সাতক্ষীরার সদর উপজেলায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় নাছিমন বিবি (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমন বিবি উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসন আলীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে নাছিমন বিবি ছয়ঘরিয়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।












