রাজধানীর বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ২৫ বছরের জন্য একটি কবর সংরক্ষণ করতে গুনতে হবে দেড় কোটি টাকা। আর ১৫ বছরের জন্য কবর সংরক্ষণের ফি নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। তবে কবরস্থানের সাধারণ অংশে মাত্র ৫০০ টাকায় কবর দেওয়ার সুযোগ রয়েছে। সেখানে কবর সংরক্ষণ করা হবে দুই বছর।
উচ্চ ফি নির্ধারণের কারণ হিসেবে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান জানিয়েছেন, ঢাকা শহরের ধনী-গরিব সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করা এবং দীর্ঘদিন কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়। স্থানীয় সরকারমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে উত্তর দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।
সাধারণ কবরের ফি ৫০০ টাকা
সংসদে জানানো হয়, বনানী কবরস্থানের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় সাধারণভাবে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। এসব কবরের জন্য ফি মাত্র ৫০০ টাকা। সাধারণ কবর দুই বছর পর্যন্ত সংরক্ষিত থাকে। অন্যদিকে সংরক্ষিত এলাকায় দীর্ঘমেয়াদি কবরের জন্য এক কোটি থেকে দেড় কোটি টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সরকারের ২৭ হাজার ৮৫৯ কোটি টাকার ব্যয়ে গুরুতর অনিয়ম
সংসদে স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের ব্যয়ে বড় ধরনের অনিয়মের তথ্যও তুলে ধরেন মন্ত্রী।
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকারের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল।
কমিটি দৈবচয়নের ভিত্তিতে ৬৬টি কার্যক্রম পর্যালোচনা করে সরকারি অর্থ ব্যয়ে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার গুরুতর অনিয়মের তথ্য পেয়েছে। বিষয়টি আরও তদন্তের জন্য প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।
প্রশাসক নিয়োগে জেলা পরিষদের কার্যক্রমে গতি
জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের ফলে কার্যক্রমে গতিশীলতা এসেছে।
তাঁর মতে, আইনি জটিলতা দূর হওয়ায় পরিষদগুলোর সম্পদের অপচয় ও আর্থিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রেখেছে এই ব্যবস্থা। পাশাপাশি দৈনন্দিন প্রশাসনিক কাজ, নথি প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আগের স্থবিরতা কেটেছে।
আড়াই লাখের বেশি পরিবার এসেছে দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে গত তিন বছরে ২ লাখ ৫০ হাজার ৮০৯টি পরিবারকে বিভিন্ন কর্মসূচির আওতায় আনা হয়েছে।
আর্সেনিকমুক্ত পানি সরবরাহে সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সব উপজেলায় আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে ৩ হাজার ৫৪৪ কোটি ৭১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ের একটি প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে।
গুলশান-বনানী-বারিধারায় ৪ হাজার ৪০৯ ভবন পরিদর্শন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে জানানো হয়, গুলশান লেকসংলগ্ন বনানী, গুলশান ও বারিধারা এলাকার ৪ হাজার ৪০৯টি ভবন পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনে যেসব ভবনে সেপটিক ট্যাংক নেই, ট্যাংক অকার্যকর অথবা পয়োবর্জ্যের লাইন সরাসরি ড্রেনের সঙ্গে যুক্ত রয়েছে, সেসব ভবনের মালিকদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করা হয়েছে।











