গ্রামীণ উন্নয়ন নিয়ে রাষ্ট্রের প্রচলিত চিন্তায় একটি মৌলিক সমস্যা রয়েছে। সীমিত অর্থ কীভাবে যত বেশি সম্ভব এলাকায় ছড়িয়ে দেওয়া যায়, নীতিনির্ধারণে প্রায়ই সেটিই প্রধান বিবেচনা হয়ে ওঠে। ফলে কোথাও একটি প্রাথমিক বিদ্যালয়, কোথাও ছোট একটি চিকিৎসাকেন্দ্র, অন্য কোথাও পানির পাম্প কিংবা কয়েক কিলোমিটার সড়ক নির্মিত হয়। কাগজে-কলমে উন্নয়নের সুফল বহু মানুষের কাছে পৌঁছানোর কথা থাকলেও বাস্তবে এসব বিচ্ছিন্ন উদ্যোগের অনেকগুলোই প্রয়োজনীয় সেবা দিতে পারে না।
কারণ, উন্নয়ন অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি হাসপাতাল কার্যকর রাখতে চিকিৎসক, নার্স, যন্ত্রপাতি ও পর্যাপ্ত রোগী প্রয়োজন। একটি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনায় দরকার পর্যাপ্ত শিক্ষার্থী, বিষয়ভিত্তিক শিক্ষক এবং নিয়মিত অর্থায়ন। কৃষিপণ্যের বাজার গড়ে তুলতে প্রয়োজন সংরক্ষণাগার, পরিবহন, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অবকাঠামো। এসব উপাদান এক জায়গায় পর্যাপ্ত মাত্রায় একত্রিত না হলে বিনিয়োগের অর্থনৈতিক ও সামাজিক সুফল পাওয়া কঠিন।
সুতরাং গ্রামীণ উন্নয়নের মূল প্রশ্ন হওয়া উচিত, কোন সেবা প্রতিটি গ্রামে পৌঁছাতে হবে, আর কোন সেবার জন্য কয়েকটি গ্রামের মানুষকে একটি নির্দিষ্ট কেন্দ্রের সঙ্গে যুক্ত করা প্রয়োজন।
সেবা বিস্তারে ভিন্ন কৌশল
প্রাথমিক বিদ্যালয়, নিরাপদ পানির ব্যবস্থা কিংবা স্থানীয় পর্যায়ের মৌলিক সুবিধা প্রতিটি জনপদের কাছাকাছি থাকা জরুরি। কিন্তু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা, উন্নত চিকিৎসা, কৃষিপণ্যের বাজার, ব্যাংকিং এবং পণ্য সংরক্ষণের মতো সুবিধা প্রতিটি গ্রামে স্থাপন করা অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত নয়। এসব সেবা পরিচালনার জন্য একটি নির্দিষ্ট জনসংখ্যা ও ব্যবহারকারীর প্রয়োজন হয়।
অর্থনীতির ভাষায় একে বলা হয় ন্যূনতম কার্যকর জনসংখ্যা। কোনো সেবা টেকসইভাবে পরিচালনার জন্য যতসংখ্যক ব্যবহারকারী প্রয়োজন, একটি বিচ্ছিন্ন গ্রাম সাধারণত সেই সীমায় পৌঁছাতে পারে না। কিন্তু আশপাশের ১৫-২০টি গ্রামকে একটি কেন্দ্রের সঙ্গে যুক্ত করা গেলে সেই চাহিদা তৈরি হতে পারে।
এই বাস্তবতা বিবেচনায় গ্রামীণ উন্নয়নের জন্য প্রয়োজন এমন কিছু ছোট শহর বা জনপদ, যেগুলো আশপাশের গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে কাজ করবে। এ ধারণাই রুরাল গ্রোথ সেন্টার বা গ্রামীণ প্রবৃদ্ধি কেন্দ্র।
জার্মান ভূগোলবিদ ওয়াল্টার ক্রিস্টালার ১৯৩০-এর দশকে বসতির বিন্যাস ও সেবা বণ্টন নিয়ে যে কেন্দ্রীয় স্থান তত্ত্ব তুলে ধরেছিলেন, তার সঙ্গেও এই ধারণার মিল রয়েছে। ছোট জনপদে মানুষের দৈনন্দিন প্রয়োজনের সেবা থাকবে। অপেক্ষাকৃত বড় জনপদে থাকবে এমন সুবিধা, যার জন্য মানুষ কিছুটা দূরত্ব অতিক্রম করতে প্রস্তুত।
অর্থাৎ উন্নয়নকে প্রতিটি গ্রামে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পরিবর্তে জনবসতি, যোগাযোগব্যবস্থা এবং অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।
সিন্ধুর অভিজ্ঞতায় সমস্যার গভীরতা
পাকিস্তানের সিন্ধু প্রদেশের গ্রামীণ এলাকার বাস্তবতা এ ধরনের পরিকল্পনার প্রয়োজনীয়তা স্পষ্ট করে। ২০২৪ সালে প্রাদেশিক পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের নগর ও আঞ্চলিক নীতি এবং কৌশলগত পরিকল্পনা অধিদপ্তর, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিএআইডিএআর কর্মসূচির বিশেষজ্ঞরা ঠাট্টা, বাদিন ও থারপারকরের তিনটি শহরের বিদ্যমান সেবাব্যবস্থা পর্যালোচনা করেন।
তাদের পর্যবেক্ষণে থারপারকরের ছাছরো এলাকার পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক হয়ে ওঠে। প্রায় ৩ লাখ ৫১ হাজার মানুষের এই এলাকায় মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় মাত্র একটি। সেখানে শিক্ষার্থী ৩১৯ জন। পুরো এলাকার হাজারে একজনেরও কম মেয়ে অষ্টম শ্রেণির পর পড়াশোনা করছে।
এলাকার একমাত্র মাধ্যমিক পর্যায়ের হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ রোগী আসে। অথচ শয্যা মাত্র ২০টি এবং নার্স তিনজন।
এই পরিসংখ্যান কেবল অবকাঠামোর ঘাটতি তুলে ধরে না; বরং বিচ্ছিন্নভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সীমাবদ্ধতাও প্রকাশ করে। কোনো এলাকায় হাসপাতাল নির্মাণ করলেই সেখানে কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত হয় না। একইভাবে বিদ্যালয়ের ভবন থাকলেই শিক্ষার সুযোগ তৈরি হয় না। প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও পরিচালন ব্যয় নিশ্চিত না হলে অবকাঠামো শেষ পর্যন্ত অকার্যকর সম্পদে পরিণত হয়।
অতীতের উদ্যোগ থেকে শিক্ষা
গ্রামীণ প্রবৃদ্ধি কেন্দ্রের ধারণা পাকিস্তানের জন্য নতুন নয়। ১৯৭২ সালে সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচির আওতায় মার্কাজ নামে গ্রামীণ সেবাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সমবায় ও ঋণসুবিধা একই জায়গায় এনে কয়েকটি গ্রামের মানুষের সেবা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য।
প্রাথমিক পর্যায়ে উদ্যোগটি কার্যকর হলেও সময়ের সঙ্গে এর কাঠামো দুর্বল হয়ে পড়ে। কারণ, একই কেন্দ্রে বিভিন্ন সরকারি বিভাগের কার্যালয় থাকলেও তাদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে ওঠেনি। প্রতিটি বিভাগ নিজ নিজ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়েছে, আলাদা বাজেট ও প্রশাসনিক স্বার্থ বজায় রেখেছে। ফলে কেন্দ্রীয়ভাবে সমন্বিত ব্যবস্থাপনার অভাব তৈরি হয়।
আরেকটি বড় সীমাবদ্ধতা ছিল অর্থনৈতিক কর্মকাণ্ডের অনুপস্থিতি। মার্কাজ মূলত সরকারি সেবা সরবরাহের কেন্দ্র হিসেবেই পরিচালিত হয়েছে। সেখানে স্থানীয় ব্যবসা, শিল্প কিংবা কর্মসংস্থান গড়ে তোলার জন্য পর্যাপ্ত উদ্যোগ ছিল না। সরকারি অর্থায়ন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে।
এই অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়: শুধু সরকারি প্রতিষ্ঠান এক জায়গায় স্থাপন করলেই কোনো জনপদ প্রবৃদ্ধির কেন্দ্রে পরিণত হয় না। সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড, বেসরকারি বিনিয়োগ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হয়।
সেবা ও অর্থনীতির সমন্বিত মডেল
২০১৮ সালের অক্টোবরে সিন্ধু মন্ত্রিসভা ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহায়তায় তৈরি দারিদ্র্য হ্রাস কৌশল অনুমোদন করে। এর তিনটি প্রধান ভিত্তি ছিল গ্রামীণ প্রবৃদ্ধি কেন্দ্র, নগর অর্থনৈতিক গুচ্ছ এবং জনগোষ্ঠীনির্ভর স্থানীয় উন্নয়ন।
প্রথম উদ্যোগের লক্ষ্য ছিল নির্বাচিত ছোট শহরে প্রয়োজনীয় সরকারি সেবা কেন্দ্রীভূত করা। দ্বিতীয়টির উদ্দেশ্য ছিল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এমনভাবে একত্র করা, যাতে তারা একই সরবরাহব্যবস্থা, দক্ষ শ্রমিক ও অবকাঠামোর সুবিধা নিতে পারে। তৃতীয় উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীকে উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করার কথা বলা হয়।
এই কাঠামোর পরীক্ষামূলক বাস্তবায়ন চলছে ছুহার জামালিতে। সেখানে ৮১০ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনায় ১৭টি সড়ক প্রকল্প, বাড়িতে পানির সংযোগ, স্বাস্থ্যকেন্দ্রকে উপজেলা পর্যায়ের হাসপাতালে উন্নীত করা এবং উচ্চবিদ্যালয়কে উচ্চমাধ্যমিক পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।
উন্নীত হাসপাতালটির দৈনিক প্রায় ৫০০ রোগীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরির পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানটি ১ হাজার ৭০০-এর বেশি শিক্ষার্থীর জন্য শিক্ষার সুযোগ তৈরি করবে।
তবে এই উদ্যোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শুধু অবকাঠামো নির্মাণ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা।
পিএআইডিএআর কর্মসূচির আওতায় পাঁচটি জেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিকাশে ৩ কোটি ইউরোর অনুদান তহবিল রাখা হয়েছে। ইতিমধ্যে ২০০টির বেশি ক্ষুদ্র উদ্যোগকে ব্যবসা শুরু করতে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্য, বস্ত্র ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ৫০টি মাঝারি প্রতিষ্ঠান সহায়তা পেয়েছে।
এই তহবিল থেকে এখন পর্যন্ত ৬০ লাখ ৫০ হাজার ইউরো বিতরণ করা হয়েছে। এর বিপরীতে আকৃষ্ট হয়েছে আরও ৭৬ লাখ ১০ হাজার ইউরোর বেসরকারি বিনিয়োগ। অর্থাৎ অনুদানের অর্থ কেবল সরাসরি ব্যবসায়িক সহায়তা দিচ্ছে না, এমন এলাকাতেও বেসরকারি পুঁজির প্রবেশের সুযোগ তৈরি করছে, যেখানে আগে বিনিয়োগকারীদের আগ্রহ সীমিত ছিল।
প্রকল্পের স্থায়িত্বই বড় পরীক্ষা
তবে পরিকল্পিত অবকাঠামো নির্মাণের চেয়ে সেগুলো দীর্ঘমেয়াদে সচল রাখা অনেক কঠিন। একটি হাসপাতাল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা যায়, কিন্তু চিকিৎসক ও নার্সের বেতন, ওষুধ, বিদ্যুৎ, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত পরিচালন ব্যয়ের নিশ্চয়তা না থাকলে সেই হাসপাতাল কার্যকর থাকবে না।
একই সমস্যা বিদ্যালয়, পানি সরবরাহব্যবস্থা ও সড়কের ক্ষেত্রেও প্রযোজ্য। নির্মাণ ব্যয় এবং পরিচালন ব্যয়কে আলাদা করে দেখার প্রবণতা উন্নয়ন প্রকল্পের দীর্ঘমেয়াদি সাফল্যকে ঝুঁকিতে ফেলে।
এ কারণে প্রকল্প পরিকল্পনায় অন্তত পাঁচ বছরের পরিচালন ব্যয় আগাম নিশ্চিত করার শর্তকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ শুধু প্রকল্প শেষ করার জন্য নির্মাণকাজ শুরু করা যাবে না; নির্মাণের পর প্রতিষ্ঠানগুলো কীভাবে চলবে, তারও সুস্পষ্ট আর্থিক ও প্রশাসনিক পরিকল্পনা থাকতে হবে।
এখানে আরেকটি প্রশ্ন সামনে আসে। বিদেশি সহায়তা ও কারিগরি সহযোগিতায় গড়ে ওঠা ব্যবস্থার দায়িত্ব কর্মসূচি শেষ হওয়ার পর কে নেবে? সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের মেয়াদ শেষ হলে কেন্দ্রগুলোর সমন্বয়, জনবল নিয়োগ, বাজেট এবং সেবার মান নিশ্চিত করার দায়িত্ব কোনো স্থায়ী সরকারি প্রতিষ্ঠানের হাতে দিতে হবে।
মার্কাজের অভিজ্ঞতা দেখিয়েছে, বিভিন্ন বিভাগের কার্যক্রম টিকে থাকলেও তাদের মধ্যে সমন্বয়ের জন্য যে প্রতিষ্ঠান প্রয়োজন, সেটি দুর্বল হয়ে গেলে পুরো কাঠামো ভেঙে পড়তে পারে।
উন্নয়নের চূড়ান্ত মাপকাঠি
গ্রামীণ প্রবৃদ্ধি কেন্দ্রের সাফল্য শুধু কত কিলোমিটার সড়ক নির্মিত হলো, কতটি হাসপাতাল বা বিদ্যালয় চালু হলো, কিংবা কত অর্থ ব্যয় করা হলো—এসব দিয়ে পরিমাপ করা যাবে না। দেখতে হবে, মানুষের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন এসেছে কি না।
ছাছরোর হাসপাতালে পর্যাপ্ত নার্স ও কার্যকর অস্ত্রোপচার কক্ষ নিশ্চিত হয়েছে কি না, মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষার সুযোগ বেড়েছে কি না, স্থানীয় ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারিত হয়েছে কি না এবং কৃষক তার উৎপাদিত ফসল সংরক্ষণ করে উপযুক্ত সময়ে বিক্রি করতে পারছেন কি না—এসবই হবে প্রকৃত সাফল্যের সূচক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মসংস্থান। গ্রামের তরুণদের যদি জীবিকা, শিক্ষা ও চিকিৎসার জন্য বাধ্য হয়ে করাচি বা অন্য বড় শহরে যেতে না হয়, তাহলে বুঝতে হবে স্থানীয় অর্থনীতিতে পরিবর্তন আসছে।
মানুষ সাধারণত নিজের বাড়ি ও পরিচিত পরিবেশ ছেড়ে যেতে চায় না। কিন্তু যখন সন্তানের শিক্ষার সুযোগ থাকে না, অসুস্থ হলে চিকিৎসা পাওয়া যায় না কিংবা ফসল সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কৃষককে লোকসানে পণ্য বিক্রি করতে হয়, তখন স্থানান্তরই একমাত্র বিকল্প হয়ে দাঁড়ায়।
গ্রামীণ প্রবৃদ্ধি কেন্দ্রের মূল উদ্দেশ্য সেই বাস্তবতা বদলানো। উন্নয়নের লক্ষ্য মানুষকে গ্রাম ছাড়তে বাধ্য করা নয়; বরং নিজ এলাকায় থেকেই উন্নত জীবন, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক সুযোগ পাওয়ার পরিবেশ তৈরি করা।
এই দর্শনের সাফল্য নির্ভর করবে পরিকল্পনার ধারাবাহিকতা, সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়, স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের ওপর। কারণ, উন্নয়ন মানে শুধু মানুষের বসতিতে অবকাঠামো পৌঁছে দেওয়া নয়; সেই অবকাঠামোর মাধ্যমে মানুষের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া।
মুহাম্মদ জুবায়েরের আরও লেখা
ভারত-পাকিস্তান যুদ্ধের ঝুঁকি: সংঘাত নয়, এখন প্রয়োজন রাজনৈতিক সমাধান
নতুন প্রদেশের বিতর্কে পাকিস্তান: সংস্কারের নামে রাজনৈতিক ক্ষমতার পুনর্বিন্যাস?
বিচারহীনতার সংস্কৃতি: যখন সহিংসতাই হয়ে ওঠে ন্যায়বিচারের বিকল্প
পাকিস্তানের উত্তরাঞ্চলে শুধু উন্নয়ন নয়, দরকার জলবায়ু-সহনশীল নতুন অর্থনীতি











