সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তাঁর মতে, দেশে ফেরার বাস্তব সম্ভাবনার চেয়ে রাজনৈতিকভাবে আলোচনায় থাকা এবং আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের সক্রিয় রাখাই এই ঘোষণার মূল উদ্দেশ্য। শেখ হাসিনা ফিরে আসবেন—এমনটি ভাবার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত ‘নাশকতা রোধে…’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মান্না এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকারকে বিশেষ কোনো পদক্ষেপ নিতে হবে না। বরং ১৬ ডিসেম্বরের পরও তিনি কীভাবে রাজনৈতিকভাবে আলোচনায় থাকার চেষ্টা করবেন, সেই কৌশল মোকাবিলার প্রস্তুতি নেওয়া সরকারের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট নয়
মান্নার বক্তব্য, শেখ হাসিনার প্রত্যর্পণ বা দেশে ফেরার বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত প্রকাশ্যে স্পষ্ট অবস্থান জানায়নি। তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ ভারত জানাতে পারে—এর বাইরে দেশটির করণীয় সীমিত বলে মনে করেন তিনি। তাই শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি।
গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি। মান্নার মতে, সেখানে গুলি বা প্রাণহানির ঘটনা ঘটলে তা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ত এবং সরকার শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দিতে মানুষ হত্যা করেছে—এমন প্রচার তৈরি হতো। এতে আন্দোলন আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হতে পারত বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় ঐক্যের আগে চাই সুনির্দিষ্ট এজেন্ডা
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের সমালোচনা করে মান্না বলেন, জাতীয় ঐক্য কেন এবং কোন ভিত্তিতে হবে, তা আগে স্পষ্ট করতে হবে। কেবল একটি রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ঐক্য গড়ে তুললে তা দীর্ঘস্থায়ী হবে না। স্থানীয় সরকার নির্বাচন সামনে এলে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও বিরোধের কারণে সেই ঐক্য ভেঙে যেতে পারে।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগের জবাবদিহি এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানসহ নানা বিষয় জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ। এসব প্রশ্ন পাশ কাটিয়ে কয়েকজন নেতাকে নিয়ে জাতীয় ঐক্যের উদ্যোগ কার্যকর হবে না।
সরকারকে সব রাজনৈতিক দলকে আলোচনায় ডাকার পরামর্শ দিয়ে মান্না বলেন, সুনির্দিষ্ট কর্মসূচি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এজেন্ডা ছাড়া এমন উদ্যোগকে প্রকৃত জাতীয় ঐক্য বলা যায় না। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বড় রাজনৈতিক সমস্যা মনে করলে এর আন্তর্জাতিক দিকও বিবেচনায় নিতে হবে।
যুক্তরাষ্ট্রের নতুন করে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট না করে জাতীয় ঐক্যের কথা বললে তা গ্রহণযোগ্য হবে না। জাতীয় ঐক্য চাইলে সরকারকে আগে জানাতে হবে, কোন লক্ষ্য অর্জনে এবং কী কর্মসূচির ভিত্তিতে এই ঐক্য গড়ে তোলা হবে।
রাজনৈতিকভাবে মোকাবিলার পক্ষে অন্য নেতারাও
আলোচনায় বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক মুস্তাক হোসেন বলেন, দেশে রাজনৈতিক সহাবস্থান প্রয়োজন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করে দলটিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হলে গণহত্যা ও অন্যান্য কর্মকাণ্ডের জন্য তিনশ আসনেই তাদের জবাবদিহির মুখে পড়তে হতো বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে পরাজয় নয়, বরং জনগণের বিজয় হিসেবে দেখার কথাও বলেন তিনি।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, শেখ হাসিনা ভারতে বন্দী বা কারাগারে নেই। ফলে তাঁর ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি কীভাবে কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া এবং এরপর আইনি প্রক্রিয়ায় বিষয়টি মোকাবিলার পক্ষে মত দেন তিনি।
অন্যদিকে গণফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক মিজানুর রহমান জানান, তাঁরা জাতীয় ঐক্যের উদ্যোগে থাকবেন না; বিরোধী দলে থেকে সরকারের সমালোচনা চালিয়ে যাবেন।
সভায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর রহমান চৌধুরী দিপু ও দেলোয়ার হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ারসহ দলের নেতারা বক্তব্য দেন। সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কবির হাসান।












