লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক। লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে তারা দেশে ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা দেশে পৌঁছান। তাদের প্রত্যাবাসনে সহযোগিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আইওএমের কর্মকর্তারা।
অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে দেশে ফেরা ব্যক্তিদের নিজেদের তিক্ত অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইওএম প্রত্যেক প্রত্যাবাসিত বাংলাদেশিকে দেশে ফেরার যাতায়াত ব্যয়, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছে। যাদের প্রয়োজন, তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।
এদিকে লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম।












