গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি কার্টন কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের ঢাকা কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কারখানার ভেতরে বিপুল পরিমাণ খালি কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।












