খুলনা মহানগরীর খালিশপুরে অন্য এক মেয়ের সঙ্গে যোগাযোগ রাখাকে কেন্দ্র করে বিরোধের জেরে অনিক হাসনাত মুন্না (১৯) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে খালিশপুরের আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অনিক খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়।
প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ
পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অনিকের সঙ্গে একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের এক ছাত্রীর (১৮) প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়েতে অনিকের অস্বীকৃতি এবং অন্য এক মেয়ের সঙ্গে তার যোগাযোগ রাখাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তাদের দেখা হলে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ছাত্রী অনিকের পেটে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।
আইনি অভিযোগ করবেন না আহত শিক্ষার্থী
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান। তিনি জানান, অন্য এক মেয়ের সঙ্গে কথা বলা নিয়ে ভুল বোঝাবুঝির জেরে সকালে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ওসি আরও জানান, ঘটনার পর দুপুরে আহত অনিক নিজেই থানায় গিয়ে ওই তরুণীর বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ করবেন না বলে জানিয়েছেন। বিষয়টি নিজেদের মধ্যে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে সমাধান করবেন বলে পুলিশকে অবহিত করেছেন তিনি।











