পাবনার চাটমোহর উপজেলায় সার বিতরণে দেরি ও অনিয়মের অভিযোগে এক সার ডিলারের গোডাউন ও দোকানে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ কৃষকরা। এ সময় গোডাউনে থাকা ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। পরে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সার বিতরণে দেরি নিয়ে উত্তেজনা
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রবীর কুমার পাল। এ সময় সার পেতে দেরি হওয়া এবং লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ ব্যক্তিরা ডিলারের টিনশেড ঘরে ভাঙচুর চালান। পরে সেখান থেকে মজুত করা সার নিয়ে যান। এতে সার বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
হিসাব মিলিয়ে ৬১১ বস্তা সার নিখোঁজ
ঘটনার পর গোডাউনের মজুত ও বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, সেখানে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছিল। বর্তমানে গোডাউনে রয়েছে ৪০০ বস্তা। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে হিসাব পাওয়া গেছে।
উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, ডিলার প্রবীর কুমার ইউনিয়নের কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু করেছিলেন। ১৭১টি স্লিপ দেওয়ার পর অপেক্ষমাণ কৃষকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে গোডাউন ভাঙচুর করে সার নিয়ে যাওয়া হয়। লুট হওয়া সারের মধ্যে ইউরিয়া, টিএসপি ও অন্যান্য সার রয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যান। তাঁদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











