যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, প্রায় এক দশক পর চীনের কাছ থেকে বড় উড়োজাহাজের ক্রয়াদেশ পেল মার্কিন নির্মাতা
প্রায় এক দশক পর চীনের কাছ থেকে বড় উড়োজাহাজের ক্রয়াদেশ পেল মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। চায়না সাউদার্ন এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান শিয়ামেন এয়ারলাইনস ৫০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। তালিকামূল্য অনুযায়ী এ চুক্তির পরিমাণ প্রায় ৭৪০ কোটি ডলার।
মঙ্গলবার চায়না সাউদার্ন এক ঘোষণায় জানায়, ২০৩১ থেকে ২০৩৪ সালের মধ্যে কয়েক ধাপে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির জন্য চীনের বাজারে এটি প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে বড় ক্রয়াদেশ।
ট্রাম্প-শি বৈঠনের প্রতিশ্রুতির বাস্তবায়ন
চলতি বছরের মে মাসে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে ২০০টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল চীন। আর্থিক গবেষণা প্রতিষ্ঠান জেফরিজের এক বিশ্লেষণ অনুযায়ী, শিয়ামেন এয়ারলাইনসের নতুন চুক্তিটি ওই প্রতিশ্রুতির আওতায় প্রথম আনুষ্ঠানিক ক্রয়াদেশ হতে পারে।
তবে চায়না সাউদার্নের শেয়ারবাজারে দেওয়া ঘোষণায় ৫০টি উড়োজাহাজের ক্রয়াদেশটি ২০০টির প্রতিশ্রুতির অংশ কি না, তা স্পষ্ট করা হয়নি।
সোমবার ট্রাম্প দাবি করেন, চীন আরও ২৫০টি বোয়িং উড়োজাহাজ কিনতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। চীনা কর্মকর্তারাও নতুন কোনো ক্রয়াদেশের বিষয়টি নিশ্চিত করেননি। এর আগে মে মাসে ট্রাম্প বলেছিলেন, চীনের সম্ভাব্য ক্রয়াদেশ ৭৫০টি উড়োজাহাজে পৌঁছাতে পারে।
বাণিজ্যিক উত্তেজনায় দীর্ঘদিন চাপে ছিল বোয়িং
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উড়োজাহাজ বাজার চীনে ২০১৭ সালের পর থেকে নতুন ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধার মুখে ছিল বোয়িং। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়ায় মার্কিন প্রতিষ্ঠানটি চীনের নতুন উড়োজাহাজ ক্রয়ের বাজার থেকে কার্যত ছিটকে পড়ে। তবে আগে দেওয়া ক্রয়াদেশ অনুযায়ী উড়োজাহাজ সরবরাহ অব্যাহত ছিল।
নতুন চুক্তি তাই শুধু একটি বাণিজ্যিক লেনদেন নয়; বরং দুই দেশের বিমান চলাচল ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
তবে উড়োজাহাজের তালিকামূল্য আর প্রকৃত ক্রয়মূল্য এক নয়। সাধারণত বিমান সংস্থাগুলো নির্মাতাদের কাছ থেকে তালিকামূল্যের তুলনায় উল্লেখযোগ্য ছাড়ে উড়োজাহাজ কেনে। ফলে ৭৪০ কোটি ডলারের ঘোষিত মূল্যকে চুক্তির প্রকৃত আর্থিক ব্যয় হিসেবে বিবেচনা করা যাবে না।
২০৪৫ সাল পর্যন্ত ৯ হাজার উড়োজাহাজের চাহিদা
বিশ্বের অন্যতম দ্রুত সম্প্রসারিত বিমান চলাচল বাজার চীনে ভবিষ্যতে উড়োজাহাজের বিপুল চাহিদা তৈরি হবে বলে ধারণা করছে বোয়িং ও ইউরোপীয় নির্মাতা এয়ারবাস।
দুই প্রতিষ্ঠানের পূর্বাভাস অনুযায়ী, ২০৪৫ সাল পর্যন্ত চীনের বিমান পরিবহন খাতে প্রায় ৯ হাজার নতুন উড়োজাহাজ প্রয়োজন হবে। বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের তুলনায় এই চাহিদা বেশি।
চীনের বাজারে অবস্থান শক্তিশালী করতে বোয়িংয়ের জন্য তাই নতুন ক্রয়াদেশটি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের সঙ্গে প্রতিযোগিতায় মার্কিন প্রতিষ্ঠানটির অবস্থান পুনরুদ্ধারের সুযোগ তৈরি করতে পারে।
এয়ারবাসের সঙ্গেও বড় চুক্তি
শিয়ামেন এয়ারলাইনস ঐতিহাসিকভাবে বোয়িংয়ের উড়োজাহাজনির্ভর প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তবে ২০২৩ সালের শুরুতে এয়ারবাসের প্রথম এ৩২১নিও উড়োজাহাজ ইজারা নিয়ে বহরে যুক্ত করার মধ্য দিয়ে প্রায় চার দশকের একক বোয়িংনির্ভরতার অবসান ঘটায় প্রতিষ্ঠানটি।
এ বছরের এপ্রিলে চায়না সাউদার্ন ও শিয়ামেন এয়ারলাইনস যৌথভাবে এয়ারবাসের এ৩২০নিও পরিবারের ১৩৭টি উড়োজাহাজ কেনার চুক্তিও করে।
নতুন ৫০টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত থেকে বোঝা যায়, চীনা বিমান সংস্থাগুলো বহর সম্প্রসারণ ও আধুনিকায়নে একক নির্মাতার ওপর নির্ভর না করে বোয়িং ও এয়ারবাস—উভয় প্রতিষ্ঠানের উড়োজাহাজ ব্যবহারের কৌশল অনুসরণ করছে।
তবে চায়না সাউদার্ন জানিয়েছে, নতুন চুক্তি কার্যকর করতে কোম্পানির শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট চীনা সরকারি কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। নতুন বিমানবন্দর শিয়ামেন শিয়াংআনে কার্যক্রম সম্প্রসারণ, ফুজিয়ান প্রদেশে বিমান চলাচল কেন্দ্র গড়ে তোলা এবং বহরের কাঠামো উন্নত করাই এ ক্রয়াদেশের প্রধান উদ্দেশ্য।












