যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির কাছে বিসকেইন উপসাগরে তিনজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) দুপুরের কিছুক্ষণ আগে এ দুর্ঘটনা ঘটে।
মিয়ামি-ডেড শেরিফের কার্যালয় জানিয়েছে, কি বিসকেইন এলাকার উপকূলে বিল ব্যাগস কেপ ফ্লোরিডা স্টেট পার্কের কাছে হেলিকপ্টারটি উপসাগরে পড়ে যায়।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় রবিনসন আর৪৪ টু মডেলের হেলিকপ্টারটি আকাশ থেকে ছবি তোলার কাজে নিয়োজিত ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে মিয়ামি শহর ও মিয়ামি-ডেড কাউন্টির দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে হেলিকপ্টারের তিন আরোহীর অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ এবং এতে আরোহীদের কী পরিণতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।












