শরীরে আয়রনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। রক্তের হিমোগ্লোবিন তৈরিতে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উপাদান শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে। অথচ শুধু আয়রনসমৃদ্ধ খাবার খেলেই যে শরীর পর্যাপ্ত আয়রন পাবে, এমন নিশ্চয়তা নেই। খাবার কীভাবে রান্না করা হচ্ছে, কোন খাবারের সঙ্গে খাওয়া হচ্ছে এবং খাওয়ার সময় কী পান করা হচ্ছে—এসবও আয়রন শোষণের ওপর প্রভাব ফেলে।
বিশ্বজুড়ে আয়রনের ঘাটতি অন্যতম সাধারণ পুষ্টিসমস্যা। বিশেষ করে শিশু ও প্রজননক্ষম নারীদের মধ্যে এ ঘাটতির ঝুঁকি বেশি। তবে মাংস বা আয়রন সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করেও খাবারের ধরন ও প্রস্তুতপ্রণালিতে কিছু পরিবর্তন এনে শরীরের আয়রন শোষণ বাড়ানো সম্ভব।
১. শাকসবজি রান্নার ধরন বদলান
পালংশাক আয়রনের ভালো উৎস হিসেবে পরিচিত। কিন্তু কাঁচা পালংশাক থেকে শরীর তুলনামূলক কম আয়রন শোষণ করতে পারে। কারণ এতে থাকা অক্সালেট নামের উপাদান আয়রনের সঙ্গে যুক্ত হয়ে শরীরে এর শোষণ বাধাগ্রস্ত করে।
পালংশাক, সুইস চার্ড এবং বিটের পাতার মতো অক্সালেটসমৃদ্ধ শাক সেদ্ধ করলে এই উপাদানের একটি অংশ বের হয়ে যায়। ফলে আয়রন শোষণের সুযোগ বাড়ে।
তবে সব শাকের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়। লেটুস, বাঁধাকপি ও বক চয়ের মতো শাকসবজি কাঁচা বা ভাপে রান্না করে খেলে ভিটামিন সি বেশি অক্ষুণ্ন থাকতে পারে। এই ভিটামিন আবার উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে সাহায্য করে।
২. আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে রাখুন ভিটামিন সি
উদ্ভিজ্জ খাবারে থাকা আয়রন শরীর তুলনামূলক কম শোষণ করে। তবে একই খাবারের সঙ্গে ভিটামিন সি থাকলে এই শোষণ বাড়তে পারে।
এ জন্য ডাল, ছোলা, শাকসবজি কিংবা আয়রনসমৃদ্ধ অন্য খাবারের সঙ্গে লেবুর রস যোগ করা যেতে পারে। সকালের নাশতায় আয়রনসমৃদ্ধ খাবারের পাশাপাশি অল্প পরিমাণ কমলার রসও উপকারী হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, উদ্ভিজ্জ উৎস থেকে আয়রন শোষণ বাড়াতে ভিটামিন সি বেশ কার্যকর। তাই শুধু আয়রনের পরিমাণ নয়, খাবারের সঙ্গে ভিটামিন সি আছে কি না, সেটিও বিবেচনায় রাখা জরুরি।
৩. খাদ্যতালিকায় রাখুন গাঁজানো খাবার
শস্য, বাদাম ও বীজে ফাইটিক অ্যাসিড নামের একটি প্রাকৃতিক উপাদান থাকে। এটি খাবারে থাকা আয়রনের শোষণ কমাতে পারে।
খাদ্য গাঁজানোর প্রক্রিয়ায় ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে। ফলে শরীরের পক্ষে আয়রন শোষণ তুলনামূলক সহজ হয়। এ কারণে সাধারণ রুটির পরিবর্তে টক খামিরে তৈরি রুটি খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
খাবার তৈরির এই প্রক্রিয়া আয়রনের জৈবপ্রাপ্যতা বাড়াতে সহায়তা করতে পারে।
৪. শুধু আয়রনসমৃদ্ধ প্যাকেটজাত খাবারের ওপর নির্ভর করবেন না
অনেক পাউরুটি ও সকালের নাশতার সিরিয়ালে অতিরিক্ত আয়রন যোগ করা হয়। তবে এসব খাবারে ব্যবহৃত আয়রনের সব ধরন শরীর সমানভাবে শোষণ করতে পারে না।
খাবারের স্বাদ, রং ও সংরক্ষণক্ষমতা ঠিক রাখতে প্রস্তুতকারকেরা অনেক সময় এমন ধরনের আয়রন ব্যবহার করেন, যা শরীরে সহজে শোষিত হয় না। ফলে প্যাকেটের গায়ে আয়রনের পরিমাণ বেশি লেখা থাকলেও শরীর বাস্তবে তার পুরোটা কাজে লাগাতে পারে না।
উদ্ভিজ্জ খাবারের মধ্যে ছোলা, গাঢ় সবুজ শাক, শুকনো ফল, বাদাম ও বীজ ভালো আয়রনের উৎস। প্রতি ১০০ গ্রাম ছোলায় প্রায় ২ মিলিগ্রাম, ব্রকলিতে ১ মিলিগ্রাম, সূর্যমুখীর বীজে ৬ দশমিক ৪ মিলিগ্রাম এবং টফুতে ১ দশমিক ২ মিলিগ্রাম আয়রন থাকতে পারে। তুলনার জন্য, প্রতি ১০০ গ্রাম গরুর মাংসের একটি অংশে প্রায় ৩ দশমিক ৬ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়।
৫. খাবারের সঙ্গে চা-কফি পান এড়িয়ে চলুন
চা ও কফিতে থাকা ট্যানিন ও পলিফেনলের মতো উপাদান খাবার থেকে আয়রন শোষণ কমাতে পারে। ফলে আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে চা বা কফি পান করলে খাবারের পুষ্টিগুণের পুরো সুবিধা শরীর নাও পেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, খাবারের সঙ্গে চা পান না করে অন্তত দুই ঘণ্টা বিরতি রাখা ভালো। বিশেষ করে যাঁরা আয়রনের ঘাটতিতে ভুগছেন, তাঁদের এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
প্রয়োজন বুঝে আয়রন গ্রহণ জরুরি
শরীরের প্রয়োজন অনুযায়ী আয়রন গ্রহণ করা গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবার সুপারিশ অনুযায়ী, ১৯ বছর বা তার বেশি বয়সী পুরুষদের প্রতিদিন ৮ দশমিক ৭ মিলিগ্রাম আয়রন প্রয়োজন। ১৯ থেকে ৪৯ বছর বয়সী নারীদের জন্য এই পরিমাণ ১৪ দশমিক ৮ মিলিগ্রাম। ৫০ বছর বা তার বেশি বয়সী নারীদের ক্ষেত্রে প্রয়োজন ৮ দশমিক ৭ মিলিগ্রাম। অতিরিক্ত মাসিকের কারণে কিছু নারীর আরও বেশি আয়রন প্রয়োজন হতে পারে।
একবারে অনেক বেশি আয়রন গ্রহণের পরিবর্তে দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে আয়রনসমৃদ্ধ খাবার খাওয়া ভালো। কারণ শরীর নিজেই আয়রন শোষণ নিয়ন্ত্রণ করে এবং একসঙ্গে অতিরিক্ত আয়রন পেলে শোষণের হার কমে যেতে পারে।
আরেকটি বিষয় মনে রাখা জরুরি, আয়রনের ঘাটতি সন্দেহ হলে নিজে থেকে সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা ও চিকিৎসা করানোই নিরাপদ।
অর্থাৎ শরীরে আয়রনের ঘাটতি ঠেকাতে শুধু খাবারের তালিকা নয়, খাবার রান্না, পরিবেশন ও গ্রহণের অভ্যাসেও নজর দিতে হবে। ছোট কিছু পরিবর্তনই উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন পাওয়ার সুযোগ বাড়াতে পারে।












