বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ পরিকল্পনায় এবার যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ। এ লক্ষ্যে বুধবার ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটি।
চুক্তি সই উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাসের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।
১০টি এয়ারবাস কেনার চুক্তি সইকে বিমানের বহর সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও আঞ্চলিক রুট পরিচালনার সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকেও ২৫টি উড়োজাহাজ কেনার জন্য চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে এয়ারবাস ও বোয়িং—দুই নির্মাতার উড়োজাহাজ যুক্ত করে বহর আধুনিকায়নের পথে এগোচ্ছে রাষ্ট্রীয় এয়ারলাইনটি।
বহর সম্প্রসারণের এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বিমানের যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানো, নতুন রুট চালু এবং বিদ্যমান আন্তর্জাতিক রুটে সেবার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।












