মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সংঘাতের আলোচনায় প্রায়ই উঠে আসে একটি জাতির নাম—কুর্দি। কয়েক কোটি মানুষের এই জনগোষ্ঠীর নিজস্ব রাষ্ট্র নেই, অথচ ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক আন্দোলনের দিক থেকে তারা মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠী। বহু দশক ধরে স্বাধীনতা, স্বায়ত্তশাসন এবং অধিকারের দাবিতে লড়াই করে যাচ্ছে তারা।
কারা এই কুর্দি
কুর্দিরা মূলত মধ্যপ্রাচ্যের একটি জাতিগত জনগোষ্ঠী। ধারণা করা হয়, বিশ্বজুড়ে তাদের সংখ্যা প্রায় আড়াই কোটি থেকে সাড়ে চার কোটি মানুষের মধ্যে। তাদের অধিকাংশ বাস করে ইরান, তুরস্ক, ইরাক ও সিরিয়ার পার্বত্য অঞ্চলজুড়ে বিস্তৃত এলাকায়। এছাড়া আর্মেনিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে কুর্দি জনগোষ্ঠী।
কিন্তু তাদের নিজস্ব রাষ্ট্র না থাকায় সঠিক জনসংখ্যার সরকারি হিসাব পাওয়া যায় না। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এই জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই নিজেদের অধিকার ও রাজনৈতিক স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

প্রথম বিশ্বযুদ্ধের পর ভাগ হয়ে যায় কুর্দিরা
প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের সময় পশ্চিমা শক্তিগুলো একটি কুর্দি রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেছিল। কিন্তু তুরস্কের স্বাধীনতা যুদ্ধের পর নতুন তুর্কি সরকার আনাতোলিয়া অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
ফলে কুর্দিরা তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার সীমান্তে ভাগ হয়ে যায়। এর পর থেকেই বিভিন্ন দেশে বসবাসকারী কুর্দিরা নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন ও বিদ্রোহ শুরু করে, যা কয়েক দশক ধরে চলমান।
তুরস্কে সবচেয়ে বড় কুর্দি জনগোষ্ঠী
ধারণা করা হয়, কুর্দিদের প্রায় অর্ধেকই বাস করে তুরস্কে। সেখানে তারা দেশের সবচেয়ে বড় জাতিগত সংখ্যালঘু।
তুরস্কে বহু বছর ধরে কুর্দি বিদ্রোহ এবং রাজনৈতিক সংঘাত চলছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি নামে একটি সংগঠন স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র আন্দোলন শুরু করে। ১৯৮০–এর দশক থেকে শুরু হওয়া এই সংঘাতে কয়েক দশকে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

ইরাকে আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল
ইরাকে কুর্দিরা মোট জনসংখ্যার প্রায় ১৫ থেকে ২০ শতাংশ। তারা মূলত কুর্দিস্তান নামে পরিচিত একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চলে বাস করে, যার প্রশাসন পরিচালনা করে আঞ্চলিক সরকার।
২০১৭ সালে ওই অঞ্চলে স্বাধীনতার প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠিত হয়। সেখানে অধিকাংশ মানুষ স্বাধীনতার পক্ষে মত দিলেও ইরাক সরকার সেটিকে অবৈধ ঘোষণা করে এবং তা কার্যকর হয়নি।
সিরিয়া ও ইরানে কুর্দিদের বাস্তবতা
সিরিয়ায় কুর্দিরা মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোতে উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে ইরানে কুর্দিরা মোট জনসংখ্যার প্রায় ৮ থেকে ১৭ শতাংশ বলে ধারণা করা হয়। দেশটির পশ্চিমাঞ্চলে বসবাসকারী কুর্দিরা দীর্ঘদিন ধরে বেশি রাজনৈতিক অধিকার এবং স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে।
১৯৪৬ সালে ইরানের মাহাবাদ অঞ্চলে স্বল্প সময়ের জন্য একটি কুর্দি রাষ্ট্র গঠিত হয়েছিল। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে তা ভেঙে দেয় তৎকালীন সরকার।

দীর্ঘদিনের মানবাধিকার অভিযোগ
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্য ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
কুর্দি ভাষা শিক্ষায় সীমাবদ্ধতা, সরকারি নথিতে কুর্দি নাম নিবন্ধনে বাধা এবং রাজনৈতিক কর্মীদের আটক করার মতো ঘটনা নিয়ে বহুবার সমালোচনা হয়েছে।
আন্তর্জাতিক রাজনীতি ও কুর্দিদের ভূমিকা
মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে কুর্দিরা কখনও আঞ্চলিক শক্তির সহযোগী, আবার কখনও রাজনৈতিক সমীকরণের কারণে একা হয়ে পড়েছে।
উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ের সময় কুর্দি বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পরবর্তী সময়ে আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, কুর্দিদের স্বায়ত্তশাসিত বা স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনা এখনও অনিশ্চিত। কারণ অঞ্চলটির জটিল ভূরাজনীতি এবং বিভিন্ন দেশের স্বার্থ এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
কুর্দিদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
বিশেষজ্ঞরা মনে করেন, কুর্দি জনগোষ্ঠীর রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক শক্তির সমীকরণের ওপর।
দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রাম থাকা সত্ত্বেও নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি কুর্দিদের।
সারাক্ষণ রিপোর্ট 



















