২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা অর্জনের পর খাদ্যশস্যের ওপর বাড়ছে চাপ, প্রশ্নের মুখে পানিসম্পদ ও সরকারি ভর্তুকির ব্যয়
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে পেট্রলের সঙ্গে ইথানল মেশানোর কর্মসূচি সম্প্রসারণ করেছে ভারত। ২০২৫-২৬ অর্থবছরেই পেট্রলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য অর্জন করেছে দেশটি, নির্ধারিত ২০৩০ সালের সময়সীমার পাঁচ বছর আগেই। তবে এই সাফল্য ধরে রাখতে গিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে খাদ্যনিরাপত্তা, কৃষিপণ্যের দাম এবং ভূগর্ভস্থ পানির ব্যবহারে।
ভারতের প্রায় ১৪৮ কোটি মানুষের খাদ্যচাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ গবাদিপশুর খাদ্যের জোগান নিশ্চিত করতে হয়। ফলে খাদ্যশস্যকে জ্বালানি উৎপাদনে ব্যবহার করার বিষয়টি দেশটির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ ২৩ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণে অশোক গুলাটি ও রায়া দাস দেখিয়েছেন, ইথানল উৎপাদনে চাল ও ভুট্টার ওপর বাড়তি নির্ভরতা খাদ্য ও পশুখাদ্যের বাজারে চাপ সৃষ্টি করতে পারে।
আখ থেকে সরে চাল ও ভুট্টার দিকে
ভারতের ইথানল মিশ্রিত পেট্রল কর্মসূচি শুরু হয়েছিল ২০০৩ সালে। তখন নয়টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৫ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য নেওয়া হয়েছিল। কিন্তু পর্যাপ্ত সরবরাহের অভাবে কর্মসূচিটির অগ্রগতি দীর্ঘদিন সীমিত ছিল।
২০১৮ সালের জাতীয় জৈবজ্বালানি নীতি এবং ইথানল উৎপাদনকারীদের জন্য নির্ধারিত মূল্য ও নিশ্চিত ক্রয়ব্যবস্থা চালুর পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ২০১৯-২০ অর্থবছরে পেট্রলে ইথানল মিশ্রণের হার প্রায় ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ২০ শতাংশে পৌঁছায়।
তবে আখের সরবরাহ কমে যাওয়া, চিনির রেকর্ড দাম এবং মহারাষ্ট্র ও কর্ণাটকে দুর্বল মৌসুমি বৃষ্টির কারণে চিনির বাজারে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ভারত সরকার ইথানল উৎপাদনে চিনির ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে। নতুন দরপত্রে আখের রস, চিনির সিরাপ ও বি-হেভি মোলাসেস থেকে উৎপাদিত ইথানল বাদ দিয়ে শুধু সি-হেভি মোলাসেস ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
এর ফলে ইথানল উৎপাদনে চাল ও ভুট্টার ওপর নির্ভরতা আরও বাড়ছে।
খাদ্যশস্যের বাজারে বাড়ছে প্রতিযোগিতা
ইথানল উৎপাদনে সরকারি খাদ্যশস্যের ব্যবহার ক্রমেই বাড়ছে। ২০২০-২১ অর্থবছরে ভারতের খাদ্য করপোরেশনের (এফসিআই) চালের অংশ ছিল মোট ইথানল সরবরাহের ১ শতাংশেরও কম। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ১৩ দশমিক ৫ শতাংশে পৌঁছায়। ২০২৬-২৭ অর্থবছরের বরাদ্দে চালের অংশ দাঁড়িয়েছে ৪৪ শতাংশে।
একই সময়ে ভুট্টার অংশ ২০২২-২৩ অর্থবছরের ৬ শতাংশ থেকে বেড়ে ২০২৬-২৭ অর্থবছরে ৪৭ শতাংশ হয়েছে।
এখানে বড় উদ্বেগের বিষয় হলো, ভুট্টা শুধু ইথানল উৎপাদনের কাঁচামাল নয়; পোলট্রি শিল্প, দুগ্ধ খাত ও স্টার্চ উৎপাদনেরও গুরুত্বপূর্ণ উপাদান।
ভারতের সরকারি কৃষিপণ্য বাজারসংক্রান্ত তথ্য অনুযায়ী, বাজারে ভুট্টার দাম প্রতি কুইন্টাল ২ হাজার ৮০০ রুপিতে পৌঁছেছে। অথচ সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য ২ হাজার ৪০০ রুপি।
ইথানল উৎপাদনকারীরা বেশি দামে ভুট্টা কিনলে পোলট্রি ও দুগ্ধশিল্পের উৎপাদন ব্যয় বাড়বে। সেই বাড়তি ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত ডিম, মুরগির মাংস ও দুধের বাজারেও পড়তে পারে।
চালের ইথানলে সরকারি ব্যয় ৩৫ হাজার কোটি রুপির বেশি
ইথানল উৎপাদনে চাল ব্যবহারের ক্ষেত্রে সরকারি ভর্তুকির পরিমাণও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
এফসিআইয়ের গুদামে বর্তমানে ৩ কোটি ৯০ লাখ টন চাল এবং ধানের সমপরিমাণ হিসাবে আরও ২ কোটি ২৭ লাখ টন মজুত রয়েছে। অথচ ১ অক্টোবরের জন্য নির্ধারিত সরকারি সংরক্ষণ লক্ষ্যমাত্রার তুলনায় এই মজুত পাঁচ গুণেরও বেশি।
২০২৬-২৭ অর্থবছরে ইথানল উৎপাদনের জন্য চালভিত্তিক বরাদ্দ হয়েছে ৪৮৩ কোটি ৮০ লাখ লিটার। এর মধ্যে নষ্ট বা নিম্নমানের চাল থেকে ১৫৯ কোটি ৯০ লাখ লিটার এবং উদ্বৃত্ত চাল থেকে ৩২৩ কোটি ৯০ লাখ লিটার ইথানল উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
এই উৎপাদনের জন্য আনুমানিক ১ কোটি ১২ লাখ টন চাল প্রয়োজন হবে।
বিশ্লেষকদের হিসাবে, এফসিআই প্রতি কেজি চাল ইথানল উৎপাদনকারীদের কাছে বিক্রি করছে ২৩ দশমিক ২০ রুপিতে। অথচ চালের প্রকৃত অর্থনৈতিক ব্যয় প্রতি কেজিতে ৪৩ দশমিক ৯১ রুপি। উৎপাদন এলাকায় বিদ্যুৎ ও সার ভর্তুকি যুক্ত করলে প্রকৃত ব্যয় দাঁড়ায় প্রায় ৫৩ দশমিক ৯১ রুপি।
এক লিটার ইথানল উৎপাদনে গড়ে ২ দশমিক ৭৫ কেজি চাল প্রয়োজন হলে শুধু চালের পেছনেই সরকারি ব্যয় দাঁড়ায় প্রায় ১৪৮ রুপি। অথচ তেল বিপণন কোম্পানিগুলো চাল থেকে উৎপাদিত প্রতি লিটার ইথানলের জন্য মূল্য দিচ্ছে ৬০ দশমিক ৩২ রুপি।
অর্থাৎ প্রতি লিটারে প্রায় ৮৭ দশমিক ৯৩ রুপির পরোক্ষ ভর্তুকি তৈরি হচ্ছে। ইথানল উৎপাদনের জন্য বরাদ্দ করা চালের পরিমাণ বিবেচনায় এই খাতে সরকারি ব্যয় ৩৫ হাজার ৮০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
পানিসম্পদের ওপর বড় চাপ
চালভিত্তিক ইথানল উৎপাদনের পরিবেশগত প্রভাবও উদ্বেগজনক। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় ২০২৬ সালের মার্চে সংসদকে জানিয়েছিল, ইথানল উৎপাদনের কাঁচামালগুলোর মধ্যে চাল সবচেয়ে বেশি পানিনির্ভর।
এক লিটার ইথানল উৎপাদনে ২ দশমিক ৭৫ কেজি চাল প্রয়োজন হয়। প্রতি কেজি চাল উৎপাদনে প্রায় ৪ হাজার লিটার সেচের পানি ব্যবহার করা হলে এক লিটার ইথানলের সঙ্গে সংশ্লিষ্ট পানির পরিমাণ দাঁড়ায় প্রায় ১১ হাজার লিটার।
২০২৬-২৭ অর্থবছরে ইথানলের জন্য বরাদ্দ করা ১ কোটি ১২ লাখ টন চাল উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য সেচের পানির পরিমাণ দাঁড়াতে পারে ৪ হাজার ৪৮০ কোটি ঘনমিটার।
এর পাশাপাশি জলাবদ্ধ ধানখেত থেকে মিথেন গ্যাস নির্গমনের বিষয়টিও রয়েছে। অন্যদিকে বৃষ্টিনির্ভর খরিফ মৌসুমের ভুট্টা চাষে ধানের তুলনায় প্রায় এক-পঞ্চমাংশ সেচের পানি প্রয়োজন হয় এবং মিথেন নির্গমনও তুলনামূলক কম।
বিকল্প জ্বালানির উৎস খুঁজছে ভারত
এই সংকট মোকাবিলায় বিশ্লেষকেরা তিনটি পদক্ষেপের কথা বলেছেন।
প্রথমত, ইথানল উৎপাদনে ব্যবহৃত প্রতিটি কাঁচামালের সরবরাহ, উৎপাদন ব্যয়, পানির ব্যবহার এবং পরিবেশগত প্রভাব নিয়ে সমন্বিত গবেষণা প্রয়োজন। আমদানি করা ইথানলের ব্যয়ের সঙ্গে তুলনা করে দেশীয় কাঁচামালের মূল্য ও বরাদ্দ নির্ধারণ করা যেতে পারে।
দ্বিতীয়ত, ২০ শতাংশ ইথানল মিশ্রণের বাধ্যবাধকতা পরিস্থিতি অনুযায়ী নমনীয় করার প্রস্তাব এসেছে। চিনির উৎপাদন, খাদ্যশস্যের মজুত এবং ভুট্টার বাজারদরের ওপর ভিত্তি করে ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে মিশ্রণের হার নির্ধারণ করা যেতে পারে। ঘাটতির সময়ে ইথানল আমদানিকেও বিকল্প হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
তৃতীয়ত, খাদ্য ও পশুখাদ্যের জন্য ব্যবহৃত শস্যের বাইরে নতুন কাঁচামালের ব্যবহার বাড়ানো প্রয়োজন।
ভারতের প্রধানমন্ত্রী জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে জৈবজ্বালানির প্রসারে ‘প্রধানমন্ত্রী জীবান যোজনা’ সম্প্রসারণ করেছেন, যার আওতায় ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত ফসলের অবশিষ্টাংশ, শিল্পবর্জ্য ও শৈবাল থেকে ইথানল উৎপাদনে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে দ্বিতীয় প্রজন্মের ইথানল উৎপাদনকারী কারখানা এখনো সীমিত। ধানের খড়ের মতো কৃষিজ বর্জ্য জ্বালানি উৎপাদনে ব্যবহারের পরিবর্তে অনেক জায়গায় পুড়িয়ে ফেলা হচ্ছে।
সমুদ্রের শৈবাল হতে পারে তৃতীয় প্রজন্মের জৈবজ্বালানির একটি সম্ভাবনাময় উৎস। এতে কৃষিজমি, সার কিংবা সেচের পানির প্রয়োজন হয় না। যদিও বাণিজ্যিকভাবে উৎপাদন এখনো লাভজনক পর্যায়ে পৌঁছায়নি, উপকূলীয় এলাকায় পরীক্ষামূলক জৈবজ্বালানি কারখানা স্থাপনের সম্ভাবনা রয়েছে।
জ্বালানি নিরাপত্তার সঙ্গে খাদ্যনিরাপত্তার ভারসাম্য
ভারতের ইথানল কর্মসূচি আন্তর্জাতিক জ্বালানি বাজারে আমদানিনির্ভরতা কমানোর একটি উদ্যোগ। কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য খাদ্যশস্য, পশুখাদ্য, পানিসম্পদ ও সরকারি অর্থের ওপর অতিরিক্ত চাপ তৈরি হলে কর্মসূচির সামগ্রিক সুফল নিয়ে প্রশ্ন উঠবে।
২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য অর্জন ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। এখন দেশটির সামনে বড় চ্যালেঞ্জ হলো, খাদ্যনিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য অক্ষুণ্ন রেখে এই কর্মসূচি দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা।












