোধী মধ্য-ডানপন্থীদের চেয়ে পিছিয়ে।
তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের অভিজ্ঞতার ভিত্তিতে অন্য দেশেও একই ধরনের জরিপ-ভুল হবে, এমন ধারণার পক্ষে শক্ত প্রমাণ নেই।
বিশেষজ্ঞদের মতে, জরিপকে পুরোপুরি নির্ভুল নির্বাচনী পূর্বাভাস হিসেবে দেখা উচিত নয়। একটি জরিপের পরিবর্তে একাধিক প্রতিষ্ঠানের জরিপের গড় বিবেচনা করা বেশি যুক্তিসংগত। পাশাপাশি নমুনা নির্বাচন, ওজন নির্ধারণ ও তথ্য সংগ্রহের পদ্ধতি প্রকাশ করা জরুরি।
জনমত জরিপ আগের চেয়ে উন্নত হয়েছে, কিন্তু ভোটারের শেষ মুহূর্তের সিদ্ধান্ত ও নির্বাচনী অংশগ্রহণের পরিবর্তন এখনো বড় অনিশ্চয়তা। তাই জরিপকে নির্বাচনের ফল নয়, বরং ভোটারদের মনোভাব বোঝার একটি পরিসংখ্যানভিত্তিক উপকরণ হিসেবেই বিবেচনা করা উচিত।












