জামালপুরের মাদারগঞ্জে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে কাঁচা মরিচের আবাদ হলেও ভরা মৌসুমে দাম পাচ্ছেন না কৃষকেরা। প্রতি কেজি মরিচ ১৫ থেকে ১৭ টাকা দরে বিক্রি করতে হচ্ছে তাঁদের। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসানের আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। অথচ স্থানীয় বাজারে একই মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায়। রাজধানীসহ দেশের বিভিন্ন বড় আড়তে দাম উঠছে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার সবচেয়ে বড় কাঁচা মরিচের বাজার গাবেরগ্রাম হাটে প্রতি মণ মরিচ বিক্রি হয়েছে মাত্র ৬০০ টাকায়। অর্থাৎ প্রতি কেজির দাম পড়েছে ১৫ টাকা। কৃষকদের অভিযোগ, মাঠপর্যায়ে এত কম দামে মরিচ বিক্রি হলেও ভোক্তাদের কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে।
উৎপাদন খরচ বাড়লেও মিলছে না ন্যায্য দাম
বালিজুড়ি ইউনিয়নের চর শুভগাছা গ্রামের কৃষক শিপন জানান, সার, কীটনাশক ও সেচের খরচ বেড়ে যাওয়ায় এবার প্রতি বিঘা জমিতে মরিচ চাষ করতে ৪৫ থেকে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। কিন্তু বর্তমান বাজারদরে মরিচ বিক্রি করে সেই খরচ তোলাও সম্ভব হচ্ছে না।
একই গ্রামের কৃষক রাসেল খান বলেন, ক্ষেত থেকে মরিচ তোলা শুরু করার পর প্রথম দিকে ভালো দাম পাওয়া গেলেও এখন পাইকারি বাজারে দাম অনেক কমে গেছে। গাবেরগ্রাম হাটে প্রতি কেজি ১৫ টাকা দরে মরিচ বিক্রি করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষকদের বড় ধরনের লোকসান হবে।
জোড়খালী ইউনিয়নের কৃষক আব্দুল খালেক তিন বিঘা জমিতে পলিমালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল ময়নামতি জাতের মরিচ চাষ করেছেন। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার জমি চাষ, সেচ, বীজ, সার, কীটনাশক, পরিবহন ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই খরচ বেড়েছে। সার সংগ্রহেও বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে। এখন বাজারে ভালো দাম না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি আবাদ
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মাদারগঞ্জে ৭৫০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ইতিমধ্যে আবাদ হয়েছে ১ হাজার ৫০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি জমিতে মরিচ চাষ করেছেন কৃষকেরা।
এর মধ্যে আগাম মরিচের আবাদ হয়েছে ৩০০ হেক্টর জমিতে। পলিমালচিং পদ্ধতিতে চাষ হয়েছে আরও ২৫ হেক্টর জমিতে। ময়নামতি, গ্রিন সুপার, নাগা ফায়ার, বিজলি, গ্রিন স্টার, সুপার ও প্রিমিয়ামসহ বিভিন্ন উন্নত জাতের মরিচ চাষ করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান জানান, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়ায় এবার মাদারগঞ্জে কাঁচা মরিচের উৎপাদন ৪২ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মরিচ সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, মরিচ চাষে কৃষকদের উৎসাহিত করতে দুই শতাধিক কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি পলিমালচিং পদ্ধতিতে চাষ বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।











