তিন বছরের চুক্তিতে ভারতের আদানি গ্রুপকে প্রতি মাসে ২ হাজার টন তামার অ্যানোড সরবরাহ করবে পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠান অ্যাটেরো।
ভারতের তামা শিল্পে আমদানিনির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আদানি গ্রুপ। দেশটির শিল্পগোষ্ঠীটি ই-বর্জ্য ও ব্যবহৃত ব্যাটারি পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠান অ্যাটেরোর সঙ্গে তিন বছর মেয়াদি প্রায় ১০০ কোটি ডলারের তামা সরবরাহ চুক্তি করেছে। এই চুক্তির আওতায় আদানির তামা গলানোর কারখানায় প্রতি মাসে ২ হাজার মেট্রিক টন তামার অ্যানোড সরবরাহ করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সের ২৪ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুই ব্যক্তি চুক্তির তথ্য জানিয়েছেন। প্রায় তিন মাস আগে চুক্তিটি স্বাক্ষরিত হলেও এত দিন তা প্রকাশ্যে আসেনি।
আমদানির ওপর নির্ভরতা কমবে
গুজরাটের মুন্দ্রায় অবস্থিত আদানির কচ্ছ কপার কারখানায় এই তামার অ্যানোড ব্যবহার করা হবে। চুক্তির ফলে কারখানাটির কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা প্রায় ৫ শতাংশ কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আদানি এন্টারপ্রাইজেস গত বছর কারখানাটিতে উৎপাদন শুরু করে। বছরে ৫ লাখ টন উৎপাদনক্ষমতার এই স্থাপনার সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি একক স্থানে বিশ্বের বৃহত্তম তামা গলানোর কারখানায় পরিণত হতে পারে।
এ কারণে দীর্ঘমেয়াদি কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা আদানি গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ই-বর্জ্য থেকেই আসবে তামা
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, সরবরাহ করা তামার অ্যানোড তৈরি হবে পুনর্ব্যবহৃত উপকরণ থেকে। ভারতের নয়ডাভিত্তিক অ্যাটেরো ইলেকট্রনিক বর্জ্য ও ব্যবহৃত ব্যাটারি থেকে তামা পুনরুদ্ধার করে তা প্রক্রিয়াজাত করবে।
এতে একদিকে তামার কাঁচামালের বিকল্প উৎস তৈরি হবে, অন্যদিকে ই-বর্জ্য ও পুরোনো ব্যাটারিতে থাকা মূল্যবান ধাতু পুনরুদ্ধারের সুযোগ বাড়বে।
বর্তমান বাজারদরে চুক্তিটির মূল্য প্রায় ১০০ কোটি ডলার বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এ বিষয়ে আদানি গ্রুপ রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
তামা উৎপাদন বাড়লেও আমদানিনির্ভর ভারত
ভারতের তামা পরিশোধন সক্ষমতা বছরে প্রায় ১৩ লাখ টন। তবে সক্ষমতা থাকা সত্ত্বেও দেশটি এখনো আমদানিকৃত তামার আকরিকের ঘনীভূত উপাদান ও পরিশোধিত ধাতুর ওপর নির্ভরশীল। দেশটির কিছু প্রক্রিয়াজাতকরণ কারখানা পূর্ণ সক্ষমতায় পরিচালিত না হওয়াও এর একটি কারণ।
ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলে শুরু হওয়া অর্থবছরে দেশটির পরিশোধিত তামা উৎপাদন বেড়ে প্রায় ৭ লাখ ৪ হাজার টনে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে উৎপাদন ছিল ৫ লাখ ৭৩ হাজার টন।
অন্যদিকে পণ্যবাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিগমিন্টের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের মোট তামা আমদানি হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ৫০৯ টন। আগের বছরের তুলনায় আমদানি কমেছে মাত্র ০.২ শতাংশ।
চিলির তামা প্রকল্পেও আদানির বিনিয়োগ
কাঁচামালের দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিত করতে আদানি গ্রুপ আন্তর্জাতিক পর্যায়েও তৎপরতা বাড়িয়েছে। চলতি নভেম্বরেই চিলির রাষ্ট্রায়ত্ত তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোডেলকোর সঙ্গে একটি চুক্তি করেছে আদানি। এর আওতায় চিলির উত্তরাঞ্চলীয় আন্তোফাগাস্তা এলাকায় কাবুরকালা তামা অনুসন্ধান প্রকল্পের উন্নয়নে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
অ্যাটেরোর সঙ্গে সরবরাহ চুক্তি এবং চিলির অনুসন্ধান প্রকল্পে বিনিয়োগ—দুটি উদ্যোগই আদানির তামা ব্যবসার কাঁচামাল সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার কৌশলের অংশ।
বিশ্বজুড়ে বিদ্যুৎ অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন ও শিল্পায়নে তামার চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে পুনর্ব্যবহৃত তামার ব্যবহার এবং বিকল্প সরবরাহ উৎস নিশ্চিত করা ভারতের শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।












