চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় আন্দোলন আরও জোরালো করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচির পর এবার কাপ্তাই সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাতে দেওয়া এক ঘোষণায় নতুন এই কর্মসূচির কথা জানান তাঁরা। উপাচার্য নিয়োগ নিয়ে চলমান অচলাবস্থার অবসান এবং ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবি, একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য ছাড়া স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারে না। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।
পুনর্বহাল না হলে চুয়েট থেকেই উপাচার্য নিয়োগের দাবি
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনসুর আলম জানান, চলমান সংকট সমাধানের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর কাপ্তাই সড়ক সম্পূর্ণ অবরোধ করা হবে।
তিনি বলেন, সরকারকে দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নিতে হবে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করা সম্ভব না হলে আলোচনার ভিত্তিতে চুয়েট থেকেই অন্য কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে।
৩৬ দিনের শাটডাউনের পরও কাটেনি অচলাবস্থা
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
একপর্যায়ে শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের শাটডাউনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। পরে গত ২৮ অক্টোবর ক্লাসসহ একাডেমিক কার্যক্রম আবার শুরু হয়। তবে উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি।
অচলাবস্থা নিরসনের দাবিতে বুধবার রাতে শিক্ষার্থীদের এক সভায় বৃহস্পতিবার থেকে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
নতুন করে শাটডাউন ও সড়ক অবরোধের কর্মসূচির ফলে চুয়েটে শিক্ষা কার্যক্রম আবারও দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংকট সমাধানে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষার্থীরা।












