কুষ্টিয়ার সদর উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন পরিবারের সদস্যরা। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
গত বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অন্তর্গত কীর্তিনগর গ্রামের স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।
অভিযুক্ত যুবকের নাম আলী। তাঁর বয়স ১৯ বছর। পরিবারের ভাষ্য অনুযায়ী, বুধবার সকালে শিশুটি সাইকেল চালাচ্ছিল। এ সময় নতুন ব্যাডমিন্টন র্যাকেট দেখানোর কথা বলে আলী তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
পরিবারের দাবি, নির্যাতনের সময় শিশুটির হাত-পা বেঁধে রাখা হয়েছিল এবং মুখে গামছা গুঁজে দেওয়া হয়েছিল। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত তাকে বাড়ি পৌঁছে দেন। তবে শিশুটির মাকে দেখে সেখান থেকে পালিয়ে যান।
এরপর শিশুটি পরিবারের কাছে ঘটনার বিবরণ দেয়। অভিযুক্ত ও তাঁর স্বজনেরা এলাকায় প্রভাবশালী হওয়ায় প্রথমে পরিবার স্থানীয়ভাবে শিশুটির চিকিৎসা করায়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মা অভিযোগ করেন, ঘটনা প্রকাশ করলে তাঁর ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন অভিযুক্ত আলী। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।












