তোমার তো বাড়ি থাকার কথা নয়
তুমি এখনো কেন বাড়ি আছো—
জানো আজ পদ্মা পাড়ে কত মাটি খসে গেছে
আবার ঠিক তার ওপারে জলের তলে
জমেছে কত বালি!
তুমি কিছুই হিসাব রাখোনি—
দিব্যি বাড়ি বসে আছো—
যেন বাড়িতেই তোমার গোটা পৃথিবী।
আহ! কী ফিক করে হেসে দিলে—
বললে, টেলিভিশনে
ইরান-আমেরিকার যুদ্ধ দেখেছি।
আসলে সাগর ভুলতে ভুলতে
তুমি এখন নদীও ভুলে গেছো—
ঠিক অন্ধ গন্ধ গোকুলের মতো
তুমি শুঁকে শুঁকে নাককেই করেছো
সর্বস্ব, চোখে তুমি কিছুই দেখো না।
বিমানের গর্জন আর বোমাই যদি যুদ্ধ হতো
তুমি তো তাহলে নিজেই হয়ে যেতে ক্ষেপণাস্ত্র!
কী বলছো, আমি বাড়ি ফিরব! বসে থাকব!
তোমারই মতো ঘাড় গুঁজব!
তুমি যা ভাবোই ভাবো—
তবে জেনে রেখো, আজ না হোক, কাল না হোক, কোনো এক রাতে
ঠিকই উঠবে পদ্মাপাড়ে ভীষণ তুফান—
সেই তুফানে দেব ঝাঁপ, খেলব মরণদোলায়।
তুমি কি জানো না আমার জন্ম
পদ্মাপাড়ের নদীর চড়ায়।
তুফান বহে আমার রক্তধারায়।
স্বদেশ রায়ের আরও লেখা
বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ার মূল কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা
একাত্তরে দুর্গা নয়, ইন্দিরা গান্ধী; কারাগারে চিম্ময় ও গাঁয়ের মেয়ে দুর্গা
জিএম কাদেরের বাসা আক্রমণ করার আগে তো আইএমএফের সদর দপ্তর আক্রমণ করতে হয়
সাংবাদিক আমীর খসরু: ভালোবাসাই প্রাপ্য, রাজনৈতিক তকমা নয়











