ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটির উৎপাদন বন্ধ থাকবে।
আদানি পাওয়ার জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় আগে থেকেই এই কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। বন্ধ থাকার সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।
তবে বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি আগের মতোই চালু থাকবে। ফলে রক্ষণাবেক্ষণের সময় কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতার অর্ধেক বন্ধ থাকবে।
চাহিদা কম থাকায় আপাতত উদ্বেগ কম
পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয় ৯০১ মেগাওয়াট।
বুধবার দুপুর ১টায় কেন্দ্রটি থেকে সরবরাহ ছিল ৯২৭ মেগাওয়াট। ওই সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শীতের কারণে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম। তাই আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও আপাতত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই।
তবে শীত শেষে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে পরিস্থিতি বদলাতে পারে। সে ক্ষেত্রে একটি ইউনিট দীর্ঘ সময় বন্ধ থাকায় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হওয়ার ঝুঁকি থাকবে।












