পৃথিবীর ইতিহাস সংরক্ষণের জন্য মানুষ যুগে যুগে পাথরের স্মৃতিস্তম্ভ, প্রাচীন নগরী, পাণ্ডুলিপি ও জাদুঘরের ওপর নির্ভর করেছে। অথচ প্রকৃতির এমন কিছু নীরব ভাণ্ডার রয়েছে, যেগুলো মানুষের কোনো পরিকল্পনা ছাড়াই হাজার হাজার বছর ধরে অতীতকে আগলে রেখেছে। জলাভূমির পিট বা উদ্ভিদাবশেষ জমে তৈরি হওয়া স্যাঁতসেঁতে মাটির গভীরে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া পরিবেশ, প্রাচীন সভ্যতা এবং মানুষের দৈনন্দিন জীবনের অসংখ্য চিহ্ন। এই জলাভূমি শুধু প্রকৃতির অংশ নয়; পৃথিবীর স্মৃতি রক্ষার এক অনন্য ব্যবস্থা।
তিন দশকেরও বেশি সময় ধরে আমি পৃথিবীর বিভিন্ন পিটভূমি নিয়ে কাজ করছি। কানাডার বিস্তীর্ণ বোরিয়াল বন থেকে আলাস্কার উত্তরাঞ্চল, আবার বোর্নিওর গ্রীষ্মমণ্ডলীয় জলাবন—প্রতিটি জায়গায় প্রকৃতির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কোথাও শ্যাওলায় ঢাকা মাটি পায়ের নিচে কেঁপে ওঠে, কোথাও জল ও উদ্ভিদের মিশ্র শব্দে চারপাশ মুখর থাকে, আবার কোথাও নীরবতার মধ্যে শোনা যায় অসংখ্য ক্ষুদ্র পতঙ্গের গুঞ্জন।
এসব জলাভূমির চেহারা এক নয়। মেরু অঞ্চলে এগুলো বিস্তৃত শৈবাল ও লাইকেনে ঢাকা তুন্দ্রাভূমির মতো দেখায়। কানাডা ও আলাস্কার বনাঞ্চলে লাল, সবুজ ও হলুদাভ শ্যাওলার বিস্তার চোখে পড়ে। নদীর সমতলভূমিতে ঘন ঝোপঝাড় তৈরি হয়, আর গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পিটভূমির ওপর গড়ে ওঠে সুউচ্চ বৃক্ষের বন। কিন্তু এই বৈচিত্র্যের নিচে রয়েছে একটি সাধারণ ভিত্তি—আংশিক পচে যাওয়া উদ্ভিদাবশেষের পুরু স্তর, যা হাজার হাজার বছর ধরে জমে তৈরি হয়েছে।

এই মাটির ওপর দাঁড়ানো সহজ নয়। দেখতে শক্ত মনে হলেও কয়েক পা এগোলেই মানুষ তলিয়ে যেতে পারে নরম পিটের ভেতর। একবার কানাডার দুর্গম জলাভূমিতে গবেষণার সময় প্রবল বাতাস ও অনিশ্চিত ভূমির কারণে আমাদের হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। উড়ন্ত হেলিকপ্টার থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে আমি মুখ থুবড়ে পড়েছিলাম পিটের ওপর। কয়েক ঘণ্টা পর ফিরে যাওয়ার সময় আকাশ থেকে নিচে তাকিয়ে দেখেছিলাম, নরম মাটিতে আমার শরীরের ছাপ রয়ে গেছে।
সম্ভবত সেই ছাপ আজও সেখানে আছে। ঘটনাটি জলাভূমির একটি মৌলিক বৈশিষ্ট্য মনে করিয়ে দেয়—এমন ভূমি অস্থির হলেও স্মৃতি ধরে রাখতে পারে অসাধারণভাবে।
জলাভূমি কেন ইতিহাসের ভাণ্ডার
পিটভূমিতে উদ্ভিদাবশেষ সাধারণত খুব ধীরে পচে। এর পেছনে রয়েছে বিশেষ ধরনের পরিবেশ। পানি জমে থাকা মাটিতে অক্সিজেনের ঘাটতি এবং শ্যাওলা সৃষ্ট অম্লীয় অবস্থা অনেক জৈব পদার্থের স্বাভাবিক পচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ফলে উদ্ভিদের পাতা, কাঠ, বীজ ও অন্যান্য জৈব উপাদান স্তরে স্তরে জমে থাকে। সময়ের সঙ্গে এসব স্তর শুধু কার্বনই আটকে রাখে না, অতীতের পরিবেশ সম্পর্কেও তথ্য সংরক্ষণ করে।
পরাগরেণু, বীজ ও কাঠের নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পারেন, কোনো অঞ্চলে অতীতে কী ধরনের গাছপালা জন্মাত, জলবায়ু কীভাবে বদলেছে এবং ভূদৃশ্যের পরিবর্তন কীভাবে ঘটেছে। এসব প্রমাণের মাধ্যমে এমন পরিবেশের পুনর্গঠন সম্ভব, যা বহু সহস্রাব্দ আগে পৃথিবী থেকে হারিয়ে গেছে।
জলাভূমি মানুষের ইতিহাসও সংরক্ষণ করে। ইউরোপের বিভিন্ন পিটভূমিতে লৌহ যুগের কাঠের পথ, প্রাচীন মানুষের ব্যবহৃত সরঞ্জাম, পশুর চামড়া ও পশম দিয়ে তৈরি পোশাক এবং পাত্রে সংরক্ষিত মাখনের সন্ধান পাওয়া গেছে। দুই হাজার বছরেরও বেশি পুরোনো সংরক্ষিত মানবদেহের পাকস্থলীতে পাওয়া খাদ্যাবশেষ থেকে গবেষকেরা জানতে পেরেছেন, প্রাচীন মানুষ কী খেত এবং তাদের শেষ খাবার কীভাবে প্রস্তুত করা হয়েছিল।
এসব আবিষ্কারকে বিচ্ছিন্ন প্রত্নতাত্ত্বিক বিস্ময় হিসেবে দেখলে ভুল হবে। এগুলো এমন একটি প্রাকৃতিক ব্যবস্থার ফল, যা মানুষের নির্মিত কোনো জাদুঘরের মতো সচেতনভাবে সংগ্রহ করে না, অথচ দীর্ঘ সময় ধরে অতীতের উপাদানগুলোকে সংরক্ষণ করে চলে।

আমরা সাধারণত কোনো বস্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত হওয়ার পর সেটি সংরক্ষণের উদ্যোগ নিই। জলাভূমি ঠিক তার উল্টোভাবে কাজ করে। মানুষের গুরুত্ব উপলব্ধির অনেক আগেই প্রকৃতি সেখানে এমন সব নিদর্শন জমা করে রাখে, যেগুলোর মূল্য হয়তো কয়েক শতাব্দী বা কয়েক হাজার বছর পর বোঝা সম্ভব হবে।
কার্বন সংরক্ষণ থেকে জলবায়ু সুরক্ষা
পিটভূমির গুরুত্ব শুধু প্রত্নতত্ত্বে সীমাবদ্ধ নয়। পৃথিবীর মোট স্থলভাগের তুলনায় এসব জলাভূমি খুব বেশি জায়গা দখল করে না, কিন্তু মাটিতে সঞ্চিত কার্বনের একটি উল্লেখযোগ্য অংশ ধারণ করে রাখে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও এগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
সমস্যা শুরু হয় যখন কৃষিকাজ, বাণিজ্যিকভাবে পিট উত্তোলন, নগর সম্প্রসারণ কিংবা অন্য কোনো উন্নয়নকাজের জন্য জলাভূমি শুকিয়ে ফেলা হয়। পানি সরে গেলে মাটির ভেতরে অক্সিজেন প্রবেশ করে এবং দীর্ঘদিন ধরে জমে থাকা জৈব পদার্থ দ্রুত পচতে শুরু করে। এতে কার্বন ডাই-অক্সাইডসহ গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণতা বাড়াতে ভূমিকা রাখে।
একই সঙ্গে জলাভূমির আর্দ্রতা কমে গেলে সেখানে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনও ঝুঁকিতে পড়ে। যে পরিবেশ হাজার হাজার বছর ধরে কাঠ, বস্ত্র কিংবা অন্যান্য জৈব উপাদানকে পচনের হাত থেকে রক্ষা করেছে, সেই পরিবেশ নষ্ট হলে নিদর্শনগুলোও ধীরে ধীরে হারিয়ে যেতে পারে।
অর্থাৎ, একটি জলাভূমি ধ্বংস হওয়ার অর্থ কেবল একটি প্রাকৃতিক আবাসস্থল হারানো নয়। এর সঙ্গে হারিয়ে যেতে পারে বিপুল পরিমাণে সঞ্চিত কার্বন এবং এমন ঐতিহাসিক তথ্য, যা এখনো আবিষ্কৃত হয়নি।
সংরক্ষণের সীমাবদ্ধতা ও মানুষের দায়

বিশ্বের মাত্র ১৭ শতাংশ পিটভূমি সংরক্ষিত এলাকার অন্তর্ভুক্ত। ফলে বিপুল অংশ কৃষি সম্প্রসারণ, পিট উত্তোলন, ভয়াবহ অগ্নিকাণ্ড এবং নগর উন্নয়নের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
জলাভূমিতে পাওয়া কোনো একটি নিদর্শন বিশেষ যত্নে খনন করে উদ্ধার করা সম্ভব হতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এসব নিদর্শন আবিষ্কৃত হয় জলাভূমি শুকিয়ে ফেলা বা পিট উত্তোলনের সময়। ততক্ষণে সেই বস্তু সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরিবেশ ইতিমধ্যে ধ্বংসের মুখে পড়ে।
এখানেই সংরক্ষণের একটি মৌলিক প্রশ্ন সামনে আসে। আমরা কি শুধু দৃশ্যমান ও পরিচিত নিদর্শনগুলো রক্ষা করব, নাকি সেগুলোকে ধারণ করে রাখা সম্পূর্ণ প্রাকৃতিক ব্যবস্থাকেও সুরক্ষিত রাখব?
জলাভূমির গভীরে কী কী রয়েছে, তার সবকিছু আমরা জানি না। ভবিষ্যতের কোনো গবেষক হয়তো সেখানে এমন একটি কাঠের সরঞ্জাম, উদ্ভিদের নমুনা কিংবা মানুষের ব্যবহৃত কোনো বস্তু খুঁজে পাবেন, যা অতীত সম্পর্কে আমাদের ধারণা বদলে দিতে পারে। এখনো আবিষ্কৃত হয়নি বলেই সেই উপাদানগুলোর গুরুত্ব কম নয়।
জলাভূমি আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু মানুষের লেখা দলিল কিংবা দৃশ্যমান স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীর মাটিতেও ইতিহাস জমা থাকে—কখনো গাছের পরাগরেণুতে, কখনো পচে যাওয়া কাঠের স্তরে, কখনো হাজার বছরের পুরোনো কোনো খাবারের অবশেষে।
এই নীরব সংগ্রহশালাকে রক্ষা করার দায়িত্ব তাই শুধু পরিবেশবিদ বা প্রত্নতাত্ত্বিকদের নয়। এটি জলবায়ু সুরক্ষা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং মানবসভ্যতার অতীতকে জানার সঙ্গে সম্পর্কিত বৃহত্তর দায়িত্ব। যে প্রকৃতি আমাদের অজান্তেই অতীতকে আগলে রেখেছে, তার সেই ক্ষমতা টিকিয়ে রাখতে হলে জলাভূমিকে কেবল অব্যবহৃত জমি হিসেবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
আমরা যা ইতিমধ্যে আবিষ্কার করেছি, তার মূল্য বুঝতে পারি। কিন্তু জলাভূমির সবচেয়ে বড় সম্পদ হয়তো সেই ইতিহাস, যা এখনো আমাদের অজানা। আর সেটি রক্ষার একমাত্র কার্যকর উপায় হলো জলাভূমিকে তার নিজস্ব পরিবেশসহ বাঁচিয়ে রাখা।












