জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সেনাসদস্যরা মারধর করেছেন—এমন অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটসংলগ্ন এলাকায় তাঁরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধকারীরা চার দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, অভিযুক্ত সেনাসদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, অভিযুক্তদের সশরীরে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জবাবদিহি নিশ্চিত করা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় বহন করা।
রাত ১০টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানান, জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা তাঁর সঙ্গে কথা বলে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
অভিযোগের শিকার শিক্ষার্থীর নাম আওরঙ্গজেব রমজান। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।
রমজানের অভিযোগ, বুধবার বিকেলে টিউশনি করাতে বিসমাইল যাওয়ার পথে তিনি যে অটোরিকশায় ছিলেন, সেটি কয়েকজন সেনাসদস্য থামান। এ সময় তাঁকে লাঠি দিয়ে আঘাত করা হয়। প্রতিবাদ জানালে তাঁকে পাশের একটি কক্ষে নিয়ে লাথি ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহানুভূতি রয়েছে। বিষয়টি সমাধানে প্রশাসন কাজ করছে।
সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, উপাচার্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। অভিযুক্ত ঘটনার বিষয়ে খোঁজ নিতে একটি দল বিশ্ববিদ্যালয়ে এসে আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে পারে।












