শীতের আগমনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জলাশয়গুলোতে পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে। এসব পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং নির্বিঘ্নে বিচরণে সহায়তা করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পাখিদের বিরক্ত না করতে ক্যাম্পাসের জলাশয় ও আশপাশের এলাকায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীত মৌসুমকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। পাখিদের উপযোগী পরিবেশ তৈরি এবং তাদের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে জলাশয়গুলো প্রস্তুত করেছে।
পাখিদের স্বাভাবিক চলাফেরা ও বিশ্রামে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পাখি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে প্রশাসন।
নির্দেশনা অনুযায়ী, জলাশয়ের পাড়ে যানবাহন পার্কিং করা যাবে না। জলাশয়ে মাছ ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া কিংবা আশপাশে উচ্চ শব্দ সৃষ্টি করাও নিষিদ্ধ করা হয়েছে। এসব কর্মকাণ্ডে পাখিরা ভয় পেয়ে তাদের আবাসস্থল ছেড়ে চলে যেতে পারে বলে পাখিদের বিরক্ত না করার ওপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া পাখিদের ভয় দেখানো এবং জলাশয়ে প্লাস্টিকের বোতল বা পলিথিন ফেলা থেকেও সবাইকে বিরত থাকতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শীতের অতিথি পাখিদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। পাখিদের অবাধ বিচরণ নিশ্চিত করা এবং জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে।












